চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর এগিয়ে নিতে গবেষণা ও সংলাপের আহ্বান ঢাকা ফোরামে
চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর এগিয়ে নেওয়ার জন্য গবেষণা, নীতিগত সংলাপ ও সম্ভাব্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ-চীন সম্পর্কবিষয়ক ‘২০২৬ ঢাকা ফোরাম’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসমাইল জবিউল্লাহ বলেন, এই করিডরকে শুধু একটি অবকাঠামো প্রকল্প হিসেবে না দেখে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে অর্থনৈতিক একীভূতকরণ ও কার্যকর সহযোগিতার বৃহত্তর কাঠামো হিসেবে বিবেচনা করা উচিত। তিনি বলেন, ‘গত জুনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর গড়ে তোলার যে আহ্বান জানিয়েছেন, তা বিষয়টিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।’
তিনি বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এ ক্ষেত্রে বিশেষ সুবিধা তৈরি করেছে। তবে করিডর বাস্তবায়নের সম্ভাবনা বিবেচনায় রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট সব পক্ষের অর্থনৈতিক স্বার্থ সতর্কতার সঙ্গে মূল্যায়ন করতে হবে। এ জন্য তিনি ত্রিদেশীয় সংলাপের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম সমতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্ব গড়ে উঠেছে এবং বর্তমানে এই সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রতিরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর প্রত্যাবাসনের নতুন পথ উন্মোচিত হয়েছে এবং এ ক্ষেত্রে চীনও ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, চীনের সঙ্গে শুধু বাণিজ্য বাড়ানো নয়, যৌথ উৎপাদনের ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত; যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর ও উৎপাদন খাতে আরও বেশি চীনা বিনিয়োগকে বাংলাদেশ উৎসাহিত করতে চায়।
বন্দর ও নৌ-পরিবহন সংযোগ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ব্যাপকভাবে সমুদ্রবন্দরনির্ভর এবং বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে দেশের কৌশলগত অবস্থান রয়েছে। এই অবস্থান কাজে লাগাতে বন্দরগুলোকে শুধু পণ্য ওঠানামার কেন্দ্র হিসেবে না রেখে সমন্বিত অর্থনৈতিক ও লজিস্টিকস হাবে পরিণত করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মতো উদ্যোগের পরিপূরক হিসেবে বাংলাদেশে আরেকটি বড় বন্দর অবকাঠামো প্রকল্প উন্নয়নের বিষয়টি চীন বিবেচনা করতে পারে। চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানিয়ে তিনি ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার, ব্যাটারি ও শিল্প যন্ত্রপাতি উৎপাদনে সম্ভাবনার কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান এবং বিশেষ বক্তব্য দেন সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো ড. লিউ জংই।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। বাংলাদেশে চীনা দূতাবাস ও সেন্টার ফর চায়না স্টাডিজের সহযোগিতায় বিআইআইএসএস এবং বাংলাদেশ-চায়না রিসার্চ সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্নেন্স যৌথভাবে এই ফোরামের আয়োজন করে।




