পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো: গ্রেডভেদে বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ, সর্বনিম্ন ১৭ হাজার টাকা
তৈরি পোশাক শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে, যেখানে গ্রেডভেদে মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত। সর্বনিম্ন গ্রেডে মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা, যা আগে ছিল ১২ হাজার ৫০০ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন এসব তথ্য জানান। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মাহ্দী আমিন বলেন, ২০২৩ সালের সর্বশেষ বেতন বৃদ্ধির পর মাত্র তিন বছরের মধ্যে গ্রেডভেদে এই বৃদ্ধি শ্রমিকদের আয়, জীবনমান ও আর্থসামাজিক নিরাপত্তা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি বলেন, বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকরা তাঁদের প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন, ফলে মাস শেষে মোট আয় আরও বাড়বে।
নতুন কাঠামো অনুযায়ী গ্রেড-১-এর অধীনে সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে এই গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা; ফলে বেড়েছে ৪৩ শতাংশ।
গ্রেড-২-এর অধীনে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার ও সিনিয়র কাফ মেকারদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আগে এই মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা; অর্থাৎ বেড়েছে ৪০ দশমিক ১১ শতাংশ।
গ্রেড-৩-এর অধীনে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে এই গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা; ফলে বেড়েছে ৪১ দশমিক ৭০ শতাংশ।
সর্বনিম্ন গ্রেড-৪-এর অধীনে হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। আগে এই গ্রেডের মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা; ফলে বেড়েছে ৩৬ শতাংশ।
মাহ্দী আমিন লেখেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সাফল্যের পেছনে রয়েছে শ্রমিকদের পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা এবং তাঁদের তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা ও মর্যাদার প্রতীক। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, নৈতিক ও সমন্বিত দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, এই দায়িত্ববোধ থেকেই তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে বলে তিনি জানান।
মাহ্দী আমিন বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং একই সঙ্গে শ্রমিকের কল্যাণ ও শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্পখাতই দীর্ঘমেয়াদে কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও সুযোগ নিশ্চিত করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
নতুন মজুরি কাঠামোর জন্য মজুরি বোর্ড, শ্রমিক পক্ষ ও মালিক পক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি শ্রমিক-মালিকদের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখার এবং কোনো অপপ্রচার বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।


