আইওয়ায় ১০ হাজার পাউন্ড বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী, এলাকাজুড়ে উদ্বেগ
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইওয়ায় সীসাসমৃদ্ধ বিস্ফোরকের একটি বড় মজুত নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেছে মার্কিন সেনাবাহিনী। বিষাক্ত ধুলা ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে পরিবেশগত ও স্বাস্থ্যঝুঁকির প্রশ্নে একটি সংক্ষিপ্ত আইনি লড়াইয়ের পর এই বিস্ফোরণ ঘটানো হয়।
আইওয়া আর্মি অ্যামিউনিশন প্ল্যান্টে বুধবার সকাল ৯টার দিকে (জিএমটি ১৫:০০) পরপর দুটি খোলা আকাশের নিচে বিস্ফোরণে প্রায় ৪ হাজার ৫০০ কেজি (১০ হাজার পাউন্ড) লেড অ্যাজাইড ধ্বংস করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে সামরিক গোলাবারুদে ব্যবহৃত হয়ে আসা এই উপাদানটি অত্যন্ত অস্থিতিশীল ও সীসাভিত্তিক বিস্ফোরক।
পরিবেশবাদী গোষ্ঠীগুলো উদ্বেগ প্রকাশ করেছে যে, বিস্ফোরণে নির্গত কণা বিস্ফোরণস্থলের বাইরে বহুদূরের বাড়িঘর, ফসল ও গবাদিপশুর ওপর গিয়ে পড়তে পারে এবং ১৬০ কিলোমিটারেরও (১০০ মাইল) বেশি দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে।
বিস্ফোরণের আগে বিদায়ী রিপাবলিকান গভর্নর কিম রেনল্ডস দক্ষিণ-পূর্ব আইওয়ার তিনটি কাউন্টি—ডেস মইনস, লি ও ভ্যান বুরেন—জুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করেন। এতে অঙ্গরাজ্য ও কাউন্টি পর্যায়ের জরুরি সাড়াদান পরিকল্পনা সক্রিয় হয়।
নিয়ন্ত্রিত বিস্ফোরণের কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সহকারী সচিব জর্ডান গিলিস এক্সে প্রকাশিত এক ভিডিওতে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দেন। তিনি বলেন, 'আমাদের সামনে পছন্দ ছিল—বিপজ্জনক উপাদানের স্বতঃস্ফূর্ত, অনিয়ন্ত্রিত বিস্ফোরণ, অথবা নিয়ন্ত্রিত বিস্ফোরণ, যেখানে আমরা সময় ও স্থান বেছে নিয়ে পরিস্থিতি সর্বোত্তম রাখতে পারি—শুধু আমাদের অভিযানের জন্য নয়, জননিরাপত্তার জন্যও সেরা ফল পেতে।'
মঙ্গলবার সেনাবাহিনীর প্রকাশিত সংশোধিত বাতাসের গতিপ্রকৃতির পূর্বাভাসে দেখা যায়, বাতাসে ভাসমান সীসার কণা দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর-পূর্ব মিসৌরিতে সরে যাবে। এরপর সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা প্ল্যান্টের দক্ষিণ-পশ্চিমে ৮ থেকে ৩২ কিলোমিটার (৫ থেকে ২০ মাইল) এলাকার বাসিন্দাদের 'সব ঠিক আছে' ঘোষণা না আসা পর্যন্ত জানালা-দরজা বন্ধ রেখে ঘরের ভেতরে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।
বিস্ফোরণের প্রভাব পড়বে ডেস মইনস কাউন্টিজুড়ে, যার অন্তর্ভুক্ত বার্লিংটন শহর ও গোলাবারুদ কারখানার ঠিক পাশের গ্রামীণ জনপদ মিডলটাউন। প্রায় ৩৮ হাজার বাসিন্দার এই কাউন্টিতে ২০২৪ সালে ৩৮ শতাংশ পরিবার ছিল এএলআইসিই (সম্পদ সীমিত, আয় সীমাবদ্ধ, কর্মরত) সীমার নিচে—জাতীয় গবেষণা উদ্যোগ ইউনাইটেড ফর এএলআইসিইর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী।
বার্লিংটন হোমলেসনেস টাস্ক ফোর্সের চেয়ারওম্যান মেগান ব্রিংকস আল জাজিরাকে বলেন, 'জাতীয় মনোযোগ বা বিনিয়োগের যোগ্য হতে হলে আমাদের পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি হতে হবে—এমনটা হওয়া উচিত নয়।' গোলাবারুদ কারখানার রসায়ন গবেষণাগারে আগে কাজ করা বার্লিংটনের এই বাসিন্দা জোর দিয়ে বলেন, সেনাবাহিনীর ঘরে থাকার নির্দেশ সমাজ চালিয়ে রাখা মানুষদের দৈনন্দিন দায়িত্ব থামিয়ে দিতে পারে না। তিনি বলেন, 'আমাদের খাদ্য-নিরাপত্তাহীন পরিবারগুলোর আগামীকালও খাবার লাগবে। গৃহহীনদের আশ্রয় লাগবে। চিকিৎসার অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার জন্য মানুষের যাতায়াত লাগবে। দুর্ভাগ্যবশত, আমাদের বাড়ির পেছনে এটা ঘটছে বলে পৃথিবী ঘোরা থামিয়ে দেয় না।'
বিস্ফোরণ ঘটে দক্ষিণ-পূর্ব আইওয়ার সবচেয়ে বেশি চাষাবাদ হওয়া এলাকাগুলোর একটিতে; কৃষি উৎপাদনের মূল্যে আইওয়া ক্যালিফোর্নিয়ার পরেই দ্বিতীয়। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) অনুযায়ী, আইওয়া ভুট্টা ও সয়াবিনের শীর্ষ উৎপাদকদের একটি এবং বাণিজ্যিক লাল মাংস ও ডিম উৎপাদনে দেশে প্রথম। ডেস মইনস কাউন্টিতে প্রায় ৬৪৮টি খামার ছড়িয়ে আছে প্রায় ৬০ হাজার ৩০০ হেক্টর (১ লাখ ৪৯ হাজার একর) জমিতে, যার মধ্যে ফসলি জমি ৪৯ হাজার ৭৭৫ হেক্টরেরও (১ লাখ ২৩ হাজার একর) বেশি।
মঙ্গলবার ইউএসডিএর আন্ডার সেক্রেটারি রিচার্ড ফোর্ডাইস বলেন, সংস্থাটি ও আইওয়া কৃষি ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের হিসাব অনুযায়ী আইওয়া ও মিসৌরির প্রায় ৩৫০টি খামার পূর্বাভাসিত ধোঁয়ার স্তম্ভের এলাকার মধ্যে পড়তে পারে। এতে মাটি ও ভূগর্ভস্থ পানিতে সীসা মিশে ফসল ও গবাদিপশু ক্ষতিগ্রস্ত হওয়ার এবং দেশের খাদ্য সরবরাহের গুরুত্বপূর্ণ অংশ জোগান দেওয়া কৃষকদের জীবিকা বিপন্ন হওয়ার আশঙ্কা বেড়েছে।
ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইনের প্রতিরোধমূলক চিকিৎসা ও জনস্বাস্থ্যের সহযোগী অধ্যাপক উইল স্যান্ডার বলেন, আইওয়ার ভুট্টা ও সয়াবিন ফসলের বড় অংশ ইতিমধ্যে কাটা হয়ে গেছে, ফলে এ মৌসুমের ফসলে তীব্র সংস্পর্শের সম্ভাবনা কম। তবে গবাদিপশু পালনকারীদের যতটা সম্ভব খাদ্য ও পানির জোগান ঢেকে রাখা উচিত, যাতে পশুরা সীসার ধুলা খেয়ে না ফেলে—এমনকি পশুপালকে আশ্রয়ের নিচে আনা সম্ভব না হলেও।




