প্রাণঘাতী সংঘর্ষের পর ওয়াশিংটনের কাছে হেলিকপ্টার প্রশিক্ষণ আবার শুরুর পরিকল্পনায় গুরুতর উদ্বেগ

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের (ডিসিএ) কাছে হেলিকপ্টার প্রশিক্ষণ ফ্লাইট আবার শুরু করার পরিকল্পনা নেওয়ায় বিশেষজ্ঞদের সমালোচনা ও উদ্বেগ বাড়ছে। ২০২৫ সালে আকাশে সংঘর্ষে প্রাণহানির ঘটনার পর এই প্রশিক্ষণ বন্ধ ছিল।
সেনাবাহিনী একটি পরিকল্পনা প্রকাশ করেছে এবং কংগ্রেসের কয়েকজন সদস্যকে জানিয়েছে, পেন্টাগন থেকে মাত্র কয়েক মাইল দূরে ডিসিএর কাছে ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকেই হেলিকপ্টার পরীক্ষামূলক ফ্লাইট আবার শুরু করতে চায় তারা। এর পরপরই প্রতিক্রিয়া আসে।
ভার্জিনিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি ডন বেয়ার এক্সে বলেন, এনটিএসবির নিরাপত্তা সুপারিশগুলো পুরোপুরি বাস্তবায়নের আগেই প্রশিক্ষণ ফ্লাইট আবার শুরুর সিদ্ধান্ত নিয়ে তার ‘গুরুতর উদ্বেগ’ রয়েছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) একজন মুখপাত্র ফক্স নিউজ ডিজিটালকে বলেন, রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের (ডিসিএ) আশপাশে সামরিক হেলিকপ্টার ফ্লাইট আবার শুরু করার কোনো আনুষ্ঠানিক অনুরোধ এফএএ এখনো পায়নি। মুখপাত্র আরও বলেন, ‘এলাকায় কোনো প্রশিক্ষণ আবার শুরু করতে হলে সংস্থাটির অনুমোদন প্রয়োজন।’
২০২৫ সালের জানুয়ারিতে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৫৩৪২-এর সংঘর্ষ হয়। দুটি উড়োজাহাজের সব ৬৭ আরোহী নিহত হন।
এরপর ২০২৫ সালের মে মাসে এফএএ ওই এলাকায় সামরিক হেলিকপ্টার প্রশিক্ষণ ফ্লাইট বন্ধ করে দেয়, যখন আরেকটি ব্ল্যাক হক হেলিকপ্টার ডিসিএর খুব কাছে উড়ে যায় এবং বিমান চলাচল নিয়ন্ত্রকদের কয়েকটি বাণিজ্যিক ফ্লাইটের পথ বদলাতে হয়।
২০২৫ সালের ১৪ মার্চ এক বিবৃতিতে এফএএ বলেছিল, হেইনস পয়েন্ট ও উইলসন ব্রিজের মধ্যে হেলিকপ্টার রুট ৪ স্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে এবং এনটিএসবির সুপারিশ অনুযায়ী বিকল্প হেলিকপ্টার পথ মূল্যায়ন করা হচ্ছে।
বেয়ার সোমবার এক্স পোস্টে লেখেন, সেনাবাহিনী তার কার্যালয়কে জানিয়েছে, প্রশিক্ষণ আবার শুরু করার অনুরোধ নিয়ে তারা এফএএর সঙ্গে যোগাযোগ করেছে এবং এখন উত্তরের অপেক্ষায় আছে। তিনি বলেন, ‘সেনা কর্মকর্তারা আমার কার্যালয়কে আশ্বস্ত করেছেন, এফএএর অনুমোদন ছাড়া কোনো ফ্লাইট চলবে না।’ মঙ্গলবার ফক্স নিউজ ডিজিটাল যোগাযোগ করলে বেয়ারের কার্যালয় নির্দিষ্ট উদ্বেগগুলো বিস্তারিত জানায়নি।
সোমবার পলিটিকোকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা মুখপাত্র বলেন, ‘ফ্লাইট আবার শুরু করার অভিপ্রায় রয়েছে’, এবং স্বীকার করেন, এই পদক্ষেপে এফএএর অনুমোদন লাগবে। যুদ্ধ বিভাগ মঙ্গলবার মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে বিষয়টি সেনাবাহিনীর কাছে পাঠিয়ে দেয়, আর সেনাবাহিনী ফক্স নিউজ ডিজিটালের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
এনটিএসবির চেয়ারওম্যান জেনিফার হোমেন্ডি ফক্স নিউজ ডিজিটালকে বলেন, ‘তদন্ত দলের সদস্যরা ও আমাকে সেনাবাহিনীর পরিকল্পনা সম্পর্কে জানানো হয়েছে—১ ডিসেম্বর থেকেই ডিসিএর কাছে আকাশপথ দিয়ে পেন্টাগনে হেলিকপ্টার ফ্লাইট ফেরার প্রাথমিক ধাপ শুরু হবে।’ তিনি বলেন, ‘আমাদের বোঝাপড়া হলো, এসব ফ্লাইটের জন্য এফএএ এখনো কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি। আমরা সেনাবাহিনীর কার্যপরিকল্পনা দেখিনি; মূল্যায়নের জন্য তা আনুষ্ঠানিকভাবে এফএএর কাছে জমা পড়লে তা পর্যালোচনার অপেক্ষায় আছি।’
ফাউন্ডেশন ফর এভিয়েশন সেফটির (এফএএস) ফ্লাইট সেফটি অফিসার র্যান্ডি ক্ল্যাট বলেন, ডিসিএর কাছে হেলিকপ্টার প্রশিক্ষণ আবার শুরু হলে ‘বড়’ নিরাপত্তা উদ্বেগ তৈরি হতে পারে। মঙ্গলবার ফক্স নিউজ ডিজিটালকে তিনি বলেন, ‘হ্যাঁ, বড় উদ্বেগ আছে, কারণ আকাশে সংঘর্ষের আগে হাজারো দূরত্ব হারানোর ঘটনা ঘটলেও কোনো পক্ষই—এয়ারলাইনস, ডিসিএ, এফএএ বা সেনাবাহিনী—আগাম কোনো পদক্ষেপ নেয়নি। হেলিকপ্টার রুট ৪ যেভাবে তৈরি ছিল, তা ছিল একটি ফাঁদ, তবু বিপর্যয় না ঘটা পর্যন্ত তা নিয়মিত ব্যবহৃত হয়েছে।’
ক্ল্যাট আরও বলেন, ‘এটা জানার পর সেনাবাহিনীর প্রশিক্ষণ ফ্লাইট নিরাপদে এবং এফএএর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে আবার শুরু হবে—এমন আস্থা জন্মায় না।’ তিনি বলেন, হেলিকপ্টার রুট ৪ আবার খোলার কোনো উল্লেখ এখনো নেই, তবে ওই কারণগুলোর জন্যই এফএএস এমন পদক্ষেপের তীব্র বিরোধিতা করবে।




