এমবিবিএসে শীর্ষ দশ মেধাবীকে ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’, প্রথম ঢাকা মেডিকেলের সেমন্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি বছর অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন মেধাবী নবীন চিকিৎসককে স্বীকৃতি জানাতে দ্বিতীয়বারের মতো ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’ আয়োজন করেছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।
মেধাতালিকায় প্রথম হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ডা. সাফিয়া তাসনিম সেমন্তি, প্রাপ্ত নম্বর ১৩৩৭। দ্বিতীয় ঢাকা মেডিকেল কলেজের ডা. ফারিহা রহমান (১৩৩৪) এবং তৃতীয় একই কলেজের ডা. আল ইশরাত জাহান ঈশিতা (১৩০৮)।
চতুর্থ হয়েছেন পটুয়াখালী মেডিকেল কলেজের ডা. ইসরাত নাজিয়া তানিন (১২৯২)। যুগ্মভাবে পঞ্চম হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ডা. সিফাত-ই-সাদিকা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. মো. তৌহিদুল ইসলাম, দুজনেরই প্রাপ্ত নম্বর ১২৯০।
সপ্তম হয়েছেন তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের ডা. নামান মুখিজা (ভারত), প্রাপ্ত নম্বর ১২৮৯। যুগ্মভাবে অষ্টম হয়েছেন পটুয়াখালী মেডিকেল কলেজের ডা. নাহিদ ইসলাম শমী, ঢাকা মেডিকেল কলেজের ডা. মাহমুদুন নবী ইমন ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. আলিফ সানজানা রুমু; তিনজনেরই প্রাপ্ত নম্বর ১২৮৮।
ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে অনুপ্রাণিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সদা মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. নূরুল ইসলাম, হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল, ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল, ডা. আব্দুন নূর তুষার, অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দীপু ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মীর মো. মোতাহার হাসান। বক্তারা আয়োজনটিকে বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় একটি যুগান্তকারী উদ্যোগ বলে উল্লেখ করেন।
হাসপাতালের পক্ষ থেকে শীর্ষ দশ মেধাবী ইন্টার্ন চিকিৎসকের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট, লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ (ইউএসএ) ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। আগত অতিথিদেরও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল জানিয়েছে, চিকিৎসা শিক্ষায় অর্জন ও মেধা আরও বিকশিত করতে এই আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শান্তা জাহান এবং সমন্বয় করেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সিএফ জামান।



