আইসিইউতে ৯৩ শতাংশ জীবাণুই একাধিক অ্যান্টিবায়োটিকে প্রতিরোধী, আইইডিসিআরের প্রতিবেদন
ঢাকা: প্রচলিত ও বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ক্রমেই কমছে। বিশেষ করে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় কার্যকর অ্যান্টিবায়োটিকের বিকল্প সংকুচিত হয়ে আসছে। দেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে বিশেষজ্ঞরা উদ্বেগ জানিয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) অডিটরিয়ামে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সার্ভেইল্যান্স’ প্রতিবেদনের প্রকাশিত ফলাফলে এমন চিত্র উঠে এসেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকী।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের আটটি বিভাগ থেকে ৯৯ হাজার ৮৬৭টি নমুনা বিশ্লেষণ করা হয়েছে। এসব নমুনা থেকে ৮৫ হাজার ৫২০টি কালচার-পজিটিভ আইসোলেট পাওয়া যায়। শনাক্ত জীবাণুর প্রায় ৭৮ শতাংশই গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৪টি অ্যান্টিবায়োটিকের সম্মিলিত কার্যকারিতা বিশ্লেষণে ১ হাজার ১১৮টি জীবাণু-অ্যান্টিবায়োটিক ফলাফলের মধ্যে ৭৯৫টিতে (৭১ শতাংশ) সংবেদনশীলতা ছিল ৬০ শতাংশ বা তার কম। অর্থাৎ প্রচলিত চিকিৎসায় ব্যবহৃত অনেক অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা আশঙ্কাজনকভাবে কমে গেছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রস্রাবের নমুনায় ৪৬ শতাংশ, সব নমুনা মিলিয়ে ৫২ শতাংশ, মলে ৬৭ শতাংশ, রক্তে ৭২ শতাংশ, শ্বাসতন্ত্রের নিম্নাংশের সংক্রমণে ৭৩ শতাংশ এবং ত্বক ও নরম টিস্যুর সংক্রমণে ৮২ শতাংশ ক্ষেত্রে রেড জোনে থাকা ফলাফল পাওয়া গেছে। আইসিইউ রোগীদের রক্তের নমুনায় এই হার ৯০ শতাংশ।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আইসিইউতে অ্যাকিনেটোব্যাক্টর সংক্রমণের ক্ষেত্রে পরীক্ষিত কোনো অ্যান্টিবায়োটিকই গ্রিন জোনে পৌঁছাতে পারেনি। ফলে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা আরও জটিল হয়ে উঠছে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ক্ষেত্রে সবচেয়ে উদ্বেগজনক প্রবণতাগুলোর একটি হলো কার্বাপেনেম গ্রুপের ওষুধের কার্যকারিতা কমে যাওয়া। বিশেষ করে আইসিইউতে গ্রাম-নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে ইমিপেনেম ও মেরোপেনেমের কার্যকারিতা অত্যন্ত সীমিত।
প্রতিবেদনে দেখা গেছে, সামগ্রিকভাবে ৫৫ শতাংশ আইসোলেট মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট, অর্থাৎ একাধিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী। আইসিইউতে এই হার ৯৩ শতাংশ। ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে এন্টেরোকক্কাস ফেসিয়ামের ৮২ শতাংশ এবং অ্যাকিনেটোব্যাক্টরের ৯৫ শতাংশ আইসোলেট মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, এসব জীবাণুর প্রতিরোধের হার আগের বছরের তুলনায় বেড়েছে।
প্রতিবেদনের পর্যবেক্ষণে উঠে এসেছে, তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিনসহ বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাচ্ছে, অথচ এসব ওষুধ অনেক ক্ষেত্রে রুটিন চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। সিপ্রোফ্লক্সাসিনের বিরুদ্ধে পরীক্ষিত জীবাণুর সংবেদনশীলতা ৬০ শতাংশ বা তার কম। তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিনের ক্ষেত্রে সংবেদনশীলতা মাত্র ২৬ থেকে ৫৫ শতাংশ এবং আইসিইউতে তা ১০ শতাংশেরও নিচে। বিকল্প অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া বিবেচনায় না নিয়ে চিকিৎসা দেওয়ার প্রবণতাও উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। এ ছাড়া পরীক্ষার আগে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে নমুনায় জীবাণুর সংবেদনশীলতা নির্ণয় বাধাগ্রস্ত হচ্ছে।
প্রতিবেদনে অ্যান্টিবায়োটিক ব্যবহারের পাশাপাশি রোগনির্ণয় ব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। অধিকাংশ পরীক্ষাগারে গুরুত্বপূর্ণ কিছু অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নির্ণয়ের জন্য প্রয়োজনীয় মিনিমাম ইনহিবিটরি কনসেনট্রেশন (এমআইসি) পরীক্ষা করার সক্ষমতা নেই। ফলে কোলিস্টিন ও ভ্যানকোমাইসিনের মতো গুরুত্বপূর্ণ ওষুধের কার্যকারিতা নির্ভরযোগ্যভাবে যাচাই করা কঠিন হয়ে পড়ছে।
হাসপাতালের পরিবেশেও নতুন করে উদ্বেগ তৈরি হচ্ছে। অ্যাকিনেটোব্যাক্টর ও বারখোল্ডেরিয়া সেপাসিয়ার মতো জীবাণু হাসপাতালের পরিবেশে টিকে থেকে সংক্রমণ ছড়াতে পারে। এসব জীবাণু শনাক্ত করা এবং কার্যকর চিকিৎসা নির্ধারণ করা সাধারণ পরীক্ষাগারের জন্য কঠিন। এ কারণে হাসপাতালগুলোতে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি) ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ হাসপাতাল থেকে ছড়িয়ে পড়া প্রতিরোধী জীবাণু একজন রোগী থেকে অন্য রোগীর মধ্যে দ্রুত সংক্রমিত হতে পারে।
প্রতিবেদনের সুপারিশে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ জোরদার করার কথা বলা হয়েছে। কালচার ও সংবেদনশীলতা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অ্যান্টিবায়োটিক নির্বাচন, বিশেষ করে আইসিইউতে সংক্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং চিকিৎসার শেষ পর্যায়েও প্রয়োজনীয় ওষুধের কার্যকারিতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি, এমআইসি পরীক্ষার সুযোগ সম্প্রসারণ, হাসপাতালের সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা এবং নিয়মিত নজরদারির তথ্যের ভিত্তিতে চিকিৎসা নির্দেশিকা হালনাগাদ করার সুপারিশ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ এখন শুধু চিকিৎসার একটি সীমাবদ্ধতা নয়; এটি দেশের হাসপাতালভিত্তিক স্বাস্থ্যসেবার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ সংক্রমণও চিকিৎসা করা কঠিন হয়ে উঠতে পারে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে যাওয়ার কারণে মৃত্যুবরণ করেন, যা বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি। এই সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়। এজন্য মেডিকেল, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে।
তিনি বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বর্তমানে বাংলাদেশের জন্য একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। প্রতি বছর বিপুলসংখ্যক মানুষ এই সমস্যার কারণে মৃত্যুবরণ করছেন। তাই এটি প্রতিরোধে এখনই কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।
অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এম এ মুহিত বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ করা যাবে না। বিশেষ করে ভাইরাসজনিত ফ্লু বা সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিকের কোনো কার্যকারিতা নেই, এ বিষয়টি মানুষকে বুঝতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক জাহিদ রায়হান, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. অ্যান্থনি এসোফোনি প্রমুখ।




