ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, একিউআই ১৯৯ নিয়ে দূষিত শহরের তালিকায় ষষ্ঠ

ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়েই চলেছে। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৯৯, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটের সকাল ৮টা থেকে ৯টার রেকর্ড অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ছিল ষষ্ঠ স্থানে।
রিয়েল-টাইম একিউআই স্টেশন র্যাংকিংয়ে দেখা গেছে, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা খুব অস্বাস্থ্যকর থেকে অস্বাস্থ্যকর অবস্থায় আছে। এর মধ্যে বাড্ডার প্রগতি সরণির বাতাস সবচেয়ে দূষিত, এলাকাটির আইকিউএয়ার স্কোর ২১৪, যা খুব অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
র্যাংকিং তালিকায় আরও রয়েছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি, বসুন্ধরা আবাসিক এলাকা, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, ইস্টার্ন হাউজিং, বারিধারা লেকসাইড ও বারিধারা পার্ক রোড।
আইকিউএয়ারের তালিকায় শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর, স্কোর ২৮৯, খুব অস্বাস্থ্যকর। এরপর রয়েছে পাকিস্তানের করাচি (২৩৬), আফগানিস্তানের কাবুল (২২২), ভারতের দিল্লি (২২২) ও মঙ্গোলিয়ার উলানবাটার (২০৭), সবগুলোই খুব অস্বাস্থ্যকর।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।
শীত মৌসুম শুরু হতেই ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়ে যায়, যা শীতজুড়ে সর্বোচ্চ পর্যায়ে থাকে। দূষণের মাত্রা কমলেও পরিস্থিতি সন্তোষজনক নয়।
বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।
এ অবস্থায় শিশু, বয়স্ক এবং হৃদ্রোগ বা শ্বাসকষ্টের রোগীদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ সুস্থ ব্যক্তিদের বাইরে কাটানো সময় সীমিত করা এবং শারীরিক পরিশ্রমের কাজ এড়িয়ে চলা উচিত। বাইরে বের হলে দূষণ রোধে কার্যকর মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। ঘরের ভেতরের বাতাস পরিষ্কার রাখতে এয়ার পিউরিফায়ার ব্যবহার এবং দূষিত বাতাস প্রবেশ ঠেকাতে জানালা ও দরজা বন্ধ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
এদিকে আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।



