মিয়ানমার হয়ে কুনমিং পর্যন্ত ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোরের প্রস্তাব ঢাকার
মিয়ানমার হয়ে চীনের ইউনান প্রদেশের কুনমিং অঞ্চলের সঙ্গে যুক্ত হতে একটি ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় ‘ঢাকা ফোরাম ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে এ প্রস্তাব তুলে ধরেন। ফোরামটির বিষয় ছিল বাংলাদেশ-চীন সম্পর্ক।
ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘প্রস্তাবিত চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর কেবল একটি অবকাঠামো প্রকল্প নয়; এটি হতে পারে আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ ও কার্যকর সহযোগিতার নতুন কাঠামো।’
তিনি বলেন, এশিয়ার পরিবর্তনশীল অর্থনৈতিক বাস্তবতায় ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই সুবিধা কাজে লাগাতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় নিতে হবে।
করিডোরটির বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ে প্রমাণভিত্তিক মূল্যায়ন, সম্ভাব্যতা সমীক্ষা এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ধারাবাহিক আলোচনা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। এ জন্য গবেষণা ও নীতিগত সংলাপ জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশের পরিকল্পনায় মিয়ানমারের কিয়াকফিউ বন্দর বিশেষ গুরুত্ব পাচ্ছে। ইসমাইল জবিউল্লাহ জানান, চট্টগ্রাম থেকে কিয়াকফিউয়ের সমুদ্রপথের দূরত্ব প্রায় ৩৬৭ কিলোমিটার। কিয়াকফিউ ও কুনমিংয়ের মধ্যে কার্যকর সড়ক ও রেল যোগাযোগ গড়ে উঠলে বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে যুক্ত করে নতুন করিডোর প্রতিষ্ঠা সম্ভব।
তিনি বলেন, কুনমিংয়ের সঙ্গে চিকিৎসা পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় বাড়ানো বাংলাদেশের অন্যতম লক্ষ্য। বর্তমানে কুনমিং ও কিয়াকফিউয়ের মধ্যে তেল ও গ্যাস পাইপলাইন থাকলেও পূর্ণাঙ্গ ও বাণিজ্যিকভাবে কার্যকর সড়ক-রেল নেটওয়ার্ক গড়ে ওঠেনি।
তাঁর মতে, চীনের রুইলি থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠা করা গেলে তা আরও সুবিধাজনক হতো। কিন্তু মিয়ানমারের রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি সেই পরিকল্পনার বাস্তবায়নকে কঠিন করে তুলেছে।
প্রস্তাবিত করিডোরের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে মিয়ানমারের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ওপর। রাখাইনে স্থিতিশীলতা ছাড়া আঞ্চলিক বাণিজ্য, নিরাপদ যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা কঠিন বলে মনে করেন ইসমাইল জবিউল্লাহ। মিয়ানমারের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক কাজে লাগিয়ে বেইজিং রাখাইনে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ফোরামে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউয়িন বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি চীনের পূর্ণ সমর্থন রয়েছে এবং বাংলাদেশের নিজস্ব বাস্তবতা অনুযায়ী উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারকে বেইজিং সম্মান করে।
লিউ ইউয়িন বলেন, বাংলাদেশ ও চীনের সহযোগিতার দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো বন্দর ও সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক যোগাযোগ। বন্দর পরিকল্পনা, নির্মাণ, পরিচালনা ও ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময় এবং সহযোগিতা জোরদারে চীন প্রস্তুত বলেও তিনি জানান।
তিনি বলেন, বঙ্গোপসাগরকেন্দ্রিক কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ-পশ্চিম চীনের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এগিয়ে নেওয়া দুই দেশের অভিন্ন বোঝাপড়ার প্রতিফলন। করিডোরের সম্ভাবনা ও চ্যালেঞ্জ যৌথভাবে মূল্যায়ন করে বাস্তবসম্মত প্রকল্প চিহ্নিত করার আহ্বান জানান তিনি।
ঢাকায় চীনা দূতাবাস ও সেন্টার ফর চায়না স্টাডিজের সহায়তায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং বাংলাদেশ-চায়না রিসার্চ সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স যৌথভাবে ফোরামটি আয়োজন করে। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ, স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান এবং বিশেষ বক্তব্য দেন সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ড. লিউ জংই।



