গাজায় সন্তান জন্মদানে বাধা দেওয়ার পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল, অ্যামনেস্টির প্রতিবেদন
গাজায় ফিলিস্তিনিদের সন্তান ধারণ ও জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করতে ইসরায়েল বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি এসব তথ্য তুলে ধরেছে।
অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে গাজায় বন্ধ্যাত্বের চিকিৎসা গ্রহণের সুযোগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে এবং গর্ভাবস্থায় গর্ভপাত ও মৃত সন্তান প্রসবসহ নানা জটিলতা বেড়েছে। এসব পরিস্থিতির পেছনে ইচ্ছাকৃত উদ্দেশ্য ছিল কি না, তা নিয়ে সংস্থাটি গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে, তবে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত তথ্য তাদের হাতে নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চিকিৎসাসেবা নিতে গিয়ে কিংবা হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে অবস্থানকালে ইসরায়েলি হামলায় বহু নারী ও কিশোরী নিহত ও আহত হয়েছেন। চিকিৎসা সরঞ্জামের সংকটের কারণে গর্ভবতী নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর চিকিৎসা এবং গর্ভকালীন জটিলতা শনাক্তের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতে প্রয়োজনীয় অবেদনকারী ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রীর অভাব অনেক ক্ষেত্রে প্রাণহানির ঝুঁকি বাড়িয়েছে। মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধকে এসব সংকটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে অ্যামনেস্টি এবং এর ফলে মা ও নবজাতকের মৃত্যুহার বাড়ছে বলে আশঙ্কা করেছে সংস্থাটি।
প্রতিবেদন তৈরির জন্য নেওয়া ২২৮টি সাক্ষাৎকারের মধ্যে দুজন প্যারামেডিক ২০২৬ সালের শুরুর দিকে ঘটে যাওয়া দুটি ঘটনার বর্ণনা দিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, গাজার ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকা চিহ্নিতকারী তথাকথিত ‘ইয়েলো লাইন’ থেকে কয়েকশ মিটার দূরে সন্তান জন্মদানের অপেক্ষায় থাকা এক নারী এবং তাকে হাসপাতালে নেওয়ার জন্য পাঠানো অ্যাম্বুলেন্স গুলির মুখে পড়ে।
প্রতিবেদনে ২০২৫ সালে মারা যাওয়া ২০ দিন বয়সি এক শিশুর ঘটনাও তুলে ধরা হয়েছে। অসুস্থ আরেক শিশুর সঙ্গে একই ইনকিউবেটরে থাকার পর সংক্রমণে শিশুটির মৃত্যু হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গাজায় যুদ্ধ শুরুর আগে অন্তত নয়টি ক্লিনিকে ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) চিকিৎসা দেওয়া হতো। বর্তমানে এসব ক্লিনিকের কোনোটিতেই এ চিকিৎসা চালু রাখা সম্ভব হচ্ছে না। অ্যামনেস্টি জানিয়েছে, সংরক্ষণ করে রাখা হাজার হাজার ভ্রূণ, শুক্রাণু ও ডিম্বাণুও ধ্বংস হয়ে গেছে।
এসব পর্যবেক্ষণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি কর্মকর্তাদের দ্বারা গণহত্যার অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাগনেস ক্যালামার্ড। আইসিসির তদন্তে লিঙ্গভিত্তিক অপরাধ এবং প্রজননস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন তিনি।
জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শাস্তিসংক্রান্ত কনভেনশনের দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে তাদের মধ্যে সন্তান জন্মদান বন্ধ বা বাধাগ্রস্ত করার পদক্ষেপ গণহত্যার অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অ্যামনেস্টির অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা কো-অর্ডিনেশন অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ (কোগাট)। এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে সংস্থাটি অ্যামনেস্টির বিরুদ্ধে ‘হামাসের মিথ্যা বয়ানকে সমর্থন করার’ অভিযোগ তোলে। কোগাটের দাবি, ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ২৭ হাজার টনের বেশি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ প্রবেশ করেছে এবং বর্তমানে সেখানে ৩৫টি হাসপাতাল চালু রয়েছে।
অ্যামনেস্টি আরও জানিয়েছে, গাজার হাসপাতালগুলো ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবহার করেছে, এমন কিছু তথ্য তারা পেয়েছে। তবে হাসপাতালগুলো হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হতো বলে ইসরায়েল যে অভিযোগ করেছে, তার পক্ষে কোনো প্রমাণ পায়নি সংস্থাটি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপত্যকাটিতে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে গাজায় জীবিত শিশুর জন্মের সংখ্যা ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রায় ৪১ শতাংশ কমেছে।



