কক্ষপথে ১০ লাখ ডেটা সেন্টার বসানোর অনুমোদন পেল স্পেসএক্সের ‘স্টারমাইন্ড’
যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) ইলন মাস্কের স্পেসএক্সকে কক্ষপথে ডেটা সেন্টারের একটি বিশাল নেটওয়ার্ক বসানোর অনুমোদন দিয়েছে। ‘স্টারমাইন্ড’ নামের এই প্রকল্পের লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কম্পিউটিংয়ের দ্রুত বাড়তে থাকা চাহিদা মেটানো।
এফসিসি বুধবার জানিয়েছে, এই অনুমোদন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমেরিকার সুপার ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) বিকাশের এই গুরুত্বপূর্ণ সময়ে এফসিসি স্পেসএক্সকে ১০ লাখ অরবিটাল কম্পিউট মডিউল স্থাপনের অনুমোদন দিচ্ছে, যেগুলো বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়া করে পৃথিবীতে ব্যবহারের জন্য পাঠাবে।’
এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডান কার এক বিবৃতিতে বলেছেন, ‘এই পদক্ষেপ আমেরিকার নেতৃত্ব ও প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় কম্পিউটিং অবকাঠামোর এক সাহসী নতুন সীমান্ত খুলে দিল।’
ইলন মাস্ক সামাজিক মাধ্যমে এফসিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি এক্সে লিখেছেন, ‘অনেক ধন্যবাদ। এটি আমেরিকা ও বিশ্বের জন্য বড় সম্পদ হবে।’
এফসিসি বলেছে, আবেদনটি অনুমোদনের ফলে স্পেসএক্স ‘মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আমেরিকার নেতৃত্ব এগিয়ে নেওয়া উদীয়মান প্রযুক্তির পথিকৃৎ’ হতে পারবে।
ডেটা সেন্টার হলো কৃত্রিম বুদ্ধিমত্তার ভৌত মেরুদণ্ড এবং এগুলো চালাতে বিপুল পরিমাণ বিদ্যুৎ লাগে। স্পেসএক্স চলতি বছরের শুরুর দিকে স্টারমাইন্ড স্থাপনের অনুমতির জন্য আবেদন করেছিল।
তবে স্পেসএক্স সত্যিই ১০ লাখ স্যাটেলাইট মহাকাশে পাঠাবে কি না, তা স্পষ্ট নয়; বর্তমানে মহাকাশে স্যাটেলাইট আছে মাত্র ১৭ হাজার। স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো অনেক সময় নকশায় নমনীয়তা রাখতে প্রকৃত পরিকল্পনার চেয়ে বেশি সংখ্যক স্যাটেলাইটের অনুমোদন চায়।
এর আগে স্পেসএক্স তার স্টারলিংক ব্যবস্থা চালুর আগে ৪২ হাজার স্যাটেলাইটের অনুমোদন চেয়েছিল। বর্তমানে ওই নেটওয়ার্কের মহাকাশে থাকা স্যাটেলাইটের সংখ্যা ১১ হাজারের কিছু বেশি।
গত মাসে এফসিসির স্পেস ব্যুরো ও ওয়্যারলেস টেলিকমিউনিকেশনস ব্যুরো স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্পেস এক্সপ্লোরেশন হোল্ডিংস এলএলসিকে স্টারলিংক নামে পরিচিত এনজিএসও এমএসএস ব্যবস্থা উৎক্ষেপণ ও পরিচালনার অনুমতি দিয়েছিল।
অ্যামাজনের প্রতিদ্বন্দ্বী স্যাটেলাইট ইউনিট লিওসহ অন্যরা এই পরিকল্পনার সমালোচনা করেছে। তাদের মতে, স্পেসএক্সের পক্ষে সব স্যাটেলাইট স্থাপন করা সম্ভব নয় এবং তা করতে শত শত বছর লেগে যেতে পারে।
এই সমালোচনার জবাবে ব্রেন্ডান কার বলেছেন, ‘অ্যামাজনের উচিত নিজেদের উৎক্ষেপণ ও নিজেদের স্যাটেলাইট নেটওয়ার্ক নিয়ে নিজেদের ঘর গোছানোতে মন দেওয়া, স্পেসএক্সের মতো যারা আসলেই স্যাটেলাইট উৎক্ষেপণ করছে তাদের নিয়ে দুশ্চিন্তা না করে।’




