চীন ও ইইউসহ ১৪ অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

ট্রাম্প প্রশাসন চীন ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশসহ ১৪টি বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। এতে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা আরও বাড়ল।
প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সংশ্লিষ্ট দেশগুলোকে প্রস্তাবিত শুল্কের কথা জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বুধবার সকালে সিএনবিসিকে বলেছেন, ‘একদিকে আমরা লক্ষ্যভিত্তিক শুল্কের প্রস্তাব দিচ্ছি, যা কোনো দেশের নির্দিষ্ট কিছু পণ্যের ওপর এমন হারে বসবে যাতে তাদের সঙ্গে করা চুক্তিগুলো বজায় থাকে। অন্যদিকে আমরা এসব দেশের সঙ্গে আলোচনাও করছি। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও তা কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে বিস্তৃত, এমনকি বহুপক্ষীয় আলোচনা হবে বলে আমরা আশা করছি।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ককে তাঁর অর্থনৈতিক নীতির কেন্দ্রে রেখেছেন। তবে আদালতে তিনি বড় ধাক্কা খেয়েছেন; চলতি বছরের শুরুর দিকে সুপ্রিম কোর্ট তাঁর প্রশাসনের আরোপ করা বেশির ভাগ বৈশ্বিক শুল্ক বাতিল করে দেন। মধ্যবর্তী নির্বাচনেও শুল্ক ছিল গুরুত্বপূর্ণ ইস্যু; ওই নির্বাচনে রিপাবলিকানরা বড় ক্ষতির মুখে পড়ে এবং ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষেরই নিয়ন্ত্রণ ফিরে পায়।
প্রশাসন বলছে, নতুন শুল্কগুলো ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে কার্যকর হবে। এই ধারায় যুক্তরাষ্ট্র অন্য দেশের অন্যায্য বাণিজ্য চর্চা তার বাণিজ্যের ক্ষতি করছে বলে মনে করলে জবাবি ব্যবস্থা নিতে পারে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) বিভিন্ন দেশের বাণিজ্য চর্চা নিয়ে ধারাবাহিক তদন্ত চালিয়েছে। বুধবার তারা জানিয়েছে, উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন সম্পর্কিত ১৪টি অর্থনীতির ‘কর্মকাণ্ড, নীতি ও চর্চা অযৌক্তিক এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত বা সীমিত করছে’ বলে তারা সিদ্ধান্তে পৌঁছেছে। নরওয়ে ও মেক্সিকো নিয়ে ইউএসটিআরের তদন্ত এখনো চলছে।
প্রস্তাবিত এই শুল্কগুলো সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া ট্রাম্পের অন্য শুল্কগুলোর জায়গা নেবে।
প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করেছেন, এসব শুল্ক ‘সার্বজনীন’ নয়, প্রতিটি দেশের জন্য ‘লক্ষ্যভিত্তিক’। চীনের ক্ষেত্র ছাড়া এগুলো বিদ্যমান শুল্কের ওপর অতিরিক্ত হিসেবে বসার কথা নয়।
প্রশাসন চীনের ওপর অতিরিক্ত ২০ শতাংশ শুল্কের প্রস্তাব দিয়েছে। তবে ওই জ্যেষ্ঠ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আলোচনা চলার মধ্যে চীন সম্মত বাণিজ্য যুদ্ধবিরতি না মানলে এই হার দ্বিগুণ করে ৪০ শতাংশ করার হুমকিও দেওয়া হয়েছে। নতুন শুল্কগুলো আগে থেকে থাকা প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত ২৫ শতাংশ শুল্কের ওপর বসবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বুধবার এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত শুল্কের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ‘চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্য ইস্যু মোকাবিলায় আমাদের অবস্থান ধারাবাহিক ও স্পষ্ট। শুল্কযুদ্ধ ও বাণিজ্যযুদ্ধ কারও স্বার্থে নয়। সংশ্লিষ্ট বিষয়গুলো সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।’
এই প্রস্তাব এমন সময়ে এল, যখন মাত্র এক সপ্তাহ আগে ট্রাম্প চীন সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের শীর্ষ বৈঠক করেছেন।
চীনসহ কয়েকটি দেশ ট্রাম্প প্রশাসনের শুল্কের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে। ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, চীনসহ সব দেশকেই নতুন প্রস্তাবিত শুল্কের কথা জানানো হয়েছে এবং তারা পাল্টা ব্যবস্থা আশা করছেন না।
এই ঘোষণার তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না, কারণ আগে জনমত নেওয়ার (পাবলিক কমেন্ট) সময় দিতে হবে। প্রশাসন জানুয়ারিকে এসব শর্ত পূরণের সবচেয়ে আগের লক্ষ্য হিসেবে ধরছে।
গ্রিয়ার সিএনবিসিকে বলেছেন, ‘আমরা আমাদের বাণিজ্য অংশীদারদের সঙ্গে কথা বলেছি। তারা জানে আমরা কী প্রস্তাব দিচ্ছি। আমার মনে হয় এর অনেকটাই আগে থেকে হিসাবে ধরা আছে, এবং আমার মনে হয় না এগুলোর কোনোটি কয়েক মাসের আগে কার্যকর হবে।’
সিনেট ফাইন্যান্স কমিটির র্যাংকিং সদস্য রন ওয়াইডেন এক বিবৃতিতে বলেছেন, প্রস্তাবিত শুল্ক ‘সমাধান নয়’। তিনি বলেছেন, ‘আমেরিকানরা তাঁর উচ্চ শুল্ক ও উচ্চ মূল্যের এজেন্ডার বিরুদ্ধে বিপুলভাবে ভোট দেওয়ার মাত্র কয়েক সপ্তাহ পর তিনি আরেক দফা নিয়ে ফিরলেন। এটি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তাঁর অবৈধ বৈশ্বিক শুল্ক পুনর্গঠনের আরেকটি নির্লজ্জ চেষ্টা, আমেরিকান পরিবার, শ্রমিক ও ছোট ব্যবসার খরচ যা-ই হোক না কেন।’
সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর চাক শুমারও প্রস্তাবিত শুল্কের কড়া সমালোচনা করেছেন। বুধবার সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘এখানে খারাপ পক্ষ হলো চীন। আর সমস্যা মোকাবিলার বদলে ট্রাম্প তাদেরকেই শর্ত নির্ধারণ করতে দিচ্ছেন, আমাদের মিত্রদের দূরে ঠেলে দিচ্ছেন এবং আমেরিকান পরিবারের ওপর খরচ চাপিয়ে দিচ্ছেন, আমেরিকান শ্রমিকদের জন্য সামান্য সুবিধা নিয়ে।’
আলাদাভাবে যুক্তরাষ্ট্র ব্রাজিলের শুল্ক বদলানোর কথাও ভাবছে; চিনি ও উড়োজাহাজ পণ্যের ওপর কর বাড়ানোর প্রস্তাব রয়েছে। গ্রিয়ার বুধবার এক বিবৃতিতে বলেছেন, ‘আজকের প্রস্তাবিত পরিবর্তন ব্রাজিলের অযৌক্তিক কর্মকাণ্ড, নীতি ও চর্চা দূর করার জন্য আরও চাপ তৈরির সুযোগ দেবে।’
গ্রিয়ারের বিবৃতিতে যুক্তি দেওয়া হয়েছে, ব্রাজিলের চিনি আমদানির ওপর ‘অতিরিক্ত নির্দিষ্ট শুল্ক’ এবং তৈরি উড়োজাহাজ রপ্তানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বাণিজ্য চর্চা লঙ্ঘনের বিষয়ে ব্রাজিলকে আলোচনার টেবিলে আনা। ইউএসটিআর বলেছে, এই পদক্ষেপও তাৎক্ষণিক হবে না; ব্রাজিলের প্রস্তাবিত শুল্ক পরিবর্তন নিয়ে ১৪ জানুয়ারি শুনানি হবে।




