বিদ্রোহ-বিধ্বস্ত বোর্নোতে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি নাইজেরিয়ার প্রেসিডেন্ট টিনুবুর, সামনে জানুয়ারির নির্বাচন
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু উত্তর-পূর্বাঞ্চলের শহর মাইদুগুরিতে সমর্থকদের কাছে বিদ্রোহ-বিধ্বস্ত অঞ্চলটিতে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। জানুয়ারিতে নির্বাচন সামনে রেখে তিনি এই প্রতিশ্রুতি দিলেন।
বুধবার মাইদুগুরিতে এক সমাবেশে টিনুবু এই প্রতিশ্রুতি দেন। আগামী ১৬ জানুয়ারির নির্বাচনে তিনি দ্বিতীয় ও শেষ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মাইদুগুরি বোর্নো রাজ্যের রাজধানী। এই রাজ্যটিই বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) নেতৃত্বাধীন বিদ্রোহের কেন্দ্রস্থল।
বোর্নো ও উত্তর-পশ্চিমে তীব্র সামরিক অভিযান টেকসই নিরাপত্তা এনে দেবে—ভোটারদের এ কথা বোঝানোর চাপে রয়েছেন টিনুবু। উত্তর-পশ্চিমে মুক্তিপণের জন্য অপহরণ এখনো ব্যাপকভাবে চলছে, আর সংঘাতে ক্ষতবিক্ষত জনগোষ্ঠীগুলো দীর্ঘস্থায়ী নিরাপত্তা চাইছে।
সমাবেশে টিনুবু বলেন, ‘আমরা সেই শান্তি অর্জন করব; সন্ত্রাসবাদ চলে যাবে; তাদের [বিদ্রোহী যোদ্ধাদের] এখন সুযোগ আছে অস্ত্র ফেলে দেওয়ার, সব অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করার, সন্ত্রাসবাদ ও দস্যুতার চরিত্র বদলে ফেলার।’
নিরাপত্তা বিশ্লেষক কবির আদামু আল জাজিরাকে বলেছেন, মাইদুগুরিতে সমাবেশ করা ‘নিরাপত্তা পরিস্থিতির উন্নতির একটি সহজ বার্তা’ দিয়েছে। বিকন সিকিউরিটি অ্যান্ড ইনোভেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আদামু রাজধানী আবুজা থেকে আরও বলেছেন, এটি রাজ্যটির অর্থনৈতিক অবস্থার উন্নতিরও ইঙ্গিত দেয়।
টিনুবুর প্রধান প্রতিদ্বন্দ্বীরা হলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবকর এবং আনামব্রা রাজ্যের সাবেক গভর্নর পিটার ওবি, যিনি গত নির্বাচনে ৬০ লাখের বেশি ভোট পেয়েছিলেন।
২০২৩ সালে প্রেসিডেন্ট পদের প্রচারের সময় উত্তরের নিরাপত্তাহীনতা শেষ করা টিনুবুর প্রতিশ্রুতিগুলোর একটি ছিল। তবে বিশ্লেষক ও প্রতিপক্ষদের মতে, পূর্বসূরিদের মতো তিনিও সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন।
অক্টোবরে প্রকাশিত ইয়াগা আফ্রিকার এক জরিপ অনুযায়ী, উত্তরদাতাদের ৫০ শতাংশের বেশি প্রেসিডেন্টের কর্মদক্ষতায় অসন্তুষ্ট এবং ৭০ শতাংশের বেশি অর্থনীতিকে ‘খারাপ বা খুব খারাপ’ বলে মূল্যায়ন করেছেন।
তবে আদামু বলেছেন, বোর্নো রাজ্যের ভেতরে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। তাঁর ভাষায়, ‘একসময় প্রায় ২৪টি স্থানীয় সরকার এলাকা রাষ্ট্র বা রাষ্ট্রবহির্ভূত পক্ষগুলোর নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কিত ছিল। এখন শহরকেন্দ্রগুলোর বাইরে চ্যালেঞ্জ থাকলেও প্রায় সব স্থানীয় সরকার এলাকাই মোটামুটি প্রবেশযোগ্য।’
নাইজেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী এ মাসে বলেছেন, সশস্ত্র গোষ্ঠীর নেতাদের লক্ষ্য করতে ও বিদ্রোহী নেটওয়ার্ক দুর্বল করতে সামরিক বাহিনী রিয়েল-টাইম মার্কিন গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট সহায়তা পাচ্ছে। গত মে মাসে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার বাহিনীর যৌথ অভিযানে আইএসআইএলের বৈশ্বিক দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত হন।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, নাইজেরিয়ার বাহিনী বিদ্রোহীদের একসময়ের দখলকৃত অধিকাংশ এলাকা থেকে তাড়িয়ে দিলেও যোদ্ধারা এখনো প্রাণঘাতী হামলা, অ্যামবুশ ও বোমা হামলা চালিয়ে যাচ্ছে। উত্তর-পশ্চিমেও তারা তৎপরতা বাড়িয়েছে, যেখানে মূলত অপহরণকারী দলগুলো সক্রিয়। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডি এ বছরের শুরুতে বলেছে, আল-কায়েদা ও আইএসআইএলের সঙ্গে যুক্ত যোদ্ধারা নাইজার, বেনিন ও নাইজেরিয়ার সীমান্ত এলাকায় হামলা দ্রুত বাড়াচ্ছে এবং দূরবর্তী যাতায়াত করিডরগুলো সক্রিয় সংঘাতক্ষেত্রে পরিণত হচ্ছে।
টিনুবু বলেছেন, গত মে ও জুনে বোর্নোতে দুটি পৃথক হামলায় অপহৃত ৭০ জনের বেশি স্কুলশিশু এখনো বন্দি রয়েছে; তাদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী কাজ করছে।
আদামুর মতে, নির্বাচনের আগে আরেকটি বড় ইস্যু অর্থনৈতিক সংস্কার; দারিদ্র্য বেড়েছে এবং মৌলিক পণ্য পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে।



