জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, দুই ঘণ্টা অবরোধের পর ঢাকা-আরিচা মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থী। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।
এর আগে বুধবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সহপাঠীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (৫৩তম আবর্তন) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আওরঙ্গজেব রমজান সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকা থেকে একটি রিকশায় ওঠেন।
এ সময় অপরিচিত এক ব্যক্তি রিকশাচালককে লাঠি দিয়ে আঘাত করতে গেলে তা রমজানের শরীরে লাগে। এ বিষয়ে ওই ব্যক্তির কাছে জানতে চাইলে রমজানকে আবারও মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে পাশের একটি কক্ষে নিয়ে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী আওরঙ্গজেব রমজান বলেন, কেন মারছেন জানতে চাইলে তাঁকে হাত ধরে একটি ছোট কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শরীরে লাথি মারাসহ বেধড়ক মারধর করা হয় বলে তিনি জানান।
এ ঘটনা বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফেসবুক গ্রুপে পোস্ট করেন রমজানের সহপাঠীরা। বিষয়টি ছড়িয়ে পড়লে একদল শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। অবরোধের সময় শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।
অবরোধ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. শামছুল আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি প্রশাসনের সহানুভূতি রয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তে কাজ চলছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা হয়েছে এবং উপাচার্যও বিষয়টি সমাধানে উদ্যোগ নিয়েছেন বলে তিনি জানান।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে সেনা সদস্যের একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। পরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা করে বিষয়টির মীমাংসা করা হয়েছে।




