সোশ্যাল মিডিয়ার ‘নিখুঁত অভিভাবক’ হওয়ার চাপে কঠিন হচ্ছে সন্তান লালন: যুক্তরাজ্যের জরিপ

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ‘নিখুঁত অভিভাবক’ হওয়ার চাপে সন্তান লালন করা কঠিন হয়ে পড়ছে বলে যুক্তরাজ্যের একটি জরিপে পাঁচ বছর বা তার কম বয়সী শিশুদের অভিভাবকেরা জানিয়েছেন।
যুক্তরাজ্যজুড়ে চালানো এই জরিপে অংশ নেওয়া অভিভাবকদের তিন-চতুর্থাংশ (৭৬ শতাংশ) একমত হয়েছেন যে সোশ্যাল মিডিয়া অভিভাবকত্ব নিয়ে তাঁদের উদ্বেগ বাড়িয়েছে। পাঁচজনের মধ্যে তিনজন (৫৯ শতাংশ) ‘অসম্ভব প্রত্যাশা’ ও ‘বিচারের মুখে পড়ার’ অনুভূতির কথা বলেছেন।
কোন তথ্য বিশ্বাস করা যায়, সেটিও একটি সমস্যা হিসেবে উঠে এসেছে। প্রায় অর্ধেক (৪৯ শতাংশ) অভিভাবক অনলাইনের পরস্পরবিরোধী পরামর্শ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাঁচজনের মধ্যে একজন (২১ শতাংশ) অভিভাবকত্বের তথ্যের জন্য চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহার করলেও মাত্র ১২ শতাংশ তা বিশ্বাস করেন বলে জানিয়েছেন।
পেশাদারদের পরামর্শের প্রতিও আস্থার ঘাটতি দেখা গেছে। প্রায় অর্ধেক (৪৮ শতাংশ) অভিভাবক মনে করেন, আগের প্রজন্মের তুলনায় এখন পেশাদারদের পরামর্শ বিশ্বাস করা কঠিন হয়ে পড়েছে; অনেকেই এর বদলে নিজের সহজাত বোধ ও অনলাইন গবেষণার ওপর নির্ভর করছেন।
অংশগ্রহণকারীদের অনেকে মনে করেন, আগের তুলনায় এখন অভিভাবকত্ব আরও কঠিন — ৬৬ শতাংশ বলেছেন শিশুদের চাহিদা এখন আরও জটিল, তবে ৭১ শতাংশ মনে করেন আজকের অভিভাবকেরা তাঁদের শিশুদের চাহিদা আগের চেয়ে ভালো বোঝেন।
বিশেষ শিক্ষাগত চাহিদা ও প্রতিবন্ধিতা (সেন্ড) রয়েছে এমন শিশুদের পরিবারগুলো আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব পরিবারের ৬৯ শতাংশ পেশাদার সহায়তা পেতে অসুবিধার কথা জানিয়েছে, যেখানে সেন্ড-বহির্ভূত পরিবারের ক্ষেত্রে এই হার ৩১ শতাংশ। সেবা সম্পর্কে তথ্য বুঝতে অসুবিধার কথা জানিয়েছে ৬৪ শতাংশ সেন্ড পরিবার, যেখানে অন্যদের ক্ষেত্রে তা ২৮ শতাংশ।
জরিপে সামাজিক বিচ্ছিন্নতায় থাকা পরিবারগুলোর চিত্রও উঠে এসেছে। প্রতি আটজনের মধ্যে একজন (১২ শতাংশ) অভিভাবক বলেছেন, জরুরি প্রয়োজনে এক ঘণ্টার নোটিশে ডাকতে পারার মতো কেউ তাঁদের নিজ পরিবারের বাইরে নেই। সামাজিক আবাসনের ভাড়াটে এবং যাঁদের প্রথম ভাষা ইংরেজি নয়, এমন অভিভাবকদের ক্ষেত্রে এই বিচ্ছিন্নতার ঝুঁকি বেশি।
প্রারম্ভিক শৈশব নিয়ে কাজ করা দাতব্য সংস্থা কিনড্রেড স্কোয়ার্ডের ২০২৬ সালের জাতীয় প্রারম্ভিক শৈশব অভিভাবকত্ব জরিপে পাঁচ বছর বা তার কম বয়সী শিশুদের প্রায় ৩ হাজার ৫০০ অভিভাবক অংশ নিয়েছেন। জরিপে ফোকাস গ্রুপ থেকে নেওয়া অভিভাবকদের বিভিন্ন বক্তব্যও অন্তর্ভুক্ত করা হয়েছে। জরিপটি বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
পেশাদার পরামর্শে আস্থা কমা প্রসঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের এক অভিভাবক বলেন, ‘আমার মনে হয় আজকাল জিপি (চিকিৎসক) আর আগের মতো আপনাকে চেনেন না। সবকিছুই তাড়াহুড়োর মধ্যে হয়। যাওয়ার আগেই যেন নিজেকেই রোগ নির্ণয় করে নিতে হয়।’
সোশ্যাল মিডিয়ার চাপ নিয়ে লন্ডনের এক অভিভাবক বলেন, ‘আমি এই নিখুঁত হওয়ার চাপ অনুভব করছিলাম। সবকিছুতে নিখুঁত হতেই হবে। আমার মনে হয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা সত্যিই আপনার মাথায় ঢুকে যায় এবং ভাবতে বাধ্য করে যে এভাবে হওয়া সম্ভব, কিন্তু বাস্তবে তা নয়।’
তবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক অভিভাবক ভিন্নমত দিয়েছেন। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া তাঁর অভিভাবকত্ব নিয়ে উদ্বেগ বাড়ায়নি; বরং তা কাজ সহজ করেছে, চাপ কমিয়েছে এবং মুহূর্তটি উপভোগ করতে দিয়েছে।
জরিপ বলছে, এক প্রজন্মের ব্যবধানে অভিভাবকত্বে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ওয়েস্ট মিডল্যান্ডসের এক অভিভাবক বলেন, ‘আমি আমার বাবা-মাকে ভালোবাসি, কিন্তু ২০২৬ সালে একটি শিশুকে বড় করা কেমন, তা তাঁদের কোনো ধারণাই নেই... তাঁরা ঠিক বোঝেন না যে এটি ততটা সহজ নয়।’ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরেক অভিভাবক বলেন, আজকের অভিভাবকেরা শিশুদের ও নিজেদের ক্ষেত্রে কী ঘটছে, সে বিষয়ে আগের প্রজন্মের তুলনায় আবেগগতভাবে বেশি সচেতন।
কিনড্রেডের প্রধান নির্বাহী ফেলিসিটি গিলেসপি বলেন, জরিপে দেখা গেছে অধিকাংশ অভিভাবকই ছোট শিশুদের দেখাশোনায় নিজেদের সক্ষম মনে করেন, তবে বিচ্ছিন্নতার মাত্রা ও চাপে থাকার অনুভূতিও জরিপে উঠে এসেছে।


