এআইয়ের ঝুঁকি না সামলালে এ বছরই বিদ্যুৎ-ব্যাংকিং অচল হতে পারে: নোবেলজয়ী জিওফ্রি হিন্টন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ঝুঁকি সামলাতে ব্যর্থ হলে বড় বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন নোবেলজয়ী বিজ্ঞানী জিওফ্রি হিন্টন। তাঁর আশঙ্কা, চলতি বছর কিংবা আগামী বছরের মধ্যে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা অচল হয়ে যাওয়া কিংবা ব্যাংকিং ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে।
সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ৭৮ বছর বয়সী এই বিজ্ঞানী। এআই নিয়ে তৈরি নতুন একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের প্রদর্শনীর আগে তাঁর সঙ্গে কথা বলে সংবাদমাধ্যমটি। প্রামাণ্যচিত্রটির নাম ‘এআই: প্রোবাবলি নাথিং টু ওয়ারি অ্যাবাউট’। এতে হিন্টনের পাশাপাশি রয়েছেন তাঁর গুগলের সাবেক সহকর্মী ডেমিস হাসাবিস।
হিন্টন মনে করেন, একসময় হয়তো মানুষ বুঝতে পারবে যে এআই তৈরি না করলেই ভালো হতো। তবে প্রযুক্তিটির ভবিষ্যৎ নিয়ে তিনি পুরোপুরি হতাশ নন। তাঁর মতে, এআই পৃথিবীকে অসাধারণ এক ভবিষ্যতের দিকেও নিয়ে যেতে পারে, কিন্তু ঝুঁকিগুলো সামলাতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে।
এআই নিয়ে সতর্ক করার ক্ষেত্রে নিজের অবস্থান সম্পর্কে হিন্টন বলেন, এ বিষয়ে কথা বলার একটা দায়িত্ব তিনি অনুভব করেন। তাঁর ভাষায়, ‘আমার এমন একটি পরিচিতি তৈরি হয়েছে, যার কারণে মানুষ আমাকে এ বিষয়ে কথা বলার প্রতিনিধি হিসেবে দেখে। তাই এ পরিচিতি কাজে লাগিয়ে যতটা সম্ভব সতর্ক করতে চাই।’
এআই কোম্পানিগুলোর প্রতিযোগিতা নিয়েও উদ্বিগ্ন জিওফ্রি হিন্টন। বাজারে এগিয়ে থাকতে এবং নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো একের পর এক আরও শক্তিশালী এআই মডেল তৈরি করছে। এসব মডেল প্রকাশের আগে ঝুঁকিগুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন হিন্টন।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের ওপর তাঁর একেবারেই আস্থা নেই বলে জানিয়েছেন জিওফ্রি হিন্টন। তাঁর অভিযোগ, মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানের মতো প্রযুক্তি উদ্যোক্তারা এআইয়ের ঝুঁকি সম্পর্কে জানেন, তারপরও তাঁরা অর্থ উপার্জনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
হিন্টনের মতে, যুক্তরাষ্ট্রের হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান বর্তমানে সবচেয়ে উন্নত এআই তৈরির প্রতিযোগিতায় নেতৃত্ব দিচ্ছে। এসব প্রতিষ্ঠানের একটির দায়িত্বে রয়েছেন অল্টম্যান। বিষয়টি তাঁর কাছে অত্যন্ত উদ্বেগজনক, কারণ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এআই উন্নয়নের প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে।
এআই নিয়ে হিন্টনের উদ্বেগের পেছনে রয়েছে সাম্প্রতিক কিছু ঘটনা। এ বছরের গ্রীষ্মে ওপেনএআইয়ের কিছু এআই এজেন্ট হাগিং ফেস ওয়েবসাইটে হ্যাক করার ষড়যন্ত্রে জড়িয়েছিল বলে অভিযোগ ওঠে। হিন্টনের কাছে ঘটনাটি ছিল বড় একটি সতর্কসংকেত। তিনি এআই এজেন্টদের ওই ঘটনার সঙ্গে ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার থ্রি মাইল আইল্যান্ড পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আংশিক দুর্ঘটনার তুলনা করেছেন। তাঁর মতে, সেটি ছিল আরও বড় বিপর্যয়ের আগে পাওয়া সতর্কবার্তার মতো।
জিওফ্রি হিন্টন আশঙ্কা করছেন, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছর এআই ঘিরে চেরনোবিলের মতো বড় কোনো বিপর্যয় ঘটতে পারে। ১৯৮৬ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। হিন্টন অবশ্য এআইয়ের সম্ভাব্য বিপর্যয়কে পারমাণবিক দুর্ঘটনা হিসেবে দেখছেন না। তাঁর দেওয়া উদাহরণ অনুযায়ী, এআই ব্যবহার করে কেউ বিদ্যুৎ উৎপাদনব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলা চালাতে পারে, আবার এমন ঘটনা ঘটতে পারে যার ফলে পুরো এক সপ্তাহের জন্য আর্থিক ব্যবস্থা অচল হয়ে যাবে।
এআইয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিকভাবে কঠোর নিয়ম চালুর পক্ষে হিন্টন। তিনি এমন একটি পরিকল্পনাকে সমর্থন করেন, যেখানে উন্নত এআই মডেল বাজারে ছাড়ার আগে বাধ্যতামূলক পরীক্ষা, স্বাধীন মূল্যায়ন এবং বিভিন্ন দেশের মধ্যে অভিন্ন নীতিমালা থাকবে। ফিনল্যান্ডের প্রেসিডেন্টসহ ৩২টি দেশ এ পরিকল্পনাকে সমর্থন করেছে। দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর, জার্মানি, কানাডা ও অস্ট্রেলিয়াও রয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই নিয়ন্ত্রণে বৈশ্বিক উদ্যোগের বিরোধিতা করেছেন। তাঁর প্রশাসন মনে করে, কঠোর নিয়মকানুন যুক্তরাষ্ট্রকে এআই উন্নয়নের প্রতিযোগিতায় চীনের তুলনায় পিছিয়ে দিতে পারে। ট্রাম্প চান, এআই প্রতিষ্ঠানগুলো নিজেদের কার্যক্রম নিজেরাই নিয়ন্ত্রণ করুক।
জিওফ্রি হিন্টন প্রায় ৪৪ বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন। ১৯৭০-এর দশকে তিনি কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের ধারণা নিয়ে কাজ শুরু করেন। গবেষণার স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিনি। এআইয়ের সম্ভাব্য বিপদ নিয়ে স্বাধীনভাবে কথা বলার জন্য ২০২৩ সালে গুগলের চাকরি ছেড়ে দেন হিন্টন।
হিন্টনের মতে, আগামী এক দশকের মধ্যেই বোঝা যাবে, মানুষ এআইয়ের ঝুঁকি সামলাতে পারছে কি না। সফল হলে এআই এমন এক ভবিষ্যৎ তৈরি করতে পারে, যেখানে মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে এবং প্রয়োজনীয় সম্পদের প্রাচুর্য তৈরি হবে। তিনি একে বলেছেন ‘র্যাডিক্যাল অ্যাবানড্যান্স’। অন্যদিকে ব্যর্থ হলে ধনী-দরিদ্রের ব্যবধান অনেক বেড়ে যেতে পারে, বাড়তে পারে বেকারত্ব, তৈরি হতে পারে বড় ধরনের সামাজিক ও সাংস্কৃতিক সংকট, এমনকি সমাজের কাঠামোও ভেঙে পড়তে পারে।




