মায়ামি বিমানবন্দরে রানওয়ে ছাড়িয়ে গেল ফেডএক্সের কার্গো জেট, থ্যাঙ্কসগিভিং ভ্রমণে বিঘ্ন

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সন্ধ্যায় ফেডএক্সের একটি কার্গো জেট রানওয়ে ছাড়িয়ে এগিয়ে গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি ২৬আর রানওয়ে অতিক্রম করে যায়।
ঘটনার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বিমানবন্দরে গ্রাউন্ড স্টপ জারি করে। এতে থ্যাঙ্কসগিভিং ছুটির ব্যস্ত ভ্রমণ মৌসুমে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, বড় কার্গো জেটটি একটি ব্যস্ত সড়কের পাশের বেড়ার কাছে থেমে আছে।
রানওয়ে ছাড়িয়ে যাওয়ার পর ৯আর রানওয়ে ছাড়া বিমানবন্দরের বাকি সব রানওয়ে বন্ধ করে দেওয়া হয়।
মায়ামি-ডেড ফায়ার রেসকিউ ঘটনাস্থলে পৌঁছায়। তারা জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি।
এফএএর এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম কমান্ড সেন্টারের পরামর্শ অনুযায়ী, গ্রাউন্ড স্টপটি রাত ৮টা ১৬ মিনিটে কার্যকর হয়। পরামর্শে কারণ হিসেবে একটি অচল বিমানের কথা বলা হয় এবং বিধিনিষেধ বাড়ানোর মাঝারি সম্ভাবনার কথা উল্লেখ করা হয়। গ্রাউন্ড স্টপটি রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত থাকার কথা ছিল।
এফএএর পরামর্শ অনুযায়ী, বুধবার সন্ধ্যায় মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটে গড়ে ৪৪ মিনিট বিলম্ব হয়, সর্বোচ্চ বিলম্ব পৌঁছায় ৭৮ মিনিটে।
ঘটনাটি ঘটেছে প্রায় তিন মাস পর, যখন একই বিমানবন্দরে প্রাইম এয়ারের একটি কার্গো জেট ৩০ নম্বর রানওয়ে ছাড়িয়ে গিয়েছিল এবং সেই ঘটনায় পাঁচজন নিহত হয়েছিলেন।




