যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের দিনে প্লিমাউথে আদিবাসীদের ৫৭তম ‘জাতীয় শোক দিবস’
যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ মানুষ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পরিবার ও বন্ধুদের সঙ্গে থ্যাংকসগিভিং উদ্যাপন করছেন। একই দিনে ম্যাসাচুসেটসের প্লিমাউথে আদিবাসী জনগোষ্ঠীর মানুষ ও তাঁদের সমর্থকেরা জড়ো হচ্ছেন ৫৭তম বার্ষিক ‘জাতীয় শোক দিবস’ পালনে।
অনেক আদিবাসীর কাছে থ্যাংকসগিভিংয়ের প্রচলিত গল্প শত শত বছরের উপনিবেশ, ভূমি দখল ও জোরপূর্বক উচ্ছেদের ইতিহাসকে আড়াল করে। তবে আদিবাসী অধিকারকর্মীরা বলছেন, এই দিনটি তাঁদের সম্প্রদায়ের চলমান সমস্যাগুলো তুলে ধরারও সুযোগ—সার্বভৌমত্বের লড়াই, পূর্বপুরুষের ভূমি রক্ষা এবং সারা বছর নিজেদের কণ্ঠ শোনানোর সংগ্রাম।
যুক্তরাষ্ট্রে প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার থ্যাংকসগিভিং দিবস পালিত হয়; এ বছর তা পড়েছে বৃহস্পতিবার, ২৬ নভেম্বর। ১৮৬৩ সালে গৃহযুদ্ধের মাঝে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন নভেম্বরের শেষ বৃহস্পতিবার জাতীয় থ্যাংকসগিভিং দিবস পালনের ঘোষণা দেন। ১৯৪১ সালে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবারকে থ্যাংকসগিভিং দিবস হিসেবে নির্ধারণ করে।
জাতীয় শোক দিবস পালিত হয় একই দিনে। আদিবাসীদের নেতৃত্বে আয়োজিত এই বার্ষিক সমাবেশ ও প্রতিবাদে আদিবাসী পূর্বপুরুষদের সম্মান জানানো হয়, প্রচলিত থ্যাংকসগিভিং আখ্যানকে প্রশ্ন করা হয় এবং আদিবাসী জনগোষ্ঠীর চলমান সংগ্রামের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়। ১৯৭০ সালে ম্যাসাচুসেটসের প্লিমাউথে প্রথম এই দিবস পালিত হয়।
যুক্তরাষ্ট্রের অন্যত্রও আদিবাসীদের নেতৃত্বে সমাবেশ ও অনুষ্ঠান হয়; এর মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়ার অ্যালকাট্রাজ দ্বীপে ‘আদিবাসী জনগণের থ্যাংকসগিভিং সূর্যোদয় সমাবেশ’।
যুক্তরাষ্ট্রের এই উদ্যাপনের সূত্রপাত সাধারণত ১৬২১ সালের শরৎকাল থেকে ধরা হয়, যখন বর্তমান প্লিমাউথ, ম্যাসাচুসেটসে ইংরেজ বসতি স্থাপনকারীরা ও ওয়ামপানোয়াগ জনগোষ্ঠীর সদস্যরা তিন দিনের ফসল উৎসবে একত্র হয়েছিলেন। তবে ইউরোপীয় বসতি স্থাপনকারীদের আগমনের অনেক আগেই আদিবাসীদের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশের ঐতিহ্য ছিল।
বোস্টনের নর্থ আমেরিকান ইন্ডিয়ান সেন্টারের প্রেসিডেন্ট জঁ-লুক পিয়েরিট আল জাজিরাকে বলেন, ‘কৃতজ্ঞতার ধারণা এই মহাদেশে আনতে উপনিবেশের প্রয়োজন হয়নি। আদিবাসী হিসেবে আমাদের নিজেদের ভোজের, কৃতজ্ঞতা প্রকাশের, সম্প্রদায়ে মিলিত হওয়ার নিজস্ব রীতি ছিল।’
১৬২০ সালের নভেম্বরে মেফ্লাওয়ার জাহাজে ১০২ জন উপনিবেশী বর্তমান ম্যাসাচুসেটসে পৌঁছান। পরে তাঁরা ওয়ামপানোয়াগ জনগোষ্ঠীর পূর্বপুরুষের ভূমিতে, পাটাক্সেট নামের একটি গ্রামের জায়গায় প্লিমাউথ নামে বসতি গড়েন। তাঁদের আগমনের আগে ইউরোপীয় সংস্পর্শের সঙ্গে যুক্ত ধারাবাহিক মহামারিতে ওই অঞ্চলের বহু আদিবাসী মারা গিয়েছিলেন।
১৬২১ সালের মার্চে ওয়ামপানোয়াগ নেতা উসামেকুইন, যিনি মাসাসয়েট নামেও পরিচিত, পারস্পরিক সুরক্ষার জন্য ইংরেজ বসতি স্থাপনকারীদের সঙ্গে মৈত্রী স্থাপন করেন। ওই বছরের শেষ দিকে অন্তত ৯০ জন ওয়ামপানোয়াগ পুরুষ ও প্রায় ৫০ জন ইংরেজ বসতি স্থাপনকারী একটি ফসল সমাবেশে অংশ নেন, যা পরে ‘প্রথম থ্যাংকসগিভিং’ নামে পরিচিত হয়। ইংরেজ বসতি স্থাপনকারী এডওয়ার্ড উইনস্লো এই মুহূর্তের বিবরণ লিখে গেছেন।
এই মিলন ইউরোপীয় বসতি স্থাপনকারী ও আদিবাসীদের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার গল্পের অংশ হয়ে ওঠে। তবে কিছু আদিবাসী অধিকারকর্মী ও নেতা এই আখ্যান নিয়ে প্রশ্ন তুলেছেন; তাঁদের মতে, এটি উপনিবেশ, ভূমি দখল ও উচ্ছেদের বৃহত্তর ইতিহাসকে উপেক্ষা করে।
পিয়েরিট বলেন, ইতিহাসের একটি ‘পরিশোধিত সংস্করণ’ রয়েছে, যেখানে বসতি স্থাপনকারী ও আদিবাসীরা একত্র হয়ে খাবার ভাগ করে নেন। তাঁর মতে, এই চিত্রায়ণ গত ৪০০ বছরে আদিবাসীদের ভূমি ও প্রাণ হারানোর বিষয়টিকে আড়াল করে।
ইউরোপীয় বসতি সম্প্রসারণের সঙ্গে সঙ্গে যুদ্ধ, জোরপূর্বক স্থানান্তর ও ভঙ্গ করা চুক্তির মাধ্যমে আদিবাসীরা তাঁদের ঐতিহ্যগত ভূমির বিশাল অংশ হারান। ১৮৩০ সালে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন ‘ইন্ডিয়ান রিমুভাল অ্যাক্ট’ আইনে সই করেন, যার ফলে হাজার হাজার আদিবাসীকে তাঁদের মাতৃভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়। পরবর্তী আইনে সংরক্ষিত এলাকার (রিজার্ভেশন) ব্যবস্থা সম্প্রসারিত হয় এবং আদিবাসী ভূমি অনাদিবাসীদের মালিকানায় যাওয়ার সুযোগ তৈরি হয়। আদিবাসীদের ভূমির পরিমাণ ১৮৮৭ সালের প্রায় ১৩ কোটি ৮০ লাখ একর থেকে কমে ১৯৩৪ সালে দাঁড়ায় ৪ কোটি ৮০ লাখ একরে।
ইউনাইটেড আমেরিকান ইন্ডিয়ানস অব নিউ ইংল্যান্ডের (ইউএআইএনই) সহনেতা কিশা জেমস এক বিবৃতিতে বলেন, ‘মেফ্লাওয়ারের আগমনের ৪০০ বছরের বেশি সময় পরও আদিবাসীরা এখনো মৌলিক মানবাধিকার ও নিজেদের মাতৃভূমির পূর্ণ নিয়ন্ত্রণ থেকে বঞ্চিত।’ কিশা জেমস আকুইনাহ ওয়ামপানোয়াগ ও ওগলালা লাকোটা সম্প্রদায়ের সদস্য।
জাতীয় শোক দিবসের সূচনা ১৯৭০ সালে। আকুইনাহ ওয়ামপানোয়াগ অধিকারকর্মী ওয়ামসুত্তা ফ্র্যাংক জেমসকে পিলগ্রিমদের আগমনের ৩৫০ বছর পূর্তির একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। সহিংসতা, ভূমি দখল ও আদিবাসীদের প্রতি আচরণের ইতিহাস নিয়ে তাঁর বক্তব্যে আয়োজকেরা আপত্তি তোলেন; জেমস ভিন্ন একটি সংস্করণ পড়তে অস্বীকার করেন। এর বদলে থ্যাংকসগিভিংয়ের দিনে প্লিমাউথে জড়ো হন আদিবাসী ও তাঁদের সমর্থকেরা—সেখান থেকেই শুরু হয় বার্ষিক এই প্রতিবাদ।
ইউএআইএনইর আয়োজনে এই সমাবেশ এখন স্মরণ, প্রতিরোধ ও আদিবাসী অধিকারের পক্ষে সমর্থন আদায়ের দিনে পরিণত হয়েছে। আজ জেমসের নাতনি কিশা জেমস ইউএআইএনইর সহনেতা। এ বছরের সমাবেশের আগে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘১৯৭০ সালে প্রথম জাতীয় শোক দিবসে আমাদের প্রবীণেরা যেসব সমস্যার কথা বলেছিলেন, তার অনেকগুলোর মুখোমুখি আমরা এখনো হচ্ছি।’
পিয়েরিট বলেন, বছর বছর এই সমাবেশ বড় হয়েছে; আদিবাসী ও অনাদিবাসী—দুই পক্ষের মানুষই এতে অংশ নিচ্ছেন। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন, তাঁরা আদিবাসী হোন বা না হোন।’



