গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, শিল্পাঞ্চলে মোতায়েন ৩২ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শিল্পাঞ্চলে আজ সকালে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও বিক্ষোভ বা সড়ক-মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি, তবে বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোট ৩২ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ প্লাটুন, আনসারের ৫ প্লাটুন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ৮ প্লাটুন সদস্য।
বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের ক্ষতি না হয়, সে লক্ষ্যে বাহিনীগুলো কাজ করছে; বিজিবি সদস্যরা ইতিমধ্যে মাঠে অবস্থান নিয়েছেন এবং অন্য বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রীপুর শিল্পাঞ্চলের ভিনটেক্স ডেনিম, মেঘনা নীট, সাবলাইম, এক্সিকিউটিভ গ্রিনটেক্স, এক্সিকিউটিভ হাই ফ্যাশন, টি ডিজাইন, ডিজাইটেক্স, স্ট্যান্ডার্ড, সাসটেইনেবল, এমএনআর সোয়েটার, এমএনআর ফ্যাশন, ওয়েলডান, টিএস ক্যাজুয়াল, কালার অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইরোর ফ্যাশন, প্যান্ডোরা সোয়েটার, এস্টোটেক্স, ডেনিম্যাক ডেনিম, কেএসএস, ইউনিসেন্স, তাকওয়া, লান্তাবুর, প্যাস্টেল অ্যাপারেলস, ইপোক গার্মেন্টস, নাসা হাইটেক ও স্টাইল লিমিটেডসহ বেশ কয়েকটি কারখানা বন্ধ রয়েছে। জেলার আরও কিছু কারখানাও বন্ধ আছে।
বেতন বাড়ানোর দাবিতে গত এক মাস ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে আগুন দেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের সদস্যরা আহত হন; বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে।
শ্রমিক আন্দোলনের কারণে অনেক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আন্দোলনের সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়ে তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যু হয়।
পরিস্থিতির জেরে জেলার ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩৫টির মতো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বেশ কিছু কারখানার শ্রমিকেরা তিন দিনের ছুটি পেয়ে বাড়ির পথে রওনা হয়েছেন।


