এবিসির আটটি স্টেশনের লাইসেন্স আগাম পর্যালোচনা থামিয়ে দিলেন মার্কিন ফেডারেল বিচারক

যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত বুধবার ফেডারেল কমিউনিকেশনস কমিশনকে (এফসিসি) এবিসির আটটি স্টেশনের সম্প্রচার লাইসেন্সের আগাম পর্যালোচনা থামিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ডিজনির মালিকানাধীন নেটওয়ার্কটির সঙ্গে সংস্থাটির তীব্র দ্বন্দ্বের মধ্যে এই রায় এল।
মার্কিন জেলা বিচারক লোরেন এল. আলিখান এবিসির পক্ষে রায় দিয়েছেন। সংস্থাটি নির্ধারিত সময়ের কয়েক বছর আগেই আটটি স্টেশনের লাইসেন্স নবায়নের প্রক্রিয়া এগিয়ে আনার ঘোষণা দেওয়ার পর এবিসি প্রথম সংশোধনীর ভিত্তিতে এফসিসির বিরুদ্ধে মামলা করেছিল।
রায়ে বিচারক আলিখান লিখেছেন, ‘এটি কাছাকাছি কোনো মামলা নয়।’ অর্থাৎ তাঁর বিবেচনায় মামলার ফলাফল নিয়ে বড় কোনো প্রশ্ন ছিল না।
এবিসি নিউজের একজন মুখপাত্র ফক্স নিউজ ডিজিটালকে বলেছেন, ‘আজকের সিদ্ধান্ত প্রথম সংশোধনীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয়। সযত্নে বিবেচনার জন্য আমরা আদালতকে ধন্যবাদ জানাই।’
অন্যদিকে এফসিসির একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ডিজনির প্রাথমিক নিষেধাজ্ঞার আবেদন আংশিকভাবে নাকচ করার বিষয়টিকে তাঁরা স্বাগত জানালেও রায়ের যে অংশে আবেদন মঞ্জুর করা হয়েছে, সেটি তথ্য ও আইন—দুই দিক থেকেই ভুল এবং সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণকারী নজির তা স্পষ্ট করে।
ওই মুখপাত্র আরও বলেন, এফসিসি এই বিষয়ে পুরোপুরি জয়ী হওয়ার প্রত্যাশা করছে এবং সম্প্রচারকারীদের জনস্বার্থসংক্রান্ত দায়িত্ব পালনে বাধ্য করতে নিজের আইনগত কর্তৃত্ব ব্যবহার চালিয়ে যাবে।
এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডান কার এপ্রিলে এবিসির মালিকানাধীন আটটি স্টেশনের লাইসেন্স আগাম নবায়নের আহ্বান জানিয়েছিলেন। এসব লাইসেন্সের নবায়নের নির্ধারিত সময় ছিল ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে।
স্টেশনগুলো হলো ফ্রেসনোর কেএফএসএন-টিভি, লস অ্যাঞ্জেলেসের কেএবিসি-টিভি, সান ফ্রান্সিসকোর কেজিও-টিভি, শিকাগোর ডব্লিউএলএস-টিভি, নিউইয়র্কের ডব্লিউএবিসি-টিভি, নর্থ ক্যারোলাইনার ডব্লিউটিভিডি, ফিলাডেলফিয়ার ডব্লিউপিভিআই-টিভি এবং হিউস্টনের কেটিআরকে-টিভি।
এফসিসির দাবি, লাইসেন্স নিয়ে এই তৎপরতার কেন্দ্রে রয়েছে ডিজনির বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) চর্চার বৈধতা। তবে কারের ঘোষণাটি এসেছিল এমন এক সময়ে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও এবিসির গভীর রাতের অনুষ্ঠানের উপস্থাপক জিমি কিমেলকে ঘিরে টানাপোড়েন আবার বেড়ে গিয়েছিল।
কিমেল তাঁর অনুষ্ঠানে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে ট্রাম্প প্রশাসনের সদস্যদের লক্ষ্য করে এক বন্দুকধারীর হামলার কয়েক দিন আগে করা সেই মন্তব্য হত্যাচেষ্টার পর জাতীয় পর্যায়ে মনোযোগ কাড়ে। মেলানিয়া ও প্রেসিডেন্ট ট্রাম্প দুজনেই তখন এবিসিকে কিমেলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
এর আগেও গত বছর টার্নিং পয়েন্ট ইউএসএর প্রতিষ্ঠাতা চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে কিমেলের বিতর্কিত মন্তব্যের পর কার ডিজনির বিরুদ্ধে পরোক্ষ হুমকি দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া এফসিসি আলাদাভাবে এবিসির দিনের টক শো ‘দ্য ভিউ’ নিয়েও তদন্ত শুরু করেছে। অনুষ্ঠানটির প্রকৃত সংবাদ অনুষ্ঠান হিসেবে থাকা মর্যাদা বদলে দেওয়ার চেষ্টা হিসেবে এই তদন্তকে দেখা হচ্ছে; ওই মর্যাদার কারণেই নেটওয়ার্কটিকে রাজনৈতিক প্রার্থীদের সমান সময় দেওয়ার দীর্ঘদিনের নিয়ম মানতে হয় না।
আগের আদালত নথিতে এবিসি দাবি করেছে, এফসিসির এসব পদক্ষেপ নেটওয়ার্কটির বাকস্বাধীনতার ওপর শীতল প্রভাব ফেলেছে। এর ফল হিসেবে ‘দ্য ভিউ’ রাজনৈতিক প্রার্থীদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো থেকে বিরত রয়েছে বলেও নেটওয়ার্কটি উল্লেখ করেছে।




