…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

পুয়ের্তো রিকোর সুপ্রিম কোর্টে বাতিল লুমা এনার্জির বিদ্যুৎ চুক্তি, ৫-৪ ভোটে রায়

নিজস্ব প্রতিবেদক

পুয়ের্তো রিকোর সুপ্রিম কোর্ট সরকারের সঙ্গে লুমা এনার্জির চুক্তি বাতিলের পক্ষে রায় দিয়েছেন। পাঁচ-চার ভোটের এই সংকীর্ণ রায়ের মধ্য দিয়ে বেসরকারি বিদ্যুৎ কোম্পানিটিকে ঘিরে বিতর্কিত আইনি লড়াইয়ের অবসান ঘটল এবং লুমার কার্যক্রম শেষ হওয়ার পথ তৈরি হলো।

বুধবার প্রকাশিত রায়ে এক বছরের রূপান্তরকালের কথা বলা হয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে নতুন ব্যবস্থায় যাওয়ার প্রস্তুতি নিতে হবে।

২০১৭ সালে হারিকেন মারিয়া দ্বীপটির বিদ্যুৎ অবকাঠামোতে ব্যাপক ক্ষতি করার পর থেকে পুয়ের্তো রিকোতে বিদ্যুৎ বিভ্রাট লেগেই আছে। যুক্তরাষ্ট্রের এই ভূখণ্ডে আর্থিক ও নীতিগত স্বায়ত্তশাসন নিয়ে বছরের পর বছর তিক্ত বিতর্ক চলেছে।

চুক্তি বাতিলের নির্বাচনী প্রতিশ্রুতি অনুসরণ করে প্রায় এক বছর আগে লুমার বিরুদ্ধে মামলা করে সান হুয়ান সরকার। লুমা ২০২১ সালে পুয়ের্তো রিকোর ইলেকট্রিক পাওয়ার অথরিটির কাছ থেকে সঞ্চালন ও বিতরণ কার্যক্রমের দায়িত্ব নিয়েছিল।

বছরের পর বছর ধরে লুমার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন পুয়ের্তো রিকোর বাসিন্দারা। কোম্পানিটির সেবার খরচ ও মান নিয়ে তাঁরা উদ্বেগ জানিয়ে এসেছেন।

গভর্নর জেনিফার গঞ্জালেজ বলেছেন, আদালতের দেওয়া এক বছরের মধ্যে তাঁর প্রশাসন একটি নতুন কোম্পানি খুঁজবে। তিনি আশ্বস্ত করেছেন, সঞ্চালন ও বিতরণ কার্যক্রম পুয়ের্তো রিকোর ইলেকট্রিক পাওয়ার অথরিটির কাছে ফিরে যাবে না।

গঞ্জালেজ লুমাকে ‘অবিরাম বিভ্রাট’ ও ‘অপ্রয়োজনীয় বিদ্যুৎ বিচ্ছিন্নতার’ জন্য দায়ী করেছেন। তাঁর অভিযোগ, যথাযথ সেবা দেওয়ার মতো পর্যাপ্ত তহবিল থাকা সত্ত্বেও কোম্পানিটি ভূখণ্ডটিতে বিদ্যুতের খরচ রেকর্ড উচ্চতায় নিয়ে গেছে।

অন্যদিকে, দ্বীপটির অর্থব্যবস্থা তদারককারী একটি ফেডারেল নিয়ন্ত্রণ বোর্ড বিবৃতিতে বলেছে, তাদের তাৎক্ষণিক উদ্বেগ বিদ্যুৎ সেবার ধারাবাহিকতা নিয়ে। বোর্ডের মতে, চুক্তি বাতিলের সরকারি সিদ্ধান্ত এমন এক সময়ে বিপুল অনিশ্চয়তা তৈরি করেছে, যখন পুয়ের্তো রিকোর মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠান স্থিতিশীলতা খুঁজছে; কোনো ‘স্পষ্ট পরিকল্পনা বা উত্তরসূরি কোম্পানি’ এখনো ঠিক হয়নি। তবে গঞ্জালেজ এসব উদ্বেগ প্রত্যাখ্যান করে স্পষ্ট ভাষায় বলেছেন, ‘কোনো বিশৃঙ্খলা হবে না।’

সংকীর্ণ এই রায়ের সঙ্গে বিচারকদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও উঠেছে। বাতিলের বিপক্ষে ভোট দেওয়া বিচারক অ্যাঞ্জেল কোলোন পেরেজ দাবি করেছেন, চূড়ান্ত রায়টি এসেছে ক্ষমতাসীন নেতার ‘খামখেয়ালি অনুরোধ মেটানোর অতিরিক্ত আগ্রহ’ থেকে—যা ছিল গভর্নরের দিকেই ইঙ্গিত।

সংখ্যাগরিষ্ঠ পক্ষে থাকা বিচারক রবার্তো ফেলিবের্তি সিনত্রন এই অভিযোগ তীব্রভাবে অস্বীকার করেছেন। তিনি লিখেছেন, ‘আমরা বাইরের চাপের কাছে মাথা নত করি না, ভীতি প্রদর্শনের কাছে নতি স্বীকার করি না, এবং অপপ্রচারকে আমাদের বিচারিক দায়িত্ব পালনে প্রভাব ফেলতে দিই না। আমাদের দায়বদ্ধতা আইন, ন্যায়বিচার, জনগণ এবং নিজেদের বিবেকের কাছে।’

লুমা এনার্জি বুধবার এক বিবৃতিতে বলেছে, তারা আদালতের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করলেও বিচারিক প্রক্রিয়াকে সম্মান করবে এবং ‘উপলব্ধ সব আইনি বিকল্প সতর্কভাবে পর্যালোচনা’ করছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আমেরিকা বিভাগের আরও খবর

মায়ামি বিমানবন্দরে রানওয়ে ছাড়িয়ে গেল ফেডএক্সের উড়োজাহাজ, ফ্লাইট চলাচল বন্ধ
আমেরিকা

মায়ামি বিমানবন্দরে রানওয়ে ছাড়িয়ে গেল ফেডএক্সের উড়োজাহাজ, ফ্লাইট চলাচল বন্ধ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার ফেডএক্সের একটি উড়োজাহাজ রানওয়ে ছাড়িয়ে এগিয়ে গেছে। এ ঘটনার পর বিমানবন্দ…

আমেরিকা

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের দিনে প্লিমাউথে আদিবাসীদের ৫৭তম ‘জাতীয় শোক দিবস’

যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ মানুষ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পরিবার ও বন্ধুদের সঙ্গে থ্যাংকসগিভিং উদ্‌যাপন করছেন। একই দিনে ম্যাসাচুসেটসের প্লিমাউথে আদিবাস…

ইরানের শীর্ষ নেতাদের গুপ্তহত্যার বিষয়ে ট্রাম্প প্রশাসনে নতুন আলোচনা
আমেরিকা

ইরানের শীর্ষ নেতাদের গুপ্তহত্যার বিষয়ে ট্রাম্প প্রশাসনে নতুন আলোচনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে গুপ্তহত্যার অভিযান চালানোর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয…

নিউজার্সিতে হাইস্কুল ফুটবল খেলা চলাকালে গুলি, নিহত ১
আমেরিকা

নিউজার্সিতে হাইস্কুল ফুটবল খেলা চলাকালে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে একটি হাইস্কুল ফুটবল খেলা চলাকালে গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। থ্যাঙ্কসগিভিংয়ের আগের সন্ধ্যায় বুধবার টিনেক হাইস্কুলে হ্…