আগুনে-কমলা ফুল ‘অরেঞ্জ বার্ড’: এক গাছের নানা নাম, মধুতে ভরা গুচ্ছফুল
খুলনার বয়রায় জঙ্গল নার্সারি অ্যাগ্রিকালচার সেন্টারে গত বছর ৪ এপ্রিল চোখে পড়েছিল এক অচেনা ফুল—যার একেকটা পাপড়ি একেক রকম। কখনো সেটিকে মনে হয় একটি পাখি, কখনো গনগনে লাভার গলিত স্রোত বা আগুনের শিখা। আগুনে-কমলা রঙের এই ফুল দেখতে উড়ন্ত পাখির মতো বলেই এর ইংরেজি নাম ‘অরেঞ্জ বার্ড’।
একই ফুলের আরও অনেক নাম রয়েছে। আগুনের শিখার মতো চেহারার জন্য এর নাম ‘লাভা ফ্লাওয়ার্স’। ফুলের মুখের কাছে থাকা চকচকে কালো দাগ দেখে নাম হয়েছে ‘জ্যামি মাউথ’—যেন পাউরুটিতে ব্ল্যাকবেরির জ্যাম লেগে আছে। আবার দুটি খাড়া পাপড়ি দেখে মনে হয়, একটি খরগোশ যেন তার দুটি সাবধানী কান উঁচিয়ে রেখেছে—এ জন্য নাম ‘র্যাবিট ইয়ার্স’। হামিং বার্ড ও সান বার্ড এ ফুলের মধু খেতে আসে বলে এর আরেক নাম ‘হামিং বার্ড প্ল্যান্ট’।
অ্যাকান্থেসি গোত্রের এই উদ্ভিদের প্রজাতিগত নাম Ruttya fruticosa। নামের প্রথমাংশ ‘রাটিয়া’ রাখা হয়েছে ইংরেজ চিকিৎসক ও আইরিশ প্রকৃতিবিদ ড. জন রাটির (১৬৯৭–১৭৭৫) নামে। শেষাংশ ‘ফ্রুটিকোসা’ লাতিন ভাষা থেকে এসেছে, যার অর্থ ‘ঝোপালো’—উদ্ভিদটির বৃদ্ধির ধরন ঝোপালো বলেই এমন নামকরণ।
এটি চিরসবুজ বা আধা-পত্রঝরা প্রকৃতির দ্রুতবর্ধনশীল গুল্ম, যা ৩ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর বাকল রুপালি বা ধূসর-বাদামি রঙের, মসৃণ এবং তাতে কয়েকটি ছোট ছোট গুটি থাকে। কাণ্ড থেকে অনেক শাখা-প্রশাখা বের হয়; সেগুলো এলোমেলোভাবে বাড়তে থাকে, কোনো কোনো শাখা কখনো লতানে স্বভাবও দেখায়। সব মিলিয়ে উদ্ভিদটি শেষে বেশ ঝোপালো রূপ ধরে।
শাখা-প্রশাখায় পাতাগুলো বিপরীতমুখীভাবে জন্মে। পাতা সরল, ডিম্বাকার থেকে উপবৃত্তাকার, ৬ থেকে ১০ সেন্টিমিটার লম্বা; কিনারা মসৃণ বা অখণ্ডিত, অগ্রভাগ সুচালো থেকে কিছুটা ভোঁতা। পাতাগুলো চকচকে—ওপরের পিঠ গাঢ় সবুজ ও নিচের পিঠ ফ্যাকাশে সবুজ, সঙ্গে একটি ছোট বোঁটা থাকে।
শাখার আগায় কয়েকটি ফুল গুচ্ছাকারে ফোটে; একটি গুচ্ছে পাঁচটি পর্যন্ত ফুল থাকে। ফুলগুলো নলাকার ও দ্বিপ্রতিসম, প্রায় ৫ থেকে ৭ সেন্টিমিটার লম্বা। রং উজ্জ্বল কমলা বা হলদে-কমলা, আর একটি পাপড়ির গলা বা গোড়ার দিকটা গাঢ় মেরুন বা কালো বিন্দুবৎ দাগযুক্ত। ফুলের ওপরের ঠোঁটের মতো দুটি পাপড়ি ও নিচে ঠোঁটের মতো তিনটি খণ্ড থাকে; নিচের ঠোঁটের মাঝের খণ্ডটি নিচের দিকে ও সামনের দিকে বাঁকানো থাকে।
সুন্দর ফুলগুলো মধুতে ভরপুর, তা থেকে মধু ঝরে পড়ে। অনেকে এর ফুল ছিঁড়ে মিষ্টি মধু চুষে খান। প্রায় সারা বছরই ফুল ফোটে, তবে প্রধানত বসন্ত, গ্রীষ্ম ও শরৎকালে বেশি ফোটে। ফুলের কোনো সৌরভ নেই, কিন্তু বৈচিত্র্যপূর্ণ রূপ আছে।
এর ফল ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার বাদামি ক্যাপসুল। ফল পাকলে ফেটে বীজ দূরে ছড়িয়ে পড়ে; প্রতিটি ফলের ভেতরে চারটি বীজ থাকে। বীজ থেকে চারা হয়। বসন্ত বা গ্রীষ্মের শুরুতে বয়স্ক কাণ্ড কেটে কলম করেও চারা তৈরি করা যায়। বীজের গাছে ফুল ফুটতে তিন থেকে চার বছর সময় লাগে, কিন্তু শাখা কলমের গাছে পরের বছরই ফুল ফোটে।
এই উদ্ভিদের আদিনিবাস উত্তর-পূর্ব ও পূর্ব ক্রান্তীয় আফ্রিকা অঞ্চল, বিশেষ করে ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া, তাঞ্জানিয়া, উগান্ডা, জিবুতি, ওমান ও ইয়েমেন। উদ্ভিদটি কষ্টসহিষ্ণু—কম যত্নেও বেঁচে থাকে, আর যেকোনো বাগানে বৈচিত্র্য আনে।




