উগান্ডার সেনাপ্রধানের হুমকির ব্যাখ্যা চেয়ে কূটনীতিককে তলব কঙ্গোর

উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে ব্যাখ্যা চেয়ে কিনশাসায় নিযুক্ত উগান্ডার শীর্ষ কূটনীতিককে তলব করেছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআর কঙ্গো)। কাইনেরুগাবা উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনির ছেলে।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া একাধিক পোস্টে জেনারেল কাইনেরুগাবা পূর্ব কঙ্গোর খনিজসমৃদ্ধ ওয়ালিকালে এলাকা বিদ্রোহীদের দখলে যাওয়ার পক্ষে সমর্থন জানিয়েছেন বলে মনে হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, উগান্ডার সামরিক সম্পৃক্ততা শুধু নিরাপত্তা বিবেচনা থেকেই।
কঙ্গোর পররাষ্ট্র মন্ত্রণালয় উগান্ডার দূতকে তলব করে এসব মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে। মন্ত্রণালয় মন্তব্যগুলোকে ‘বিশেষভাবে গুরুতর’ বলে বর্ণনা করেছে এবং বলেছে, এগুলো দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষতি করছে।
এই কূটনৈতিক টানাপোড়েন এমন সময়ে ঘটল, যখন দুই প্রতিবেশী দেশের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে। ২০২১ সাল থেকে পূর্ব কঙ্গোতে ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট মিত্র গণতান্ত্রিক বাহিনীর (এডিএফ) বিরুদ্ধে যৌথ অভিযান চালাচ্ছে দুই দেশের বাহিনী।
উগান্ডা সম্প্রতি ইতুরি প্রদেশে সাবেক যুদ্ধাপরাধী টমাস লুবাঙ্গার নেতৃত্বাধীন একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে কঙ্গো সরকারের মধ্যস্থতার চেষ্টাতেও যুক্ত হয়েছে।
পোস্টগুলোতে কাইনেরুগাবা পূর্ব কঙ্গোতে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী রুয়ান্ডা মুক্তির গণতান্ত্রিক বাহিনীকে (এফডিএলআর) বাহিমা জাতিগোষ্ঠীর সদস্যদের লক্ষ্যবস্তু করার অভিযোগ করেন। বাহেমারা ঐতিহ্যগতভাবে গবাদিপশু পালনকারী সম্প্রদায়; তাঁদের প্রধান বসতি কঙ্গোর উত্তর-পূর্বের ইতুরি প্রদেশে এবং প্রতিবেশী উগান্ডার বাহিমাদের সঙ্গে তাঁদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে।
তিনি উত্তর কিভু প্রদেশের ওয়ালিকালে বিদ্রোহীদের দখলের হুমকিও দেন, পাশাপাশি কঙ্গোতে উগান্ডার সামরিক উপস্থিতির পক্ষে যুক্তি দেন। ওয়ালিকালে খনিজসম্পদে সমৃদ্ধ—সেখানে দেশটির সবচেয়ে বড় টিনের মজুতের কয়েকটি ও বেশ কয়েকটি বড় স্বর্ণখনি রয়েছে।
প্রায় ১৪ লাখ অনুসারী থাকা কাইনেরুগাবার এক্স অ্যাকাউন্টটি এখন আর পাওয়া যাচ্ছে না। তিনি নিজে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করেছেন—যেমনটা তিনি আগেও করেছেন—নাকি প্ল্যাটফর্মটি সেটি স্থগিত করেছে, তা স্পষ্ট নয়। একই সপ্তাহে তিনি ঘোষণা দিয়েছিলেন, ‘উগান্ডায় আমার টুইটগুলো নির্দেশ, যা মানতেই হবে।’
এসব পোস্ট এমন এক সময়ে এল, যখন খবরে বলা হচ্ছিল, বিদ্রোহীরা কঙ্গোর একটি সামরিক বিমান ভূপাতিত করেছে এবং বিমানটিতে বিদেশি ভাড়াটে সেনারা ছিলেন। কাইনেরুগাবা কঙ্গোতে বিদেশি ভাড়াটে সেনাদের উপস্থিতির সমালোচনা করেন।
বুধবার দেওয়া এক বিবৃতিতে কঙ্গোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বিশেষভাবে গুরুতর এসব মন্তব্য একটি বড় গণমাধ্যম ঘটনার জন্ম দিয়েছে এবং সার্বভৌম রাষ্ট্রগুলোর সম্পর্কের ক্ষেত্রে যে সংযম থাকা দরকার, তা ক্ষুণ্ন করেছে।’ বিবৃতিতে আরও বলা হয়, কঙ্গো সরকার আশা করে উগান্ডা তার আনুষ্ঠানিক অবস্থান পরিষ্কার করবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মন্ত্রণালয় আরও জানায়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি কঙ্গো প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও ‘যেকোনো ধরনের উসকানি বা হস্তক্ষেপের’ বিরুদ্ধে দেশটি নিজের মর্যাদা ও প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করবে।
কাইনেরুগাবার সামাজিক মাধ্যমের পোস্টে দুই দেশের সম্পর্কে টান পড়ার ঘটনা এটাই প্রথম নয়। গত বছরের ফেব্রুয়ারিতে তিনি পূর্ব কঙ্গোর বুনিয়া শহর দখলের হুমকি দিয়েছিলেন; তাঁর দাবি ছিল, বাহিমা সম্প্রদায়ের সদস্যরা সেখানে হামলার শিকার হচ্ছেন। ২০২৪ সালেও কঙ্গোতে সক্রিয় বিদেশি ভাড়াটে সেনাদের নিয়ে তাঁর হুমকির পর উগান্ডার কূটনৈতিক প্রতিনিধিকে তলব করেছিল কঙ্গো।
৫২ বছর বয়সী এই জেনারেলকে তাঁর বাবা মুসেভেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়। উসকানিমূলক সামাজিক মাধ্যম পোস্টের জন্য তিনি পরিচিত। ২০২২ সালে প্রতিবেশী কেনিয়া আক্রমণ করে রাজধানী নাইরোবি দখলের হুমকি দিয়ে তিনি কূটনৈতিক বিতর্ক তৈরি করেছিলেন; পরে তাঁর বাবাকে ওই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হয়েছিল।


