অস্ট্রেলিয়ায় ঘরে বয়স্কসেবার কর্মসূচি ‘ব্যর্থ’ বলল সিনেট তদন্ত, অপেক্ষায় থেকে মারা গেছেন হাজারো মানুষ

অস্ট্রেলিয়ায় বয়স্কদের ঘরে সেবা দেওয়ার সরকারি কর্মসূচি ‘সাপোর্ট অ্যাট হোম’ নিয়ে সিনেটের এক তদন্তে বলা হয়েছে, এই কর্মসূচির ত্রুটিপূর্ণ বাস্তবায়নের কারণে অনেক বয়স্ক মানুষ প্রয়োজনীয় সহায়তা পাওয়ার আগেই মারা যাচ্ছেন, অতিরিক্ত ফি দিতে বাধ্য হচ্ছেন এবং প্রস্তুত হওয়ার আগেই হাসপাতাল ও আবাসিক সেবাকেন্দ্রে যেতে বাধ্য হচ্ছেন।
২০২৫ সালের নভেম্বরে চালু হওয়া এই কর্মসূচির প্রভাব খতিয়ে দেখছে তদন্ত কমিটি। চালুর পর থেকেই অভিযোগ উঠেছে, কর্মসূচিটি সেবা পাওয়া কঠিন ও ব্যয়বহুল করে তুলেছে। তদন্ত শেষ হওয়ার কথা ছিল নভেম্বরে, তবে প্রায় ৩০০টি জমা পড়া মতামতের পর তা আরও এক বছর বাড়ানো হয়েছে।
তদন্তের বিশেষ মনোযোগ পেয়েছে বয়স্কদের ঘরে সহায়তার প্রয়োজন মূল্যায়ন ও তহবিল বরাদ্দে ব্যবহৃত অ্যালগরিদমটি। বৃহস্পতিবার পেশ করা অন্তর্বর্তী প্রতিবেদনে অ্যালগরিদমের মূল্যায়ন মানুষের হাতে সংশোধনের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে; তদন্তে প্রমাণ এসেছে, অনেক ক্ষেত্রে প্রয়োজনের চেয়ে কম মূল্যায়ন হওয়ায় বয়স্করা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ও পর্যাপ্ত সহায়তা থেকে বঞ্চিত থাকছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালগরিদমটি মানসিক অবনতির চেয়ে শারীরিক চলাচলকে বেশি গুরুত্ব দেয়; ফলে গুরুতর ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিকেও ‘স্বাবলম্বী’ হিসেবে শ্রেণিবদ্ধ করে পর্যাপ্ত তহবিল থেকে বঞ্চিত করা হতে পারে। অ্যালগরিদমের সিদ্ধান্ত কাঠামোয় মাত্র এক পয়েন্টের পার্থক্যে একজন আবেদনকারীর বছরে প্রায় ৪০ হাজার ডলার তহবিল কমে যেতে পারে।
তদন্তে শোনা গেছে, আপিলের প্রক্রিয়া দীর্ঘ ও কষ্টসাধ্য এবং মূল্যায়নকারীদের ভুল অ্যালগরিদম ফলাফল সংশোধনের ক্ষমতা নেই। এর ফলে মানুষ প্রস্তুত হওয়ার আগেই আবাসিক সেবাকেন্দ্রে যেতে বাধ্য হচ্ছেন কিংবা স্বাস্থ্যের অবনতি হলে হাসপাতালে গিয়ে পড়ছেন।
জুন পর্যন্ত হিসাব অনুযায়ী, সাপোর্ট অ্যাট হোমের একটি জায়গার জন্য সরকারি অপেক্ষমাণ তালিকায় ছিলেন এক লাখ ছয় হাজারের বেশি অস্ট্রেলীয়। অক্টোবরে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অনুমোদিত মাত্রার তহবিলের অপেক্ষায় থেকে ছয় হাজার ৪৩৬ জন মারা গেছেন।
তদন্তে আরও শোনা গেছে, চার হাজার ৮১২ জন বয়স্ক অস্ট্রেলীয় সাপোর্ট অ্যাট হোমের অনুমোদন পেয়েও একটি সেবাও পাওয়ার আগে মারা গেছেন। এক সাক্ষী তদন্তকে বলেছেন, তাঁর বাবা ২৯ এপ্রিল ৯২ বছর পূর্ণ হওয়ার দুই দিন আগে মারা যান, আর তাঁর প্যাকেজটি আসে তিন সপ্তাহ পরে, মে মাসে।
তদন্ত কমিটির চেয়ার, গ্রিনস সিনেটর পেনি অলম্যান-পেইন বলেছেন, ‘লেবার সরকার সাপোর্ট অ্যাট হোমের বাস্তবায়ন স্পষ্টতই ব্যর্থ করেছে এবং বিভ্রান্তিকর আমলাতান্ত্রিক জটিলতার স্তর যোগ করেছে; তবে মূলত এটি নকশারই সমস্যা।’ তিনি আরও বলেন, ‘সেবাদাতারা দাম বাড়িয়ে দিচ্ছে; এই ব্যবস্থা সেবাকে সীমিত করে ও অস্বীকার করে, পরিকল্পিতভাবে প্রয়োজন ও অগ্রাধিকার কম মূল্যায়ন করে এবং প্যাকেজ আটকে রেখে কৃত্রিম সংকট তৈরি করে।’
প্রতিবেদনে একটি উদাহরণে বলা হয়েছে, সাধারণত প্রায় ৫০ ডলার দামের ক্রাচের দাম সাপোর্ট অ্যাট হোম চালুর পর এক হাজার ৮০০ ডলারে পৌঁছেছে; সেবাদাতারা দাম বাড়িয়েছেন ও প্রশাসনিক বাধা যোগ হয়েছে, আর তা পেতে অপেক্ষা করতে হচ্ছে তিন মাস।
ছায়া স্বাস্থ্যমন্ত্রী অ্যান রাস্টন বলেছেন, কমিটি দেখেছে, অনেক সমস্যাই কর্মসূচি চালুর আগেই জানা ছিল বা পূর্বাভাস দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘বয়স্ক অস্ট্রেলীয় ও তাঁদের পরিবার এক বছর ধরে এই সরকারকে বলে আসছেন, সাপোর্ট অ্যাট হোম ভেঙে পড়েছে। লেবার সরকার তাঁদের কথা উড়িয়ে দিয়েছিল, আর এখন সিনেট কমিটি প্রতিটি কথাই নিশ্চিত করেছে।’



