মহাকাশ স্টেশনে ইকবালের কবিতা পড়লেন পাকিস্তানের প্রথম নভোচারী, চীনা সহকর্মীদের শোনালেন অর্থও
চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনের ভেতরে ভাসতে ভাসতে বুধবার নিজের দেশের কবির দিকে ফিরলেন পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী। পাকিস্তানের সবুজ-সাদা পতাকা আঁকা নীল ফ্লাইট স্যুট পরে, পাঁচজন চীনা সহকর্মীকে ঘিরে তিনি আবৃত্তি করলেন পাকিস্তানের জাতীয় কবি মুহাম্মদ ইকবালের একটি যুগলপঙ্ক্তি।
আলী পড়লেন, ‘সিতারোঁ সে আগে জাহাঁ অওর ভি হ্যায় / অভি ইশক কে ইমতিহাঁ অওর ভি হ্যায়’। ভাসমান অবস্থায় নিজেকে স্থির রাখার চেষ্টা করে তিনি দুই পঙ্ক্তির মাঝে সংক্ষিপ্ত বিরতি নেন, প্রথম অংশটি আবার বলেন এবং পুরো পঙ্ক্তিটি শেষ করেন।
এরপর তিনি সহজে মান্দারিন ভাষায় চলে যান এবং চীনা সহকর্মীদের কাছে পঙ্ক্তিটির অর্থ অনুবাদ করে শোনান: ‘তারার ওপারে আরও অগণিত জগৎ আছে, আর সামনে এখনো অগণিত পরীক্ষা বাকি।’
ধন্যবাদ ও হাসি দিয়ে শেষ করতেই নভোচারীরা করতালি ও উল্লাসে ফেটে পড়েন; এরপর মাঝ আকাশে আলিঙ্গন ও হাসিতে মেতে ওঠেন সবাই।
তবে ইকবালের কবিতা পৃথিবী থেকে কক্ষপথে যাত্রা এই প্রথম নয়। এমন প্রথম বিনিময়টি ঘটেছিল ১৯৮৪ সালে, যখন ভারতের প্রথম মহাকাশযাত্রী রাকেশ শর্মা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রশ্নের জবাবে কবির কথা টেনেছিলেন—ওপর থেকে ভারতকে কেমন দেখায় জানতে চেয়েছিলেন গান্ধী।
১৯৯৭ সালে আরেক ভারতীয় বংশোদ্ভূত নভোচারী কল্পনা চাওলা কক্ষপথ থেকে কথোপকথনের সময় তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরালের মুখে ইকবালের কবিতা শুনেছিলেন। গুজরাল সেই একই যুগলপঙ্ক্তির প্রথম পঙ্ক্তিটি আবৃত্তি করেছিলেন, যা কয়েক দশক পরে আলী তাঁর চীনা সহকর্মীদের পড়ে শোনান।
ইকবাল ছিলেন কবি, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ; বিংশ শতাব্দীর শুরুর দিকে দক্ষিণ এশিয়ায় মুসলিম রাজনীতির রূপ গড়তে তাঁর ধারণা ভূমিকা রেখেছিল। তিনি জন্মেছিলেন ১৮৭৭ সালের ৯ নভেম্বর, তৎকালীন ব্রিটিশ ভারতের শিয়ালকোটে; পড়াশোনা করেছেন লাহোর, ইংল্যান্ড ও জার্মানিতে; আইনে যোগ্যতা অর্জন করেন এবং দর্শনে ডক্টরেট পান।
সমগ্র দক্ষিণ এশিয়ায় তিনি এখনো ‘আল্লামা’ নামে ব্যাপক পরিচিত, যার অর্থ বিদ্বান। তিনি মূলত ফারসি ও উর্দুতে লিখতেন; তাঁর ফারসি কবিতা ইরানেও তাঁকে স্থায়ী অনুসারী দিয়েছে, সেখানে তিনি ‘ইকবাল-এ-লাহোরি’ বা লাহোরের ইকবাল নামে পরিচিত।
১৯৩০ সালে এলাহাবাদে সর্বভারতীয় মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করার সময় তিনি পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু ও বেলুচিস্তানকে ব্রিটিশ সাম্রাজ্যের ভেতরে বা বাইরে একটি একক স্বশাসিত রাষ্ট্রে একত্র করার প্রস্তাব দেন। ভাষণে তিনি ‘পাকিস্তান’ শব্দটি ব্যবহার না করলেও তাঁর প্রস্তাবকেই পরে দেশটির সৃষ্টির বৌদ্ধিক ধারণা হিসেবে দেখা হয়; পাকিস্তানে তাঁকে প্রায়ই দেশটির স্বপ্নদ্রষ্টা বলা হয়।
ইকবাল মারা যান লাহোরে ১৯৩৮ সালের ২১ এপ্রিল, দেশভাগে পাকিস্তান সৃষ্টির নয় বছর আগে।
রাকেশ শর্মা ছিলেন ভারতীয় বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার; ১৯৮৪ সালের ৩ এপ্রিল সোভিয়েত সয়ুজ টি-১১ অভিযানে তিনি মহাকাশে যান এবং সালিউত ৭ মহাকাশ স্টেশনে প্রায় আট দিন কাটান। সেবার টেলিভিশনে সম্প্রচারিত কথোপকথনে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁকে জিজ্ঞেস করেছিলেন, ওপর থেকে ভারতকে কেমন দেখায়। শর্মা জবাব দিয়েছিলেন, ‘কোনো দ্বিধা ছাড়াই বলতে পারি, সারা জাহান সে আচ্ছা’—যা ইকবালের ১৯০৪ সালে লেখা বিখ্যাত কবিতা ‘তারানা-এ-হিন্দি’র পঙ্ক্তি ‘সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তান হামারা’র প্রতি ইঙ্গিত।
কল্পনা চাওলা জন্মেছিলেন ভারতের হরিয়ানা রাজ্যে; ১৯৯৭ সালের ১৯ নভেম্বর উৎক্ষেপণ করা মার্কিন মহাকাশ শাটল কলম্বিয়ায় তিনি প্রথম মহাকাশযাত্রা করেন। ২০০৩ সালে পরের মহাকাশ সফরে পৃথিবীতে ফেরার সময় শাটলটি ভেঙে পড়লে সহকর্মীদের সঙ্গে তিনিও মারা যান। বর্তমান পাকিস্তানের ঝিলামে জন্ম নেওয়া গুজরাল উর্দুতে সাবলীল ছিলেন ও কবিতার প্রতি অনুরাগী ছিলেন; ১৯৯৭ সালের শাটল যাত্রায় চাওলার সঙ্গে কথোপকথনে তিনি ইকবালের প্রসঙ্গ তোলেন, সেই যুগলপঙ্ক্তির প্রথম পঙ্ক্তি আবৃত্তি করেন এবং জিজ্ঞেস করেন, ‘তারার ওপারে জগৎ আছে। এখন তুমি সেগুলো দেখেছ। কেমন লাগছে?’ চাওলা জবাব দিয়েছিলেন, ‘এটা খুব বিশেষ অনুভূতি… তুমি যা বলছ, তা খুব আক্ষরিক হয়ে ওঠে।’ তিনি আরও বলেছিলেন, ‘এটা অন্ধকার আকাশের একটি গম্বুজ আর চারদিকে তারা। আর এটি অনেকটা রূপকথার বইয়ের মতো।’



