…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

পদ্মার ভাঙনে অস্তিত্বসংকটে শরীয়তপুরের সুরেশ্বর মাছবাজার, ঝুঁকিতে ১ হাজার ৪০৩ কোটি টাকার বাঁধ

নিজস্ব প্রতিবেদক
পদ্মার ভাঙনে অস্তিত্বসংকটে শরীয়তপুরের সুরেশ্বর মাছবাজার, ঝুঁকিতে ১ হাজার ৪০৩ কোটি টাকার বাঁধ
ছবি: সংগৃহীত

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে অস্তিত্বসংকটে পড়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী সুরেশ্বর মাছবাজার, মাছঘাট ও লঞ্চঘাট। একই সঙ্গে ঝুঁকির মুখে পড়েছে ১ হাজার ৪০৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ পদ্মার ডানতীর রক্ষা বাঁধ।

১৯, ২০ ও ২১ নভেম্বর টানা বৃষ্টির পর সুরেশ্বর মাছঘাট এলাকায় নতুন করে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কে রয়েছেন ব্যবসায়ী, জেলে ও স্থানীয় বাসিন্দারা।

এর আগে গত ১ অক্টোবর একই এলাকায় হঠাৎ বাঁধের প্রায় ১৩৫ মিটার অংশ ধসে নদীতে বিলীন হয়। একই সঙ্গে মাছবাজারের অন্তত ২০টি দোকান নদীগর্ভে চলে যায়। এ ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট প্রায় ২০০ মিটার দক্ষিণে সরিয়ে নেন।

পরে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সেখানে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলে। কিন্তু সাম্প্রতিক ভাঙনে একই স্থানের আরও প্রায় ৮০ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে। এতে আগে ফেলা জিও ব্যাগের অধিকাংশই তলিয়ে গেছে।

নতুন করে ভাঙন শুরুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও সেখানে কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এতে অনিশ্চয়তায় পড়েছেন মাছবাজারের ব্যবসায়ী ও বাসিন্দারা।

গতকাল বুধবার (২৫ নভেম্বর) সরেজমিনে সুরেশ্বর মাছঘাট এলাকায় গিয়ে দেখা যায়, পদ্মার ডানতীর রক্ষা বাঁধের শেষ অংশে মাছঘাটের সামনে পূর্ব ও পশ্চিম পাশে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। নদীতীরের কিছু স্থানে জিও ব্যাগের অস্তিত্ব থাকলেও আগে ফেলা অধিকাংশ জিও ব্যাগ নদীতে তলিয়ে গেছে। বাঁধ নির্মাণের সময় ব্যবহৃত কংক্রিটের ব্লকের অনেক অংশও নদীগর্ভে বিলীন হয়েছে।

ভাঙনের ঝুঁকি বাড়তে থাকায় মাছঘাটের ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিচ্ছেন।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সজল পারভেজ বলেন, সাম্প্রতিক বন্যায় সুরেশ্বর এলাকায় বাঁধের প্রায় ১৩৫ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। পানির উচ্চতা বৃদ্ধি ও নদীর তলদেশে গভীরতা বেড়ে যাওয়ায় সেখানে ভাঙন দেখা দেয়। তখন জরুরি ভিত্তিতে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করা হয়। ১৫ দিনের মধ্যে ১৩৫ মিটার এলাকাজুড়ে ৪০ হাজার ৫০০টি বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছিল।

সজল পারভেজ আরও বলেন, গত তিন দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পদ্মা নদীতে স্রোত ও পানির উচ্চতা বেড়ে যাওয়ায় সুরেশ্বর মাছঘাট এলাকায় আবারও ভাঙন দেখা দিয়েছে। এতে আগে ফেলা জিও ব্যাগগুলো স্রোতে নদীতে তলিয়ে গেছে। বর্তমানে ওই অংশের জন্য নতুন নকশা তৈরি করা হচ্ছে।

পাউবোর এই কর্মকর্তা জানান, গত অক্টোবরে বাঁধে ধস দেখা দেওয়ার পর চার দফা সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় দেখা গেছে, নদীর পাড় থেকে মাত্র পাঁচ মিটার দূরেই পানির গভীরতা ৩০ থেকে ৩৫ মিটার। অথচ ওই এলাকায় স্বাভাবিক গভীরতা থাকার কথা ৩ থেকে ৭ মিটার। নদীর তলদেশের এমন অস্বাভাবিক গভীরতার কারণে সুরেশ্বর মাছবাজার ও আশপাশের এলাকা বেশি ঝুঁকিতে রয়েছে।

এ কারণে পরীক্ষামূলকভাবে ৩৫০ কেজি ওজনের জিও ব্যাগ ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এক বছর এ পদ্ধতির কার্যকারিতা পর্যবেক্ষণের পর কংক্রিটের ব্লক দিয়ে নদীতীর সংরক্ষণের কাজ পুনরায় করার পরিকল্পনা রয়েছে।

পাউবো সূত্রে জানা গেছে, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাজিরা ও নড়িয়া উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক নদীভাঙন দেখা দেয়। এ পরিস্থিতিতে জাজিরার বিলাসপুরের শফিকাজীর মোড় থেকে নড়িয়ার সুরেশ্বর মাছঘাট পর্যন্ত পদ্মার দক্ষিণ তীর রক্ষায় ১০ দশমিক ২০ কিলোমিটার বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। ২০১৯ সালে শুরু হওয়া প্রকল্পটির নির্মাণকাজ শেষ হয় ২০২৩ সালে। এতে ব্যয় হয় ১ হাজার ৪০৩ কোটি টাকা। বাঁধটির শেষ অংশ সুরেশ্বর মাছঘাট এলাকায়।

সুরেশ্বর মাছবাজারের ব্যবসায়ী সুমন দেওয়ান বলেন, ‘মাছঘাটে আমার বাপ-দাদারাও ব্যবসা করেছেন। আমাদের প্রায় ৪৫ বছরের মাছের ব্যবসা। গত মাসে বাজারের মাঝখানের বড় একটি অংশ ভেঙে গেলে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে। কিন্তু গত দুই দিনের বৃষ্টিতে আবারও ওই এলাকা ভেঙে গেছে। জিও ব্যাগগুলো সব নদীতে চলে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে হয়তো আমাদের মাছবাজার আর থাকবে না।’

স্থানীয় জেলেরা জানান, প্রতিদিন ভোরে তাঁরা নৌকায় করে মাছ নিয়ে সুরেশ্বর মাছঘাটে আসেন। সকাল সাড়ে ৮টা পর্যন্ত চলে মাছ কেনাবেচা। প্রতিদিন এ বাজারে কোটি টাকার মাছ বেচাকেনা হয়। বাজারটিকে ঘিরে কয়েক শ জেলে, ব্যবসায়ী, শ্রমিক ও ক্রেতার জীবিকা নির্ভরশীল।

বর্তমানে বাজারটিতে রয়েছে প্রায় ৪০টি মাছের আড়ত, পাঁচটি বরফ বিক্রির দোকান এবং মাছ ও জেলেদের প্রয়োজনীয় খাদ্যপণ্য ও সরঞ্জাম বিক্রির আরও কয়েকটি দোকান। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত জেলে, ক্রেতা, বিক্রেতা ও শ্রমিকদের পদচারণায় মুখর থাকে বাজারটি।

শুধু মাছবাজার নয়, ভাঙনের ঝুঁকিতে রয়েছে সুরেশ্বরের ঐতিহ্যবাহী লঞ্চঘাটও। স্থানীয়দের তথ্য অনুযায়ী, বিংশ শতাব্দীর শুরুর দিকে পদ্মার তীরে সুরেশ্বর এলাকায় বাজার ও নৌবন্দর গড়ে ওঠে। প্রায় ৭০ বছর আগে এখানে পদ্মার মাছ কেনাবেচা শুরু হয়। পরবর্তী সময়ে গড়ে ওঠে বড় মাছবাজার।

এদিকে ভাঙনপ্রবণ ১৬০ মিটার অংশ স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সমীক্ষার ভিত্তিতে একটি নকশা তৈরি করে পাউবোর নকশা বিভাগে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের ভাষ্য অনুযায়ী, নকশাটি অনুমোদনও পেয়েছে। তবে স্থায়ী বাঁধ নির্মাণ বা সংস্কারের জন্য এ মুহূর্তে শরীয়তপুর পাউবোর হাতে প্রয়োজনীয় বরাদ্দ নেই। মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পাওয়া গেলে স্থায়ীভাবে নদীতীর সংরক্ষণের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

খাল-বিল থেকে হারিয়ে যাচ্ছে দারকিনা: কৃত্রিম প্রজননে মিলছে নতুন আশা
কৃষি

খাল-বিল থেকে হারিয়ে যাচ্ছে দারকিনা: কৃত্রিম প্রজননে মিলছে নতুন আশা

একসময় বাংলাদেশের খাল-বিল, পুকুর-ডোবা, নদী-নালা ও ধানখেতে জমে থাকা পানিতে দারকিনা মাছ দেখা যেত। ছোট্ট, সরু শরীরের এই মাছটির গায়ে কালচে দাগ আছে। খেতে …

কৃষি

শেরেবাংলা নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৩ জন পাচ্ছেন জাতীয় পদক

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা …

দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা পাঁচ মাসেও প্রকাশ হয়নি, কাজ ‘শতভাগ শেষ’ দাবি পিআইওর
কৃষি

দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা পাঁচ মাসেও প্রকাশ হয়নি, কাজ ‘শতভাগ শেষ’ দাবি পিআইওর

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রায় দুই কোটি টাকার প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে পাঁচ মাস আগে। প্রকল্প বাস্তবায়…