…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা পাঁচ মাসেও প্রকাশ হয়নি, কাজ ‘শতভাগ শেষ’ দাবি পিআইওর

নিজস্ব প্রতিবেদক
দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা পাঁচ মাসেও প্রকাশ হয়নি, কাজ ‘শতভাগ শেষ’ দাবি পিআইওর
ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রায় দুই কোটি টাকার প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে পাঁচ মাস আগে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাজ শতভাগ বাস্তবায়নের দাবি করলেও এখন পর্যন্ত প্রকল্পগুলোর তালিকা প্রকাশ করা হয়নি। ফলে কোথায়, কবে এবং কত টাকার কাজ হয়েছে, তা জানতে পারছেন না এলাকাবাসী।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের কোটায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে দেওয়ানগঞ্জ উপজেলায় টেস্ট রিলিফ (টিআর) নগদ টাকা কর্মসূচিতে ৮৮ লাখ টাকা বরাদ্দ আসে। এ অর্থে ৫৩টি প্রকল্প নেওয়া হয়েছে।

কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচিতে ৩০ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দে পাঁচটি প্রকল্প নেওয়া হয়। কাজের বিনিময়ে খাদ্যশস্য (কাবিখা) কর্মসূচিতে ৯৩ মেট্রিক টন ৬০০ কেজি চাল ও গম বরাদ্দ আসে। এ কর্মসূচিতে ১২টি প্রকল্প এবং ৪৬ লাখ ৭৫ হাজার টাকার বিপরীতে সাতটি প্রকল্প নেওয়া হয়।

গত জুনের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে জেলা থেকে প্রকল্পগুলোর অনুমোদন হয়। জেলা কর্ণধার কমিটির অনুমোদন ও বরাদ্দ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রকল্পগুলোর কাজ শুরু করার কথা ছিল। প্রকল্পগুলোর নির্ধারিত মেয়াদ শেষ হয় গত ৩০ জুন।

অভিযোগ উঠেছে, প্রকল্পের নাম, বরাদ্দের পরিমাণ, বাস্তবায়নস্থল এবং বাস্তবায়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যদের পরিচয় প্রকাশ না হওয়ায় স্থানীয় বাসিন্দারা তথ্য জানতে পারছেন না। তথ্য অধিকার আইনে নির্ধারিত ফরমে আবেদন করেও প্রকল্পের তালিকা না পাওয়ার অভিযোগ রয়েছে। তালিকা প্রকাশ করেননি পিআইও মোহাম্মদ খবিরুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন।

কার্যাদেশ অনুযায়ী, কাজ শুরুর আগে কমিটির সভাপতির নাম ও বরাদ্দের পরিমাণ উল্লেখ করে প্রতিটি প্রকল্পস্থলে সাইনবোর্ড লাগানোর বাধ্যবাধকতা ছিল। অভিযোগ রয়েছে, পিআইও তা আমলে নেননি। সরেজমিনে পৌর শহর ও ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রকল্পের তথ্যসংবলিত কোনো সাইনবোর্ড দেখা যায়নি। পিআইওর কার্যালয়ের নোটিশবোর্ডেও প্রকল্পের কোনো তালিকা টানানো নেই, সংশ্লিষ্ট ওয়েবসাইটেও প্রকল্পসংক্রান্ত কোনো তথ্য নেই।

স্থানীয় বাসিন্দা সুজন, দিদার মিয়া, বেদেনা বেগম ও হাবিবুর বলেন, সরকারি বরাদ্দের তথ্য জানা নাগরিকের অধিকার। কিন্তু পিআইও ও ইউএনও প্রকল্পের তালিকা প্রকাশ করছেন না। কোথায় কত টাকার কাজ হয়েছে, তা-ও জানতে পারছেন না এলাকাবাসী।

নাম প্রকাশ না করার শর্তে এক গণমাধ্যমকর্মী বলেন, ‘পিআইও এবং ইউএনওর কাছে বারবার প্রকল্পের তালিকা চেয়ে না পেয়ে বাধ্য হয়ে তথ্য অধিকার আইনের ফরমে আবেদন করেছি। কিন্তু আবেদনের পর এক মাস পেরিয়ে গেলেও প্রকল্পের তালিকা দিচ্ছেন না তাঁরা।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও পিআইও মোহাম্মদ খবিরুজ্জামান খান বলেন, ‘গত ৩০ জুনের আগেই সবগুলো প্রকল্পের কাজ শতভাগ বাস্তবায়ন করা হয়েছে।’ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পাঁচ মাস পরও তালিকা প্রকাশ না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যস্ত আছি। পরে কথা হবে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও ইউএনও শাহ্ জহুরুল হোসেন বলেন, ‘প্রকল্পের তালিকা চেয়ে নির্ধারিত ফরমে আবেদন পেয়েছি। প্রকল্পের তালিকা প্রকাশ করার দায়িত্ব পিআইওর। পিআইওকে প্রকল্পের তালিকা সরবরাহ করতে বলেছি।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা বলেন, ‘প্রকল্পের তালিকা প্রকাশ না করার বিষয়টি আমার জানা নেই। প্রকল্পের তথ্য প্রকাশ করা উচিত।’ জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম বলেন, ‘সরকারি বরাদ্দের প্রকল্পের তথ্য জনসমক্ষে প্রকাশ করলে জবাবদিহি থাকে। তথ্যপ্রাপ্তি জনগণের অধিকার। এ ক্ষেত্রে তথ্য সরবরাহ না করাটা অন্যায়।’

স্থানীয় বাসিন্দা ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী মুহাম্মদ মানিক মিয়া বলেন, ‘প্রকল্পের তালিকা প্রকাশ না করাটা দুর্নীতির পর্যায়ে পড়ে। এ ক্ষেত্রে সরকারি বরাদ্দের তথ্য পেতে হয়রানির শিকার হলে ভুক্তভোগী ব্যক্তি অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারবেন।’

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল্লাহেল কাফি বলেন, ‘প্রতিটি প্রকল্পের স্থানে প্রকল্পের যাবতীয় তথ্যসংবলিত সাইনবোর্ড টানিয়ে দেওয়ার বিধান রয়েছে। কেন প্রকল্পের তালিকা প্রকাশ হয়নি, বিষয়টি খোঁজ নেব।’ প্রকল্প অনুমোদনকারী জেলা কর্ণধার কমিটির সভাপতি ও জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, ‘প্রকল্পের তালিকা প্রকাশ করা হয়েছে কি না, সেটা আমি জানি না। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

ফসলের ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগারের ওপর জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

ফসল তোলার পর ক্ষতি কমিয়ে গুণমান ধরে রাখতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু…

১৪২টি কেঁচো দিয়ে শুরু, এখন মাসে ৪৫ হাজার টাকা আয় ডিমলার ছাত্র রশিদের
কৃষি

১৪২টি কেঁচো দিয়ে শুরু, এখন মাসে ৪৫ হাজার টাকা আয় ডিমলার ছাত্র রশিদের

মাত্র ১৪২টি কেঁচো দিয়ে শুরু করেছিলেন আব্দুর রশিদ। দুই বছরের ব্যবধানে সেই উদ্যোগই বদলে দিয়েছে ২২ বছর বয়সী এই যুবকের জীবন। পড়াশোনার পাশাপাশি কেঁচো স…

পায়রার ভাঙনে ধসে পড়েছে সংস্কার করা বাঁধের ১২০ মিটার, ঝুঁকিতে তালতলীর ১০ গ্রাম
কৃষি

পায়রার ভাঙনে ধসে পড়েছে সংস্কার করা বাঁধের ১২০ মিটার, ঝুঁকিতে তালতলীর ১০ গ্রাম

বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় পায়রা নদীর ভাঙনে বারবার বিলীন হচ্ছে বেড়িবাঁধ। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংস্ক…

২৬ নভেম্বর শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেওয়া হবে ২৩টি জাতীয় পদক
কৃষি

২৬ নভেম্বর শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেওয়া হবে ২৩টি জাতীয় পদক

রপ্তানিমুখী প্রাণিসম্পদ শিল্প গড়ে তোলা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের লক্ষ্য নিয়ে আগামী ২৬ নভেম্বর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘জাতীয় প্রাণিসম্পদ স…