২৬ নভেম্বর শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেওয়া হবে ২৩টি জাতীয় পদক

রপ্তানিমুখী প্রাণিসম্পদ শিল্প গড়ে তোলা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের লক্ষ্য নিয়ে আগামী ২৬ নভেম্বর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাজামান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
২৬ নভেম্বর সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সপ্তাহের শুভ উদ্বোধন এবং ‘জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬’ প্রদান করবেন। এ বছর প্রাণিসম্পদ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হবে। এর মধ্যে আটটি স্বর্ণ ও ১৫টি রৌপ্য পদক রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা প্রাঙ্গণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, খামারি ও উদ্যোক্তাদের জন্য ৩৮৪টি স্টল ও ৮৬টি প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এতে ডেইরি ও পোলট্রি শিল্প, ভেটেরিনারি প্রযুক্তি, পশুখাদ্য, প্রাণিজ খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং আধুনিক খামার ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরা হবে।
এ ছাড়া সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ফুড ফেস্টিভ্যাল, সড়ক র্যালি, রেসিপি প্রতিযোগিতা, র্যাম্প-শো, গবেষণা ও প্রযুক্তি হস্তান্তর বিষয়ক সেমিনার এবং টেলিভিশনে বিশেষ আলোচনা অনুষ্ঠান।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরে স্থির মূল্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ, যার আর্থিক আকার প্রায় ৯৪ হাজার ৯ কোটি টাকা।
বর্তমানে দেশের মানুষের দৈনিক মোট প্রাণিজ পণ্য গ্রহণের প্রায় ৫৬ শতাংশই জোগান দিচ্ছে দেশীয় প্রাণিসম্পদ খাত। ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ টন মাংস এবং প্রায় দুই হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে।
রপ্তানি প্রসঙ্গে মন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর ২০২৬) যুক্তরাষ্ট্র, কানাডা, ভিয়েতনাম, চীন, হংকং, ইতালি, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে আট হাজার ৬৪৯ টন প্রাণী ও প্রাণিজাত পণ্য রপ্তানি করে ৩০৯ কোটি টাকা আয় হয়েছে। রপ্তানিকৃত পণ্যের মধ্যে মাংস ও মাংসজাত পণ্য, চামড়া, দুগ্ধজাত পণ্য, বুলস্টিক, ওমাসাম, হাঁসের পালক ও কবুতর অন্যতম।




