চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে এক হাতে ক্যাচ ধরে ভাইরাল মেহরান, পেলেন অর্থ পুরস্কার
পাকিস্তানের সোয়াত প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে এক হাতে ছক্কার বল ক্যাচ ধরে বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছেন ক্রিকেটপ্রেমী মেহরান খান।
ঘটনাটি ঘটে মিনগোরায় সোয়াত প্রিমিয়ার লিগের ম্যাচ চলার সময়। মেহরান মাঠের পাশ দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। হঠাৎ এক ছক্কায় বল উড়ে মাঠের বাইরে চলে আসে, আর ঠিক তখনই বাইকের পেছনে বসা মেহরান এক হাতে ক্যাচটি লুফে নেন।
ক্যাচ ধরার অভিজ্ঞতা নিয়ে বিবিসিকে মেহরান বলেন, ‘মোটরসাইকেল চালানো বন্ধুকে বললাম, মাথাটা নিচু করো। আমি ক্যাচটি নেব।’ তিনি আরও বলেন, ‘সত্যি বলতে ক্যাচটা আমি যে নিতে পারব, তা ভাবিনি।’
মেহরান পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চাকরি করেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি এই ক্যাচটি নেন। তিনি বলেন, ‘আমি ক্রিকেটের বড় ভক্ত। নিজে খেলি, খেলাও দেখি। দেখলাম উইকেটে আছেন আবরার লালা এবং এরপরই তিনি বিশাল ছক্কা হাঁকালেন। আমি তখন বাইকচালক বন্ধুকে বললাম মাথা নিচু করতে, যাতে আমি ক্যাচটা নিতে পারি। এরপরই আমি বলটি ধরে ফেলি।’
তিনি বলেন, চেষ্টা করলেও ক্যাচটি শেষ পর্যন্ত তালুবন্দী হবে—এমন আশা তাঁর ছিল না। ভেবেছিলেন বল কাছেই কোথাও পড়বে।
ক্যাচটি নেওয়ার পরপরই সোয়াত প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ মেহরানের জন্য ১০ হাজার পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করে, যা পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়। অঙ্কটি বাংলাদেশি টাকায় প্রায় ৪ হাজার ৫৪৬ টাকা।
ক্যাচের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের মারঘাজারের বাসিন্দা মেহরান বলেন, ‘ভিডিওটি এক রাতেই ভাইরাল হয়ে যায়। প্রথম দিকে আমি এ বিষয়ে কিছুই জানতাম না।’
মেহরান আরও জানিয়েছেন, ক্যাচ নেওয়ার পর বলটি তিনি ফেরত দিয়েছেন। তাঁর ভাষায়, ‘মানুষ বলাবলি করছে আমি নাকি বলটি নিয়ে চলে গিয়েছিলাম, যা একেবারেই সত্যি নয়। আমি ক্যাচ নেওয়ার পরপরই বল ফেরত দিয়েছি।’
ক্রিকেট ম্যাচে গ্যালারির দর্শকদের নজরকাড়া ক্যাচ নেওয়ার নজির আগেও আছে। ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ায় এক ম্যাচ চলাকালে সাবেক ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথামের হাঁকানো ছক্কা তালুবন্দী করেছিলেন একজন ক্যামেরাম্যান; তখন তিনি সিগারেট ফুঁকছিলেন। ২০১৪ সালে নিউজিল্যান্ডে ঘরোয়া এক ম্যাচে গ্যালারির ঢাল বেয়ে গড়িয়ে পড়তে পড়তেই এক হাতে ক্যাচ নেন এক দর্শক। গত বছর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার এক ম্যাচে এক হাতে দুটি পানীয়ের ক্যান ধরে রেখেই অন্য হাতে বল তালুবন্দী করেন এক দর্শক।


-cd8aeb.jpg)