১০ বিলিয়ন ইউরোর নতুন কোম্পানির পরিকল্পনা পেরেজের, বদলে যেতে পারে রিয়াল মাদ্রিদের বাণিজ্যিক কাঠামো
রিয়াল মাদ্রিদের বাণিজ্যিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। ১০ বিলিয়ন ইউরো মূল্যের একটি নতুন বাণিজ্যিক কোম্পানি গঠনের পরিকল্পনা করছেন তিনি, যেখানে সিংহভাগ মালিকানা ক্লাবের হাতেই থাকবে।
তবে বিশাল এই প্রকল্প বাস্তবায়নের আগে ক্লাব সদস্যদের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন পড়বে। পরিকল্পনাটি সদস্যদের গণভোটে তোলার আগে মাদ্রিদ সভাপতিকে সাধারণ সভার অনুমোদন নিতে হবে বলেও জানা গেছে।
কিছুদিন আগেই ক্লাব সদস্যদের বর্তমান মালিকানা কাঠামোর প্রতি পুনরায় আস্থা জুগিয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের ভাগ্য নির্ধারণ করবেন কেবল এর সদস্যরা। অতীতেও এমনই ছিল, ভবিষ্যতেও এমনই থাকবে।’
বাইরের সম্ভাব্য হুমকি রুখতেই এই মেগা প্রকল্প হাতে নিয়েছেন পেরেজ। একই কারণে গত গ্রীষ্মে দেড় বছরের মাথায় আগাম নির্বাচন ডেকেছিলেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পনার আওতায় ‘রিয়াল মাদ্রিদ মাদ্রিদিস্তাস এসএল’ নামে একটি নতুন বাণিজ্যিক কোম্পানি গঠন করা হবে। এই কোম্পানিই ক্লাবের মূল কার্যক্রম ও ব্যবসায়িক দিকগুলো পরিচালনা করবে।
নতুন কোম্পানির ৮০ থেকে ৯০ শতাংশ শেয়ার থাকবে রিয়াল মাদ্রিদের হাতে। বাইরের বিনিয়োগকারীরা ৫ থেকে ১০ শতাংশ শেয়ার নিতে পারবেন, তবে আপাতত ৫ শতাংশই চূড়ান্ত বলে জানা গেছে।
প্রাথমিক হিসাবে ৫ শতাংশ শেয়ারের জন্য ৫০ কোটি ইউরো এবং ১০ শতাংশ শেয়ারের জন্য ১০০ কোটি ইউরো বিনিয়োগ করতে হবে। এতে স্পোর্টস কোম্পানিতে রূপ না নিয়েও বড় অঙ্কের অর্থ পাবে রিয়াল মাদ্রিদ।
ইতিমধ্যে ক্লাবটির বোর্ড এই পরিকল্পনায় সমর্থন জানিয়েছে এবং নতুন কোম্পানি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে। ক্লাবের জেনারেল ম্যানেজার ও বোর্ড সদস্য হোসে আনহেল সানচেজ বর্তমানে এর একমাত্র প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন।
প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে ক্লাবের মূল ব্যবসায়িক কার্যক্রম নতুন প্রতিষ্ঠানের অধীনে চলে যাবে। এখন অপেক্ষা সাধারণ সভার অনুমোদন ও সদস্যদের গণভোটের আনুষ্ঠানিক প্রক্রিয়ার।

-cd8aeb.jpg)