দেশের প্রথম বিজনেস স্কুল হিসেবে এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাব স্কুল অব বিজনেস

দক্ষিণ এশিয়ার মাননিশ্চয়ন ও স্বীকৃতি ব্যবস্থা সাউথ এশিয়ান কোয়ালিটি অ্যাশিওরেন্স সিস্টেমের (এসএকিউএস) অ্যাক্রেডিটেশন অর্জন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব বিজনেস। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম বিজনেস স্কুল হিসেবে এই স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি।
অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনস ইন সাউথ এশিয়া (অ্যামডিসা) এই স্বীকৃতি দিয়েছে। গত ১৭ নভেম্বর থেকে আগামী ২০২৯ সালের ১৭ নভেম্বর পর্যন্ত তিন বছরের জন্য দেওয়া এই অ্যাক্রেডিটেশনের আওতায় রয়েছে ইউল্যাবের বিবিএ, এমবিএ ও ইএমবিএ প্রোগ্রাম।
আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার গুণগত মান, প্রাতিষ্ঠানিক সুশাসন, পাঠদান ও শিক্ষা কার্যক্রম, গবেষণা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা এবং ধারাবাহিক উন্নয়নে ইউল্যাব স্কুল অব বিজনেসের অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে এই অ্যাক্রেডিটেশন দেওয়া হয়েছে।
অ্যামডিসা পরিচালিত এসএকিউএস দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক মাননিশ্চয়ন কাঠামো, যা সার্কের স্বীকৃত একটি সংস্থা। ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্টের (ইএফএমডি) সহযোগিতায় উন্নয়ন করা এই কাঠামোটি তাদের ইকুইস অ্যাক্রেডিটেশন পদ্ধতির আদলে তৈরি। এর মাধ্যমে একটি বিজনেস স্কুলের পাঠ্যক্রমের প্রাসঙ্গিকতা, শিক্ষকদের দক্ষতা, গবেষণা, প্রাতিষ্ঠানিক সুশাসন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততাসহ সামগ্রিক কার্যক্রম মূল্যায়ন করা হয়।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সমপর্যায়ের মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী, নিয়োগদাতা ও একাডেমিক অংশীদারদের কাছে প্রতিষ্ঠানের শিক্ষার মান ও ধারাবাহিক উন্নয়নের অঙ্গীকারের একটি স্বাধীন মূল্যায়ন তুলে ধরা হয়।
এই অর্জন প্রসঙ্গে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা বলেন, এই অ্যাক্রেডিটেশন ইউল্যাব পরিবারের সবার জন্য গর্বের একটি অর্জন। শিক্ষার্থীদের জন্য এটি তাদের শিক্ষার মান সম্পর্কে একটি স্বাধীন নিশ্চয়তা দেবে এবং তাদের অর্জিত ডিগ্রির গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় করবে। তিনি বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর অ্যাক্রেডিটেশন প্রক্রিয়াটি তদারকি করা ছিল তাঁর প্রথম দিকের অন্যতম দায়িত্ব; সে বিবেচনায় এই অর্জন তাঁর কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
উপাচার্য এই অর্জনে ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এবং স্কুল অব বিজনেসের অন্তর্বর্তীকালীন ডিন অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্যের দিকনির্দেশনা ও সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি স্কুল অব বিজনেসের সাবেক ডিন অধ্যাপক ড. সরওয়ার উদ্দিন আহমেদ, বিভাগের প্রধান ড. ওয়াজির আহমদ, অ্যাক্রেডিটেশন দল, প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চিতকরণ সেল, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং শিল্পপ্রতিষ্ঠানের অংশীদারদের সম্মিলিত অবদানের স্বীকৃতি দেন।
এই অ্যাক্রেডিটেশন অর্জনের জন্য ইউল্যাব স্কুল অব বিজনেসকে একটি পূর্ণাঙ্গ স্ব-মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত করতে হয়েছে। এরপর আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মূল্যায়ন দলের মাধ্যমে পর্যালোচনা সম্পন্ন হয়। সবশেষে এসএকিউএস অ্যাক্রেডিটেশন অ্যাওয়ার্ডিং কমিটির অনুমোদনের মাধ্যমে এই স্বীকৃতি প্রদান করা হয়।



