প্রাথমিকে মিড ডে মিল চালু ও শিক্ষামূলক কাজে যুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির
প্রাথমিকের শিক্ষার্থীদের শিক্ষামূলক বিভিন্ন কাজে যুক্ত করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। শিশু-কিশোর বয়স থেকে যেন শিক্ষার্থীরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই এই সুপারিশ করা হয়েছে। কমিটি মিড ডে মিল চালু করার সুপারিশও করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মাহমুদা হাবিবার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সাদিক রিয়াজ, ইলিয়াস মোল্লা, মোক্তার আলী ও মাহফুজা হান্নান অংশ নেন।
বৈঠকে চলমান অনানুষ্ঠানিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম এবং পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রাথমিক পর্যায়ের শিক্ষায় নৈতিক শিক্ষা বাস্তবায়নে প্রতিটি বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক পদায়নের পরামর্শ দেয় কমিটি।
পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদান এমনভাবে পরিচালনার সুপারিশ করা হয়, যাতে শিক্ষার্থীদের প্রাইভেট বা কোচিংয়ের ওপর নির্ভর করতে না হয়।
এ ছাড়া দেশে সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষানীতি প্রণয়ন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, যোগ্য শিক্ষক নিয়োগ বাড়ানো এবং শিক্ষাপদ্ধতি ও পাঠ্যক্রম যুগোপযোগী করার সুপারিশ করা হয়।
প্রাথমিক শিক্ষকদের নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির প্রক্রিয়া সহজ ও দ্রুত করার উপায় বের করতেও মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে কমিটি।
পাশাপাশি মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতি তিন মাস অন্তর কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।
বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব ও কমিটি সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব দাউদ মিয়া, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



