ইসরায়েলের অভিযোগে বরখাস্ত আনরোয়া কর্মীদের বিষয়ে প্রশ্ন তুলল জাতিসংঘ ট্রাইব্যুনাল, এক কর্মীকে ক্ষতিপূরণ
জাতিসংঘের একটি ট্রাইব্যুনাল ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা আনরোয়ার (ইউএনআরডব্লিউএ) কর্মী বরখাস্তের সিদ্ধান্তের পেছনে ব্যবহৃত প্রমাণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। ট্রাইব্যুনাল বলেছে, ওই সিদ্ধান্ত প্রায় সম্পূর্ণভাবে ইসরায়েল সরকারের অপ্রমাণিত অভিযোগের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছিল।
ইসরায়েলের অভিযোগের পর ২০২৪ সালের জানুয়ারিতে নয়জন ফিলিস্তিনি কর্মীকে বরখাস্ত করে আনরোয়া। অভিযোগ ছিল, তাঁরা ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলায় অংশ নিয়েছিলেন।
জাতিসংঘের ভেতরে নিরপেক্ষ ট্রাইব্যুনাল আনরোয়া ডিসপিউট ট্রাইব্যুনাল উল্লেখ করেছে, জাতিসংঘের অভ্যন্তরীণ তদন্তে ইসরায়েল যাঁদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ এনেছিল, সেই ১৯ জন কর্মীর সাক্ষ্য অন্তর্ভুক্ত হয়নি। বৃহস্পতিবার আল জাজিরার দেখা রায়ে এ কথা বলা হয়েছে।
রায়ে বলা হয়েছে, ‘নিরাপত্তাজনিত উদ্বেগের’ কারণে জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি সেবা দপ্তর (ওআইওএস) ‘ওই ১৯ জন কর্মীর সাক্ষাৎকার নিতে এবং অভিযোগের জবাব দেওয়ার স্বাভাবিক ন্যায্য প্রক্রিয়া তাঁদের দিতে সক্ষম হয়নি’।
ট্রাইব্যুনাল আরও বলেছে, কর্মীদের বিরুদ্ধে অভিযোগগুলো ‘প্রায় সম্পূর্ণভাবে ইসরায়েলের দখলে থাকা তথ্যের ওপর ভিত্তি করে’ তৈরি। রায়ে বলা হয়েছে, ‘সেই তথ্য ইসরায়েলি কর্তৃপক্ষের হেফাজতেই রয়ে গেছে এবং ঠিক কীভাবে, কার দ্বারা, কখন ও কোথায় তা সংগ্রহ করা হয়েছিল, তা কেবল তারাই জানে।’
ইসরায়েল দাবি করেছিল, আটক করা টেলিফোন কথোপকথন ও বার্তা কর্মীদের হামলায় জড়িত থাকার প্রমাণ। সেগুলো নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ট্রাইব্যুনাল, যার মধ্যে ‘ইসরায়েলি কর্মকর্তাদের দ্বারা হামাসের কর্মী হিসেবে চিহ্নিত’ এক ব্যক্তির সঙ্গে কথোপকথনও রয়েছে।
রায়ে বলা হয়েছে, ‘তদন্ত প্রতিবেদনে ওআইওএস নিশ্চিত করেনি যে ফোনকারী ব্যক্তি হামাসের কর্মী ছিলেন বলে তারা সন্তুষ্ট, কিংবা গ্রহণকারী ফোনের “ব্যবহারকারী” আবেদনকারীই ছিলেন।’
রায়ে আরও বলা হয়েছে, হামাসের এক কর্মী ও আনরোয়া কর্মীর মধ্যে কথিত আটক ফোনকলের একটি দাবি ছিল একটি নকল (ডুপ্লিকেট) সিম কার্ড নিয়ে, যা গাজায় সাধারণ ঘটনা। রায়ে বলা হয়েছে, ‘নির্ধারণ করা হয়েছে যে ওই সিম কার্ডসংক্রান্ত আটক কলগুলোতে করা মন্তব্যগুলো আনরোয়া কর্মীর করা ছিল না, যেমনটি প্রথমে অভিযোগ করা হয়েছিল।’
১১ নভেম্বর তারিখের রায়ে ট্রাইব্যুনাল বলেছে, বরখাস্ত হওয়া নয়জনের একজন আবু আওয়াদকে বরখাস্তের সিদ্ধান্তের সমর্থনে প্রমাণ উপস্থাপন করতে আনরোয়া ব্যর্থ হয়েছে। ইসরায়েলি প্রমাণকে অসমর্থিত এবং ‘সীমিত প্রমাণমূল্য ও নির্ভরযোগ্যতার’ বলে বর্ণনা করে ট্রাইব্যুনাল আওয়াদকে এক বছরের বেতন এবং ‘নৈতিক ক্ষতির’ জন্য ৫ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।
এই রায় গাজায় কাজ করা প্রধান মানবিক সংস্থা আনরোয়ার সিদ্ধান্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে, কারণ সংস্থাটি ইসরায়েলের অভিযোগের ভিত্তিতেই ফিলিস্তিনি কর্মীদের বরখাস্ত করেছিল।
২০২৪ সালের জানুয়ারিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে পরামর্শের পর তৎকালীন আনরোয়া কমিশনার জেনারেল ফিলিপ লাজ্জারিনি নয়জন কর্মীর চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেন। তাঁদের বরখাস্তের চিঠিতে বলা হয়েছিল, তাঁদের বিরুদ্ধে অভিযোগ ‘খুবই গুরুতর ও বিশ্বাসযোগ্য’।
পরে জাতিসংঘের তদন্তে সিদ্ধান্তে পৌঁছানো হয় যে তাঁরা সম্ভবত ৭ অক্টোবরের হামলায় জড়িত ছিলেন, এবং তার ভিত্তিতে বরখাস্তের সিদ্ধান্ত বহাল থাকে।
তবে এরপরও আনরোয়াকে দাতাদের কাছ থেকে বড় ধরনের তহবিল কাটছাঁটের মুখে পড়তে হয়েছে। সংস্থাটির প্রায় ৬০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে, গাজায় বেতন ২০ শতাংশ কমানো হয়েছে এবং ছিটমহলটিতে মানবিক সংকট আরও গভীর হওয়ার মধ্যে ইসরায়েলের বাধায় ত্রাণ প্রবেশ সীমিত রয়ে গেছে।

