২০১৮ সালে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন ফরাসি অভিনেতা জেরার দেপার্দিয়ে

২০১৮ সালে প্যারিসে নিজের বাড়িতে এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে ফরাসি অভিনেতা জেরার দেপার্দিয়েকে বিচারের মুখোমুখি হতে হবে বলে নিশ্চিত করেছে প্যারিসের একটি আপিল আদালত। বৃহস্পতিবার তাঁর এক আইনজীবী এ তথ্য জানিয়েছেন।
অভিযোগকারী অভিনেত্রী শার্লট আর্নল্ড ২০১৮ সালে প্রথম অভিযোগ দায়ের করেন; তখন তাঁর বয়স ছিল ২২ বছর। একটি নাটকের মহড়া দিতে দেপার্দিয়ের বাড়িতে যাওয়ার কয়েক দিন পর তিনি কথিত ধর্ষণের কথা জানান। আর্নল্ড নিজের নাম গোপন রাখার অধিকার ত্যাগ করেছেন।
দেপার্দিয়ের আইনজীবী দেলফিন মেইয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) লিখিত বার্তায় জানিয়েছেন, ৭৭ বছর বয়সী এই অভিনেতাকে আর্নল্ডের জানানো দুটি কথিত ধর্ষণের মধ্যে মাত্র একটির জন্য বিচারের মুখোমুখি হতে হবে।
আপিল আদালত বলেছে, ২০১৮ সালের ৭ আগস্ট তাঁর বাড়িতে যা ঘটেছিল, তার জন্য দেপার্দিয়েকে বিচারের মুখোমুখি হতে হবে; তবে ছয় দিন পর একটি হোটেলে আরেকটি কথিত ধর্ষণের জন্য তাঁর বিচার হবে না। ওই দিনের ঘটনার অনেকটাই অভিনেতার নিজের সিসিটিভিতে ধরা পড়েছিল।
দেপার্দিয়ে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি তদন্তকারী বিচারকের ২০২৫ সালের আগস্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন, যেখানে তাঁকে বিচারের জন্য পাঠানো হয়েছিল। প্যারিসের আপিল আদালত বৃহস্পতিবার দুটি কথিত ধর্ষণের একটির ক্ষেত্রে সেই সিদ্ধান্ত বহাল রাখে।
মেইয়ে এপিকে বলেছেন, ‘তিনি এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।’ তবে দেপার্দিয়ে আরও আপিল করবেন কি না, তা তিনি নির্দিষ্ট করে জানাননি। দেপার্দিয়ের আরেক আইনজীবী দাভিদ-অলিভিয়ে কামিনস্কি সাংবাদিকদের বলেছেন, আদালত আংশিকভাবে তাঁদের পক্ষে রায় দিয়েছে; রায় হাতে পেলেই তাঁরা ক্যাসেশন আদালতে আপিলের সম্ভাবনা খতিয়ে দেখবেন।
আর্নল্ডের আইনজীবী কারিন দ্যুরিও দিয়েবল্ট বৃহস্পতিবার প্যারিস আপিল আদালতের বাইরে বলেছেন, এই রায় তাঁর মক্কেলের জন্য বিজয় এবং ‘সত্যিকারের স্বস্তি’। তিনি বলেছেন, এই রায় একটি ‘প্রথম’ ঘটনা এবং আসন্ন বিচার হবে ঐতিহাসিক।
আর্নল্ডের মামলাটি প্রথমে অপর্যাপ্ত প্রমাণের কারণে খারিজ হয়ে গিয়েছিল। পরে তিনি দেওয়ানি অভিযোগ দায়ের করলে ২০২০ সালের গ্রীষ্মে বিচারিক তদন্ত শুরু হয়। দেপার্দিয়ে শার্লট আর্নল্ডের বাবার বন্ধু ছিলেন।
২০২৩ সালে ল্য ফিগারোতে প্রকাশিত এক চিঠিতে দেপার্দিয়ে আর্নল্ডের অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে লিখেছিলেন, ‘আমাদের মধ্যে কখনো কোনো জোরজবরদস্তি বা সহিংসতা ছিল না।’
এর আগে চলতি মাসের শুরুর দিকে আলাদা একটি মামলায় যৌন নিপীড়নের দণ্ডের বিরুদ্ধে আপিল প্রত্যাহার করে নেন দেপার্দিয়ে। ২০২১ সালে একটি ছবির সেটে দুই নারীকে যৌন নিপীড়নের দায়ে ২০২৫ সালের মে মাসে তাঁকে দোষী সাব্যস্ত করে ১৮ মাসের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়; তাঁকে যৌন অপরাধীদের নিবন্ধন তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
১৬ নভেম্বর লিখিত বিবৃতিতে দেপার্দিয়ে বলেন, ‘আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।’ তিনি বলেন, তিনি দণ্ড মেনে নিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘যাঁরা কষ্ট পেয়ে থাকতে পারেন, তাঁদের কাছে আমি গভীর ও আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি।’
দেপার্দিয়ে ছিলেন ফরাসি সিনেমার একজন প্রধান ব্যক্তিত্ব; ‘গ্রিন কার্ড’, ‘দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্ক’ ও অ্যাসটেরিক্স ছবিগুলোতে অভিনয় করেছেন তিনি। ‘সিরানো দ্য বের্জেরাক’ ছবির জন্য অস্কার মনোনয়ন এবং ‘গ্রিন কার্ড’-এর জন্য গোল্ডেন গ্লোব পেয়েছিলেন তিনি। ১৯৯৬ সালে তাঁকে ফ্রান্সের লেজিওঁ দোনর সম্মাননা দেওয়া হয়।
এ ছাড়া ২০১৮ সালে ‘থালাসো’ ছবির সেটে কথিত ‘দলবদ্ধ ধর্ষণ’-এর প্রতিবেদনের পর ফরাসি কর্তৃপক্ষ গত সপ্তাহে নিশ্চিত করেছে, দেপার্দিয়ে ও ফরাসি লেখক মিশেল উয়েলবেকের বিরুদ্ধে ‘যৌন প্রকৃতির অভিযোগ’ নিয়ে আলাদা তদন্ত চলছে।


