লিবিয়ার জলসীমায় রুশ জাহাজে ইউক্রেনের হামলায় ক্ষুব্ধ ইতালি, সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ
লিবিয়ার জলসীমায় রুশ জাহাজে ইউক্রেনের হামলার নিন্দা জানিয়েছে ইতালি। রোম বলেছে, লিবিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করা ইউক্রেনের জন্য ভুল হয়েছে। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে সামরিক সহায়তাসহ ইউক্রেনের পাশে থাকা ইতালির এই অবস্থান দুই দেশের সম্পর্কে বিরল ফাটল হিসেবে দেখা হচ্ছে।
কিয়েভের দাবি, রোববার রাতে লিবিয়া উপকূলে তারা একটি রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে এবং সামরিক সরঞ্জাম বহনকারী একটি পণ্যবাহী জাহাজে আঘাত হেনেছে। পূর্ব লিবিয়ার বাহিনীর ভাষ্য অনুযায়ী, পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি বন্দরে যুদ্ধজাহাজে হামলায় স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) দুই নৌ কর্মকর্তা নিহত হয়েছেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জাহাজগুলোকে বৈধ লক্ষ্যবস্তু বলে বর্ণনা করে বলেছেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার আইনি অধিকার কিয়েভের রয়েছে। টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ইউক্রেনের পদক্ষেপ লিবিয়া বা এর জনগণের ক্ষতি করার উদ্দেশ্যে ছিল না এবং কিয়েভ লিবিয়ার আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে। তিনি আরও বলেন, ইউক্রেন কাউকে যুদ্ধে টেনে আনছে না বা যুদ্ধ অন্য কোথাও সরিয়ে নিচ্ছে না।
ত্রিপোলিভিত্তিক প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মুসা আল-কোনি এই হামলাকে লিবিয়া রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য লিবিয়া কর্তৃপক্ষ ইউক্রেন পক্ষকে সম্পূর্ণ দায়ী করে।
পূর্ব ও দক্ষিণ লিবিয়ার নিয়ন্ত্রণে থাকা এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এলএনএ উপযুক্ত সময়, স্থান ও উপায়ে ইউক্রেনের হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। লিবিয়া বর্তমানে ত্রিপোলিতে জাতিসংঘ-স্বীকৃত সরকার এবং বেনগাজিভিত্তিক সমান্তরাল প্রশাসনের মধ্যে বিভক্ত; বেনগাজি প্রশাসনের পেছনে রয়েছে এলএনএ ও এর কমান্ডার খলিফা হাফতার।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি বলেছেন, লিবিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করা ইউক্রেনের ভুল হয়েছে এবং লিবিয়ায় ছোট সামরিক উপস্থিতি থাকা রোম এই অভিযানের বিষয়ে আগাম কোনো তথ্য পায়নি। ইতালির কোরিয়েরে দেল্লা সেরা পত্রিকাকে তিনি বলেন, লিবিয়ার আঞ্চলিক জলসীমায়, এমনকি একটি বন্দরের ভেতরে হামলার কিয়েভের অভিপ্রায় সম্পর্কে ইতালি সম্পূর্ণ অজ্ঞ ছিল।
ইতালির জোট সরকারের অংশীদার কট্টর ডানপন্থী লিগ পার্টিও হামলার সমালোচনা করে বলেছে, এটি লিবিয়ার ভেতরে অস্থিতিশীলতা ছড়ানোর ঝুঁকি তৈরি করেছে। কিয়েল ইনস্টিটিউট থিংক ট্যাংকের তথ্য অনুযায়ী, ইতালি ইউক্রেনকে ৩০০ কোটি ইউরোর বেশি মূল্যের সামরিক সহায়তা দিয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞাকে সমর্থন করেছে। তবে আরও সহায়তা নিয়ে ইতালির সরকারের ভেতরে বিভাজন রয়েছে; উপপ্রধানমন্ত্রী ও লিগ নেতা মাত্তেও সালভিনি আরও অস্ত্র পাঠানো বা অর্থায়নের বিরোধিতা করছেন।
ইতালিয়ান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজের (আইএসপিআই) জ্যেষ্ঠ গবেষক মাত্তেও ভিলা বলেছেন, লিবিয়া উপকূলে ইউক্রেনের সাম্প্রতিক হামলা এসব অভ্যন্তরীণ টানাপোড়েন আরও গভীর করতে পারে। তাঁর ভাষ্য, এটি সালভিনিকে তাঁর যুক্তি শক্ত করার সুযোগ দিচ্ছে—পশ্চিমা সামরিক সহায়তা ইউক্রেনকে ইতালির নিজস্ব জাতীয় স্বার্থের বিপরীতে যাওয়া লক্ষ্য অনুসরণে সক্ষম করে তুলছে কি না, সেই প্রশ্ন তুলে।
বিশ্লেষকদের মতে, রোমের উদ্বেগের পেছনে রয়েছে লিবিয়ার সঙ্গে ভৌগোলিক নৈকট্য এবং সেখানে ইতালির অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ, বিশেষ করে জ্বালানি ও অভিবাসন নিয়ন্ত্রণ। ভিলা বলেন, গত বছর লিবিয়া ইতালির অপরিশোধিত তেল আমদানির প্রায় এক-চতুর্থাংশ জোগান দিয়েছে, যা দেশটির সবচেয়ে বড় সরবরাহকারী, এবং সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের প্রধান প্রস্থানস্থলও লিবিয়া।
অ্যাটলান্টিক কাউন্সিলের অনাবাসিক জ্যেষ্ঠ ফেলো আলেসিয়া মেলকানজি বলেছেন, ইউক্রেনের নিন্দা আংশিকভাবে রোমের ক্ষতি সামাল দেওয়ার কৌশল, যাতে কিয়েভ, ত্রিপোলি ও বেনগাজির সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা যায়। আইএসপিআইয়ের গবেষক আলদো লিগা বলেছেন, লিবিয়াকে আরও অস্থিতিশীল করে এমন উত্তেজনা বাণিজ্যপথ ও জ্বালানি প্রবাহের নিরাপত্তাকে হুমকিতে ফেলবে।
কোরিয়েরে দেল্লা সেরাকে দেওয়া সাক্ষাৎকারে তায়ানি লিবিয়ায় ইতালীয় সেনা ও ইতালীয় পেট্রোলিয়াম কোম্পানি এনির উপস্থিতিকে তাঁর উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, যা ঘটেছে তা উদ্বেগজনক; রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ যাতে ছড়িয়ে না পড়ে এবং নতুন সংঘাতকেন্দ্র তৈরি না হয়, তা ঠেকাতে হবে।


