এআই দিয়ে কাজ নকলের আশঙ্কায় ফেসবুক-ইনস্টাগ্রাম ছাড়ছেন শিল্পীরা, ঝুঁকছেন বিকল্প প্ল্যাটফর্মে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নিজেদের শিল্পকর্ম নকল, পুনর্নির্মাণ ও বাণিজ্যিকভাবে ব্যবহারের আশঙ্কায় ইনস্টাগ্রাম ও ফেসবুক ছাড়ছেন অনেক শিল্পী। সামাজিক যোগাযোগমাধ্যম দুটির মূল প্রতিষ্ঠান মেটার প্রস্তাবিত নতুন নীতিমালা নিয়ে উদ্বেগ বাড়ায় এই প্রবণতা দেখা দিয়েছে। কেউ পোস্ট দেওয়া বন্ধ করছেন, কেউ অ্যাকাউন্ট মুছে ফেলছেন; আবার কেউ কাজ প্রদর্শন ও বিক্রির জন্য প্যাট্রিয়ন ও সাবস্ট্যাকের মতো বিকল্প প্ল্যাটফর্মে ঝুঁকছেন।
যুক্তরাজ্যের জলরংশিল্পী ম্যাটি বার্নহ্যাম ২০২৪ সালে পিন্টারেস্টে তাঁর একটি চিত্রকর্মের নামে ভুয়া অ্যাকাউন্টের সন্ধান পান। ওই অ্যাকাউন্টে তাঁর জলরঙের ছবি ব্যবহার করে এআই দিয়ে নতুন ছবি তৈরি করা হচ্ছিল। পরে সেগুলো শপিফাই, ফেসবুক ও ইনস্টাগ্রামে ভুয়া শিল্পীর পরিচয়ে বিক্রির জন্য উপস্থাপন করা হয়। অ্যাকাউন্টটির অবস্থান ভিয়েতনামের হো চি মিন সিটিতে শনাক্ত করা গেলেও এর পেছনে কারা রয়েছে, তা জানতে পারেননি তিনি।
বার্নহ্যামের ভাষ্য, এআই দিয়ে তৈরি শিল্পকর্মের ভুয়া অ্যাকাউন্টগুলো ফেসবুক থেকে বিপুল অর্থ আয় করছে। এসব অ্যাকাউন্টের লাখো অনুসারী রয়েছেন, এবং অনুসারীরা প্রতারকদের প্রকৃত শিল্পী বলে বিশ্বাস করেন।
সম্প্রতি এ বিষয়ে এক ডজনের বেশি শিল্পীর সঙ্গে কথা বলেছে সিএনএন। তাঁদের অনেকে মনে করছেন, এআই দিয়ে তাঁদের শিল্পকর্ম, নিজস্ব শৈলী ও ছবি অনুমতি ছাড়াই সংগ্রহ করে মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হতে পারে। এর ফলে তাঁদের কাজের অনুকরণ সহজ হবে, তেমনি মানুষের তৈরি শিল্পকর্মের বাজারও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।
সোসাইটি অব ইলাস্ট্রেটরসের বোর্ড সদস্য টিম ও'ব্রায়েন বলেন, শিল্পীদের কাজ ব্যবহারের ক্ষেত্রে তাঁদের সম্মতি, ন্যায্য পারিশ্রমিক এবং অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধে অভিযোগ জানানোর কার্যকর সুযোগ থাকা প্রয়োজন। তাঁর মতে, বিষয়টি শুধু আইনি বিরোধ নয়; এর সঙ্গে শিল্পীদের জীবিকা, সৃজনশীল মালিকানা ও ন্যায্যতার প্রশ্ন জড়িত।
মেটার প্রস্তাবিত নতুন শর্তে স্বয়ংক্রিয় সফটওয়্যার দিয়ে বাইরের ওয়েবসাইট থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহের সুযোগ থাকার বিষয়টি শিল্পীদের উদ্বেগ বাড়িয়েছে। ব্যক্তিগত পোর্টফোলিও, অনলাইন দোকান এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের ব্যবসায়িক অ্যাকাউন্টের লিংকও এর আওতায় আসতে পারে।
নতুন শর্ত কার্যকরের তারিখ প্রথমে ৩০ অক্টোবর নির্ধারণ করা হলেও পরে তা ২০ নভেম্বর করা হয়। ৫ নভেম্বর মেটা জানায়, নীতিমালার পরিবর্তন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে স্থগিতের ঘোষণা শিল্পীদের উদ্বেগ পুরোপুরি দূর করতে পারেনি।
যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ডাচার ফটোগ্রাফির সহমালিক সামান্থা ওয়ালড্রন নিজের ও প্রতিষ্ঠানের ফেসবুক পেজ মুছে দিয়েছেন। ইনস্টাগ্রামের ব্যবসায়িক অ্যাকাউন্টগুলো ব্যক্তিগত অ্যাকাউন্টে রূপান্তর করেছেন এবং অধিকাংশ পোস্ট ও বাইরের ওয়েবসাইটের লিংক সরিয়ে ফেলেছেন। তাঁর ভাষায়, দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের শেষ সীমা ছিল এই নীতিমালা।
যুক্তরাষ্ট্রের কাউগার্ল আর্টিস্টস অব আমেরিকার প্রতিষ্ঠাতা মেগান উইমবার্লিও মেটার সব অ্যাকাউন্ট বন্ধ করার প্রক্রিয়ায় রয়েছেন। তাঁর মতে, শুধু শিল্পী নন, সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানদের ছবি, ভিডিও ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করেন এমন সবারই এ বিষয়ে উদ্বিগ্ন হওয়া উচিত।
এদিকে এআই দিয়ে শিল্পকর্ম নকলের ঘটনাও বাড়ছে। নিউইয়র্কের শিল্পী অ্যান্ড্রু স্কট জানান, তাঁর কাজের অনুকরণে এআই ভিডিও তৈরি করা এক ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন তিনি। ওই ব্যক্তি স্বীকার করেন, স্কটের মূল শিল্পকর্ম ব্যবহার করেই ভিডিওগুলো তৈরি করা হয়েছে। এমন একটি ভিডিওর দর্শকসংখ্যা ৫ কোটি ছাড়িয়েছিল।
তবে এআই প্রযুক্তির ব্যবহার পুরোপুরি বন্ধ করার বদলে শিল্পীদের সুরক্ষা নিশ্চিত করার পক্ষেও মত রয়েছে। আমেরিকান ইনস্টিটিউট অব গ্রাফিক আর্টসের বোর্ড সদস্য আইজায়া স্টেইনফেল্ড বলেন, নতুন প্রযুক্তি গ্রহণ এবং শিল্পীদের অধিকার রক্ষা—দুটি বিষয় পরস্পরবিরোধী নয়। মেটাও জানিয়েছে, এআই দিয়ে পরিচয় নকল বা মেধাস্বত্ব লঙ্ঘনের ঘটনা ঘটলে তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিপোর্টিং সেন্টারে অভিযোগ জানানো যাবে।
এদিকে গুগল সম্প্রতি সিন্থআইডি ডিটেক্টর নামে একটি বিনা মূল্যের অনলাইন টুল উন্মুক্ত করেছে, যার মাধ্যমে ছবি, ভিডিও ও অডিও এআই দিয়ে তৈরি কি না, তা যাচাই করা যায়। গুগলের দাবি, তাদের প্রযুক্তিতে ইতিমধ্যে ১৮ কোটির বেশি ছবি ও ভিডিওতে ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত করা হয়েছে। তবে এসব উদ্যোগকে যথেষ্ট মনে করছেন না অনেক শিল্পী। বার্নহ্যামের আশঙ্কা, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক স্বার্থ রক্ষায় সরকারগুলো যতটা আগ্রহী, শিল্পীদের অধিকার রক্ষায় ততটা নয়।


