…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বরিশালে জিয়াউল আহসানের পৈতৃক বাড়ির ফটকে ব্যানার টাঙিয়ে বিক্ষোভ: গুমের শিকারদের স্বজনদের ন্যায়বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক
বরিশালে জিয়াউল আহসানের পৈতৃক বাড়ির ফটকে ব্যানার টাঙিয়ে বিক্ষোভ: গুমের শিকারদের স্বজনদের ন্যায়বিচারের দাবি
ছবি: সংগৃহীত

বরিশালে বরখাস্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পৈতৃক বাড়ি ‘তহুরা মঞ্জিল’-এর সামনে ব্যানার টাঙিয়ে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা ও গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা। বিক্ষোভ থেকে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, ন্যায়বিচার এবং জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরের বৈদ্যপাড়া এলাকার কলেজ রোডসংলগ্ন নাসির উদ্দিন সড়কে অবস্থিত বাড়িটির মূল ফটক ও সীমানাপ্রাচীরে এসব ব্যানার টাঙানো হয়। বাড়িটি তিনতলা।

সরেজমিনে দেখা যায়, বাড়িটির মূল ফটকের বাম পাশে লাল অক্ষরে ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ এবং ডান পাশে ‘এই সেই সিরিয়াল কিলার জিয়াউল আহসান’ লেখা দুটি বড় ব্যানার টাঙানো হয়েছে।

এ ছাড়া সীমানাপ্রাচীরে টাঙানো আরেকটি ব্যানারে ২০১২ সালে বরিশালের ছাত্রদল নেতা দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানকে গুমের ঘটনা তুলে ধরে তাঁদের ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

বিক্ষোভে গুমের শিকার ব্যক্তিদের স্বজন ও স্থানীয় ছাত্র-জনতা অংশ নেন। এ সময় দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম সন্তানদের সন্ধান ও ন্যায়বিচারের দাবি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে আজও কোনো খোঁজ পাইনি। ওদের কী অপরাধ ছিল? কেন ওদের এভাবে গুম করা হলো?’

বিক্ষুব্ধ ছাত্র-জনতার পক্ষে মো. নাঈম বলেন, ‘জিয়াউল আহসান যে মানবতাবিরোধী অপরাধ ও নৃশংসতা চালিয়েছেন, তা নজিরবিহীন। বরিশালের মানুষ এই কলঙ্ক বয়ে বেড়াতে চায় না। আমরা এই সিরিয়াল কিলারের সর্বোচ্চ শাস্তি এবং জনসম্মুখে ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছি।’

বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, র‍্যাবে কর্মরত থাকাকালে জিয়াউল আহসান অসংখ্য মানুষকে গুম করেছেন। তাঁদের গোপন বন্দিশালা ‘আয়নাঘরে’ আটকে রেখে নির্যাতন ও হত্যার অভিযোগও করেন তাঁরা।

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার প্রসঙ্গ তুলে বক্তারা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার বরিশালে তাঁর পৈতৃক বাড়ির সামনে বিক্ষোভের সময় ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁর বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছিল। দুই পক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে।

এর আগে গত ১৯ নভেম্বর বিকেলে একদল বিক্ষুব্ধ ব্যক্তি তহুরা মঞ্জিলে ভাঙচুর চালান এবং নিচতলার একটি কক্ষে আগুন দেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাড়িটিতে বসবাসরত জিয়াউল আহসানের ভাইয়েরা আত্মগোপনে রয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

গোপালগঞ্জে বিকাশ-নগদের কার্যক্রম হঠাৎ বন্ধ, টাকা পাঠানো ও তোলা নিয়ে পাঁচ উপজেলায় ভোগান্তি
জাতীয়

গোপালগঞ্জে বিকাশ-নগদের কার্যক্রম হঠাৎ বন্ধ, টাকা পাঠানো ও তোলা নিয়ে পাঁচ উপজেলায় ভোগান্তি

গোপালগঞ্জে বিকাশ ও নগদের কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় টাকা উত্তোলন, পাঠানো ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছেন না গ্রাহকেরা। জেলার প্রধান কাস্টমার ক…

জাতীয়

এই অর্থবছরেই সরকারি সম্মানী পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেম

এই অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি সম্মানীর আওতায় আনা হবে। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন) বৃহ…

ফ্যামিলি কার্ডের জন্য ৫৯ লাখের বেশি পরিবারের তথ্য সংগ্রহ সম্পন্ন, লক্ষ্য ৪ কোটি ১০ লাখ
জাতীয়

ফ্যামিলি কার্ডের জন্য ৫৯ লাখের বেশি পরিবারের তথ্য সংগ্রহ সম্পন্ন, লক্ষ্য ৪ কোটি ১০ লাখ

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি এগোচ্ছে। সারা দেশের প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবারের তথ্য সংগ্রহ শুরু করেছে সরকার। গত ২৩ নভেম্বর প…

বগুড়ায় ভাষাসৈনিক মঈদুল হাসানের ১৯৮ শতক জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ
জাতীয়

বগুড়ায় ভাষাসৈনিক মঈদুল হাসানের ১৯৮ শতক জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ

একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও লেখক মঈদুল হাসান তরফদারের ১৯৮ শতক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বগুড়ার এক যুবদল নেতার বিরুদ্ধে। জমিটি বগুড়ার সোনাতলা উ…