বগুড়ায় ভাষাসৈনিক মঈদুল হাসানের ১৯৮ শতক জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ

একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও লেখক মঈদুল হাসান তরফদারের ১৯৮ শতক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বগুড়ার এক যুবদল নেতার বিরুদ্ধে। জমিটি বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর জোড়গাছা এলাকায়।
মঈদুল হাসানের পরিবারের পক্ষ থেকে সোনাতলা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, উচ্চ আদালতের স্থিতাবস্থা থাকার পরও প্রতিপক্ষ জমির গাছ কেটে নিয়েছে এবং স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে ইট-বালু ফেলেছে। অভিযুক্ত ব্যক্তিরা জমিটি নিজেদের দাবি করে দখলের অভিযোগ অস্বীকার করেছেন।
মঈদুল হাসান ১৯৭১ সালে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে ভারত সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। তিনি ‘মূলধারা ’৭১’ ও ‘উপধারা একাত্তর: মার্চ-এপ্রিল’ বইয়ের লেখক।
বার্ধক্য ও অসুস্থতার কারণে ৯২ বছর বয়সী মঈদুল হাসান ঠিকমতো চলাফেরা করতে পারেন না এবং বর্তমানে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। তাঁর পক্ষে দুই সপ্তাহ আগে সোনাতলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ছোট ভাইয়ের স্ত্রী ইয়াসমিন হাসান (৭০)।
লিখিত অভিযোগ অনুযায়ী, ১৯৯৭ সালের ৯ মার্চ ১২১৭/৯৭ নম্বর কবলা দলিলমূলে মঈদুল হাসান তরফদার সোনাতলার উত্তর জোড়গাছা মৌজায় ১৯৮ শতাংশ জমি কেনেন। আরএস ও নতুন খারিজি খতিয়ানভুক্ত ওই জমির চলতি বছরের ৫ নভেম্বর পর্যন্ত হালনাগাদ খাজনা পরিশোধ করা আছে।
জমিটি নিয়ে উচ্চ আদালতে দুটি সিভিল রিভিশন মামলা চলছে। সর্বশেষ ১০ নভেম্বর শুনানির দিন নির্ধারিত ছিল। অভিযোগকারীর দাবি, শুনানির আগেই ৮ নভেম্বর অভিযুক্ত ব্যক্তিরা স্থিতাবস্থার আদেশ অমান্য করে জমি থেকে দুটি আমগাছ ও দুটি কাঁঠালগাছ কেটে নিয়ে যান এবং সেখানে ইট-বালু রাখেন। বাধা দিতে গেলে গালাগাল, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী ইয়াসমিন হাসান বলেন, আদালতের স্থিতাবস্থার আদেশ থাকার পরও জমিতে গাছ কেটে নেওয়া ও নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে। বিষয়টি থানায় লিখিতভাবে জানানো হয়েছে এবং আদালতের আদেশও দেখানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আইনি সহযোগিতা পাওয়া যায়নি।
মামলার তদন্ত কর্মকর্তা সোনাতলা থানার উপপরিদর্শক আলহাজ উদ্দিন বলেন, বিরোধপূর্ণ জমি দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের ভোগদখলে রয়েছে; এটি সাম্প্রতিক কোনো দখলের ঘটনা নয়। তাঁর ভাষায়, ভোগদখলে বাধা না দেওয়ার জন্য বগুড়ার আদালত স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন এবং হাইকোর্ট এখনো নিম্ন আদালতের আদেশ স্থগিত করেননি।
ইয়াসমিন হাসান দাবি করেন, নিম্ন আদালতের আদেশ স্থগিত করে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছেন এবং তার অনুলিপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়া হলেও পুলিশ এখনো ব্যবস্থা নেয়নি।
জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সোনাতলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ বলেন, ওই জমি তাঁরা ১৯৮৮ সালে কবলা দলিলমূলে কিনেছেন এবং তখন থেকেই ভোগদখল করে আসছেন। জমিতে তাঁদের পরিচালিত একটি কোচিং সেন্টার ছাড়াও আবাদি জমি ও পুকুর রয়েছে। উন্নয়নকাজের জন্যই ইট-বালু রাখা হয়েছে বলে তিনি জানান।
রাসেল মাহমুদ আরও বলেন, তাঁর বাবা জোড়গাছা ইউনিয়ন কৃষক দলের সভাপতি। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভাষাসৈনিকের প্রভাব খাটিয়ে তাঁর বিরুদ্ধে ৩৫টি মামলা দেওয়া হয়েছিল এবং তাঁর বাবার নামেও মামলা হয়েছিল। তাঁর দাবি, হাইকোর্ট স্থিতাবস্থা দিয়ে থাকলেও তা তাঁদের অনুকূলেই আছে, তবে হাইকোর্ট প্রতিপক্ষের পক্ষে রায় দিলে তাঁরা দখল ছেড়ে দেবেন।
সোনাতলা থানার ওসি কবির হোসেন বৃহস্পতিবার বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে। জমিজমাসংক্রান্ত বিষয় হওয়ায় অভিযোগকারীর পাঠানো হাইকোর্টের আদেশের অনুলিপি সরাসরি গ্রহণের সুযোগ নেই বলে তিনি জানান; হাইকোর্ট থেকে নিম্ন আদালতে আদেশ এলে পুলিশ সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেবে।
মঈদুল হাসানের পক্ষের সুপ্রিম কোর্টের আইনজীবী জাহিদুল বারী বলেন, বগুড়ার আদালত প্রথমে ভাষাসৈনিকের পক্ষে রায় দেন; প্রতিপক্ষ আপিল করলে আরেকটি আদালত তাঁর বিপক্ষে রায় দেন এবং ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট স্থিতাবস্থার আদেশ দেন। তাঁর অভিযোগ, প্রতিপক্ষের লোকজন গাছ কাটাসহ অস্থায়ী স্থাপনা নির্মাণের চেষ্টা করলেও হাইকোর্টের আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।




