চকরিয়ার বরইতলী থেকে ডাকাত দলের সর্দার তৌহিদ গ্রেপ্তার, তিন জেলায় ২৫টির বেশি মামলা
কক্সবাজারের চকরিয়ায় দক্ষিণ চট্টগ্রামের ডাকাত দলের সর্দার তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চাঞ্চল্যকর গিয়াস উদ্দিন হত্যা ও অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি।
বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের দিকনির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে গঠিত যৌথ দল এ অভিযান চালায়।
তাঁর বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, ছিনতাই, চুরি, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ২৫টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১২ নভেম্বর চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি উত্তরপাড়ায় ডাকাতির ঘটনায় ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ রয়েছে তৌহিদের বিরুদ্ধে। এ ঘটনায় ২৫ নভেম্বর মামলা হয়।
ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় আরেকটি ডাকাতির ঘটনায় নগদ ৩ লাখ ৫ হাজার টাকা, প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন লুটের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় ১৩ নভেম্বর মামলা দায়ের করা হয়।
এ ছাড়া ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর মাতামুহুরী সেতু এলাকায় গিয়াস উদ্দিনকে অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি তৌহিদ।
গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল, লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস-এফআই ভি৩ মোটরসাইকেল এবং বিদেশি ইমিটেশনের গোল্ডেন রঙের তিনটি চেইনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, তৌহিদের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি আন্তঃজেলা ডাকাত বাহিনী সক্রিয় ছিল। চকরিয়া থানায় তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানাও মুলতবি ছিল।
চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তৌহিদকে মোট ৩৩টি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।


