…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চট্টগ্রামের তিন উপজেলায় এক বছরে ৬ কোটি টাকার ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের তিন উপজেলায় এক বছরে ৬ কোটি টাকার ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে গ্রাহকরা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি বেড়েছে। চলতি বছরে সমিতির সদর দপ্তর ও আটটি জোনাল অফিসের নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৬৯টি বিভিন্ন ক্ষমতার ট্রান্সফরমার চুরি হয়েছে বলে জানিয়েছে সমিতি কর্তৃপক্ষ। এর ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সহকারী মহাব্যবস্থাপক শেখ মোহাম্মদ ইমরান চুরির ঘটনা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, চুরি হওয়া ট্রান্সফরমারের মধ্যে ৫ কেভিএ ক্ষমতার ২২টি রয়েছে; প্রতিটির মূল্য ৫৯ হাজার ৬৯৫ টাকা।

এ ছাড়া ১০ কেভিএ ক্ষমতার ২৮টি ট্রান্সফরমার চুরি হয়েছে, যার প্রতিটির মূল্য ৮৩ হাজার ৮১৫ টাকা। ১৫ কেভিএ ক্ষমতার ১৬টি ট্রান্সফরমারের প্রতিটির মূল্য ৯৯ হাজার ৯৯০ টাকা।

২৫ কেভিএ ক্ষমতার দুটি ট্রান্সফরমারের প্রতিটির মূল্য ১ লাখ ৫০ হাজার ৭০৯ টাকা। ৫০ কেভিএ ক্ষমতার একটি ট্রান্সফরমারও চুরি হয়েছে, যার মূল্য ২ লাখ ৮০ হাজার ৪০২ টাকা।

চুরির শিকার কয়েকটি এলাকার বাসিন্দারা জানান, পল্লী বিদ্যুৎ সমিতির অধিকাংশ ট্রান্সফরমার বাড়ির বাইরে খালপাড় বা বিলের মধ্যে স্থাপিত খুঁটিতে বসানো থাকে। রাতের অন্ধকারে চোরেরা খুঁটিতে উঠে ট্রান্সফরমার নামিয়ে নেয়।

এলাকাবাসীর ভাষ্য, বিদ্যুৎ চলে গেলে অনেকে সেটিকে লোডশেডিং মনে করেন। এ কারণে রাতে ঘর থেকে বের হন না। সকালে খোঁজ নিয়ে তাঁরা দেখতে পান, খুঁটিতে ট্রান্সফরমার নেই। স্থানীয় কয়েকজনের অভিযোগ, বিদ্যুৎ সঞ্চালন থাকা অবস্থায় ট্রান্সফরমার খোলা ও নামানোর কাজটি অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারাই সম্ভব।

দুই দিন আগে রাউজানের ডাবুয়া ইউনিয়নের খোশাল তালুকদার বাড়ি থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এলাকার লোকজন জানান, চোরেরা ট্রান্সফরমারটি খুঁটি থেকে নামিয়ে তামার কয়েল খুলে নেয়। পরে ধাতব খোসাটি খুঁটির নিচে ফেলে যায়।

পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী, কোনো গ্রাম থেকে প্রথমবার ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমার পেতে ওই এলাকার গ্রাহকদের অর্ধেক মূল্য পরিশোধ করতে হয়। টাকা পরিশোধের পর সেখানে নতুন ট্রান্সফরমার বসানো হয়। একই এলাকায় পরবর্তী সময়ে আবার ট্রান্সফরমার চুরি হলে পুনঃস্থাপনের জন্য গ্রাহকদের পুরো টাকা দিতে হয়।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতায় রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলা রয়েছে। এই তিন উপজেলার গ্রাহকদের বিদ্যুৎ সেবা দিতে এলাকাগুলোকে আটটি জোনে ভাগ করা হয়েছে। জোনগুলো হলো সমিতির সদর দপ্তর রাউজান, দক্ষিণ রাউজানের নোয়াপাড়া, ফটিকছড়ি সদর, আজাদী বাজার, দাঁতমারা, নাজিরহাট, রাঙ্গুনিয়া সদর ও ধামাইর হাট। ট্রান্সফরমার চুরির বেশির ভাগ ঘটনা ঘটেছে ফটিকছড়ি এলাকায়; চুরির ঘটনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাউজান।

সমিতির মহাব্যবস্থাপক মোহাম্মদ আলতাফ গওহার চৌধুরী বলেন, প্রতিটি চুরির ঘটনায় থানায় মামলা করা হচ্ছে। কিছু ঘটনায় জড়িত চোরেরাও ধরা পড়ছে। ট্রান্সফরমার চুরি রোধে গ্রাহকদের মধ্যে সচেতনতা প্রয়োজন। গ্রাহকদের ওপর চুরির দায় চাপিয়ে টাকা আদায়ের বিষয়ে তিনি বলেন, গ্রাহকদের সেবা দেওয়ার ব্রত নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয়েছে এবং সমিতির কার্যক্রম নির্দিষ্ট নীতিমালার ‘লাভ নয়, লোকসান নয়’ ভিত্তিতে পরিচালিত হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ফটিকছড়ির ভূজপুরে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, শুটার রায়হানের ছয় সহযোগী গ্রেপ্তার
আইন ও অপরাধ

ফটিকছড়ির ভূজপুরে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, শুটার রায়হানের ছয় সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে টানা অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে শুটার রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে প…

চট্টগ্রামের হালিশহরে পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা, জানালার অংশ পুড়েছে
আইন ও অপরাধ

চট্টগ্রামের হালিশহরে পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা, জানালার অংশ পুড়েছে

চট্টগ্রাম নগরের হালিশহরে একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে বক্সটির জানালার কিছু অংশ পুড়ে গেছে।…

ফটিকছড়িতে রায়হানের পাহাড়ি আস্তানায় অভিযান: পিস্তল-শটগান উদ্ধার, গ্রেপ্তার ৪, পালালেন রায়হান
আইন ও অপরাধ

ফটিকছড়িতে রায়হানের পাহাড়ি আস্তানায় অভিযান: পিস্তল-শটগান উদ্ধার, গ্রেপ্তার ৪, পালালেন রায়হান

চট্টগ্রামের ফটিকছড়িতে তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হানের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে তাঁর ব্যবহৃত পিস্তল ও শটগান উদ্ধারের দাবি করেছে প…

খুলশীর বাসা থেকে গ্রেপ্তার সীতাকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান রেহান, পাঠানো হয়েছে আদালতে
আইন ও অপরাধ

খুলশীর বাসা থেকে গ্রেপ্তার সীতাকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান রেহান, পাঠানো হয়েছে আদালতে

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নগরের খুলশী এলাকার…