…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ফটিকছড়ির ভূজপুরে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, শুটার রায়হানের ছয় সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়ির ভূজপুরে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, শুটার রায়হানের ছয় সহযোগী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে টানা অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে শুটার রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাঁর পরিচালিত একটি গোপন অস্ত্র তৈরির কারখানারও সন্ধান পাওয়া গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইকতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্ধন দে (৬৫) ও মো. জাবেদ হোসেন (২৫)।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম।

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্র জানায়, গত সোমবার রাত আটটার দিকে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট বাজারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলযোগে যাওয়ার সময় স্থানীয় লোকজনের বাধার মুখে পড়েন মোহাম্মদ রায়হান আলম ও তাঁর সহযোগীরা।

এ সময় অটোরিকশা থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হলে ছয়জন পথচারী গুলিবিদ্ধ হন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা ধাওয়া দিলে রায়হান পালিয়ে যান। তবে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ রায়হানের সহযোগী জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয়রা। এরপর তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনার পর রায়হানকে গ্রেপ্তারে সুয়াবিল ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। অভিযানের একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ হ্যান্ডমাইক ও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রায়হানের অবস্থান সম্পর্কে তথ্য চান। তাঁকে ধরিয়ে দিতে সহযোগিতার আহ্বানও জানান তিনি।

স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার ভূজপুরের হাজিরখিল এলাকায় রায়হানের পরিচালিত গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। সেখান থেকে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এরপর সুয়াবিল এলাকায় অভিযান চালিয়ে রায়হানের পিস্তল জিম্মায় রাখা ব্যক্তি ও আশ্রয়দাতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় ভূজপুরের কাজীরহাটসংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড সিসার কার্তুজসহ রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে গ্রেপ্তার করা হয়।

তাঁদের তথ্যের ভিত্তিতে একই থানার চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী মো. ইকতিয়ার ফরহাদকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেখানো মতে শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ইকতিয়ার ফরহাদ পুলিশকে জানান, উদ্ধার করা বন্দুকটি এজাহার মিয়া এবং পিস্তলের গুলিগুলো রায়হান তাঁর জিম্মায় রেখেছিলেন।

পরে অভিযান চালিয়ে মহররম আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেখানো মতে রায়হানের নিজ ব্যবহৃত ইতালির তৈরি ৭ দশমিক ৬৫ মিলিমিটার পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মহররম আলী পুলিশকে জানান, রায়হান মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাঁর বাড়িতে অবস্থান করেছিলেন। অন্যত্র চলে যাওয়ার সময় নিজের ব্যবহৃত পিস্তল ও গুলিগুলো তাঁর জিম্মায় রেখে যান রায়হান। সর্বশেষ রায়হান ও এজাহার মিয়ার সহযোগী জনার্ধন দেকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে বুধবার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজের সঙ্গে ফোনালাপের একটি অডিও ফেসবুকে প্রকাশ করে আত্মসমর্পণের ইঙ্গিত দেন রায়হান।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, গত ২২ নভেম্বর থেকে ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় রায়হান ও তাঁর সহযোগীদের ধরতে অভিযান শুরু হয়। অভিযানের অংশ হিসেবে উল্লিখিত ব্যক্তিদের গ্রেপ্তার এবং অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারে তৎপর আছে পুলিশ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চট্টগ্রামের তিন উপজেলায় এক বছরে ৬ কোটি টাকার ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে গ্রাহকরা
আইন ও অপরাধ

চট্টগ্রামের তিন উপজেলায় এক বছরে ৬ কোটি টাকার ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে গ্রাহকরা

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি বেড়েছে। চলতি বছরে সমিতির সদর দপ্তর ও আটটি জোনাল অফিসের নিয়ন্ত্রিত এলা…

চট্টগ্রামের হালিশহরে পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা, জানালার অংশ পুড়েছে
আইন ও অপরাধ

চট্টগ্রামের হালিশহরে পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা, জানালার অংশ পুড়েছে

চট্টগ্রাম নগরের হালিশহরে একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে বক্সটির জানালার কিছু অংশ পুড়ে গেছে।…

ফটিকছড়িতে রায়হানের পাহাড়ি আস্তানায় অভিযান: পিস্তল-শটগান উদ্ধার, গ্রেপ্তার ৪, পালালেন রায়হান
আইন ও অপরাধ

ফটিকছড়িতে রায়হানের পাহাড়ি আস্তানায় অভিযান: পিস্তল-শটগান উদ্ধার, গ্রেপ্তার ৪, পালালেন রায়হান

চট্টগ্রামের ফটিকছড়িতে তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হানের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে তাঁর ব্যবহৃত পিস্তল ও শটগান উদ্ধারের দাবি করেছে প…

খুলশীর বাসা থেকে গ্রেপ্তার সীতাকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান রেহান, পাঠানো হয়েছে আদালতে
আইন ও অপরাধ

খুলশীর বাসা থেকে গ্রেপ্তার সীতাকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান রেহান, পাঠানো হয়েছে আদালতে

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নগরের খুলশী এলাকার…