ফটিকছড়িতে রায়হানের পাহাড়ি আস্তানায় অভিযান: পিস্তল-শটগান উদ্ধার, গ্রেপ্তার ৪, পালালেন রায়হান

চট্টগ্রামের ফটিকছড়িতে তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হানের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে তাঁর ব্যবহৃত পিস্তল ও শটগান উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ সময় তাঁর চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রায়হানকে ধরতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার ভুজপুর এলাকার পাহাড়ে রায়হানের গড়া আস্তানায় এই অভিযান চালানো হয়। অভিযানে রায়হানের ব্যবহৃত পিস্তল, শটগানসহ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়।
ভুজপুর থানা সূত্রে জানা গেছে, গত চার দিন ধরে জেলা ও থানা পুলিশ যৌথভাবে ফটিকছড়ির বিভিন্ন স্থানে রায়হানকে ধরতে অভিযান চালিয়ে আসছে। অভিযানের মধ্যেই তিন দফায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন রায়হান।
গত সোমবার রাত ৯টার দিকে পুলিশের অভিযানের মধ্যেই উপজেলার নাজিরহাট বাজারের কাছে সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান তিনি।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘অভিযানে অস্ত্রশস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রায়হান পালিয়ে গেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই রায়হানের সহযোগী।’
ওসি জানান, এই অভিযানের বিস্তারিত আজ বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানাবেন জেলা পুলিশ সুপার মাসুদ আলম।
পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। চাঁদা না পেলে তাঁর সহযোগীরা গুলি চালান বলেও অভিযোগ রয়েছে।
রায়হান বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে অপরাধজগতের সঙ্গে জড়িত থাকায় স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট সম্পর্কে তাঁর ভালো ধারণা রয়েছে। এ কারণে অবস্থান গোপন রেখে বারবার পুলিশের অভিযান এড়াতে পারছেন তিনি।




