অক্সফোর্ডের জাদুঘরে প্রথমবার প্রদর্শনীতে নাগা স্বাধীনতা সংগ্রামী গাইদিনলিউয়ের জব্দ করা ২৭টি সামগ্রী

১৯৩২ সালে উত্তর-পূর্ব ভারতে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ১৭ বছর বয়সী গাইদিনলিউকে কারাগারে পাঠিয়েছিল ব্রিটিশ বাহিনী। নাগা জনগোষ্ঠীর আবাসভূমির পাহাড়-উপত্যকাজুড়ে এই স্বাধীনতা সংগ্রামীকে ধাওয়া করার সময় ঔপনিবেশিক কর্মকর্তারা তাঁর সবচেয়ে প্রিয় কিছু সামগ্রীও জব্দ করেছিলেন।
সেই সামগ্রীগুলো পাঠানো হয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিট রিভার্স জাদুঘরে এবং এত দিন সেগুলো সংরক্ষণাগারেই রাখা ছিল। এখন প্রথমবারের মতো জাদুঘরটি ২৭টি সামগ্রীর এই সংগ্রহ প্রদর্শন করছে। এর মধ্যে রয়েছে গাইদিনলিউয়ের খাতাপত্রভর্তি একটি ঝুড়ি, যেগুলোতে নাগা আদিবাসী ধর্মের নেত্রী হিসেবে তাঁর ভবিষ্যদ্বাণীমূলক দর্শন লেখা ছিল বলে মনে করা হয়, পাশাপাশি পোশাক, চুড়ি ও তাবিজ।
প্রদর্শনীতে আরও রয়েছে সুরক্ষামূলক আচার-সামগ্রী, যেগুলো ব্রিটিশরা গাইদিনলিউয়ের লুকিয়ে থাকার জায়গা থেকে নিয়েছিল এবং যেগুলো তিনি তাদের বিরুদ্ধে ব্যবহার করেছিলেন বলে ব্রিটিশরা মনে করত। এর মধ্যে রয়েছে অশুভ আত্মা তাড়াতে ব্যবহৃত বানরের খুলি লাগানো একটি লাঠি এবং শত্রুর ওপর অভিশাপ বর্ষণে ঐতিহ্যগতভাবে নাগাদের ব্যবহৃত ছোট কাঠের মুগুর।
‘দ্য আফটারলাইভস অব ক্যাপচার্ড অবজেক্টস’ শিরোনামের এই প্রদর্শনী আদিবাসী সম্প্রদায়গুলো থেকে ঔপনিবেশিক আমলে নিদর্শন তুলে নেওয়ার প্রশ্নটি সামনে এনেছে; কিউরেটর ও ভিজ্যুয়াল নৃতত্ত্বের অধ্যাপক ক্লেয়ার হ্যারিসের মতে, এসব নিদর্শন শুরুতে প্রায়ই পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক ভাষায় তালিকাভুক্ত করা হতো।
হ্যারিস জানান, উদাহরণ হিসেবে গাইদিনলিউয়ের খাতাপত্রগুলোকে সেগুলো সংগ্রহকারী ঔপনিবেশিক নৃতত্ত্ববিদ জে পি মিলস ‘অর্থহীন আঁকিবুঁকি’ বলে তুচ্ছ করেছিলেন। কিন্তু তিনিই আবার লিখে গেছেন, এই লেখাগুলো গাইদিনলিউকে ‘বিপুল মর্যাদা’ এনে দিয়েছিল—যা থেকে ধারণা করা যায়, গাইদিনলিউয়ের নেতৃত্বাধীন হেরাকা নামের ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলন দমন করার ব্রিটিশ প্রচেষ্টার অংশ হিসেবেই হয়তো এগুলো জব্দ করা হয়েছিল।
প্রদর্শনীর বেশিরভাগ সামগ্রী ব্রিটিশরা নিয়েছিল গাইদিনলিউ পালিয়ে যাওয়ার সময় সেগুলো ফেলে যাওয়ার পর। তবে দুটি সামগ্রী নেওয়া হয়েছিল আরও সহিংসভাবে। প্রদর্শনীর ম্যানিকিনে পরানো বস্ত্রগুলো ১৯৩১ সালে কাম্বিরন গ্রামের একটি হেরাকা মন্দিরের পবিত্র মাটির নারী ও পুরুষ মূর্তি থেকে খুলে নেওয়া হয়েছিল।
বস্ত্রগুলো প্রদর্শন করা হচ্ছে একজন ব্রিটিশ কর্মকর্তার তোলা একটি ছবির পাশাপাশি, যেখানে আরেকজন সৈন্যকে পবিত্র মূর্তিগুলোর পাশে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যাচ্ছে; মূর্তিগুলো মন্দিরসহ ধ্বংস করে দেওয়া হয়েছিল। হ্যারিস বলেন, ছবিটি পাশাপাশি দেখানোর মাধ্যমে সেখানে ব্রিটিশরা কী তুলে নিয়েছিল, তা চোখে দেখেই সমীকরণটি মেলানো যায়।
এই প্রদর্শনী এসেছে ভারত ও এডিনবরা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের চার বছরব্যাপী একটি প্রকল্পের পর, যার উদ্দেশ্য ছিল গাইদিনলিউয়ের সংগ্রহটি ডিজিটাল করা।



