নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার, ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় সিয়াম হোসেন (১৬) নামের এক কিশোরকে হত্যার পর তার চার্জার ভ্যান ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সিয়াম উপজেলার চকউমেদ পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার সকালে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি।
রাতে পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পান। পরে শুক্রবার সকালে দোডাঙ্গী গ্রামের শাহাদত হোসেন শাহের বাঁশঝাড়ে সিয়ামের মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনেরা। সেখানে গিয়ে মরদেহটি ছেলের বলে শনাক্ত করেন বাবা নজরুল ইসলাম।
নজরুল ইসলাম জানান, তিনি দেলুয়াবাড়ি বাজারে তরকারির ব্যবসা করে সংসার চালান। ছেলে লেখাপড়া না করায় সম্প্রতি উপার্জনের জন্য তাকে একটি চার্জার ভ্যান কিনে দেন তিনি। বৃহস্পতিবার সকালে সেই ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় সিয়াম। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
নজরুল ইসলামের অভিযোগ, দুর্বৃত্তরা তাঁর ছেলেকে হত্যা করে চার্জার ভ্যান ও মোবাইল ফোন নিয়ে গেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, সিয়ামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর চার্জার ভ্যান ও মোবাইল ফোন নিয়ে গেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।




