…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

জাতীয় ঐক্যের ডাক দিয়ে দলগুলোর সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী, এনসিপির পর এবার জামায়াতের পালা

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক অস্থিরতা, নৈরাজ্য ও নাশকতার আশঙ্কার মধ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ও মতবিনিময়ের উদ্যোগ নিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে।

গত ১৮ নভেম্বর শেষ হওয়া সংসদের চতুর্থ অধিবেশনের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সংলাপের প্রথম পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। গত ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে দলটির নেতাদের প্রায় ৩৫ মিনিট আলোচনা হয়। নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদলে ছিলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন। বৈঠক ও মধ্যাহ্নভোজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।

এনসিপির সঙ্গে বৈঠকে জুলাই সনদ, সংস্কার, বিচার, দেশের সার্বভৌমত্ব ও গণভোটের রায় বাস্তবায়নের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি হঠাৎ তৈরি হয়নি। নির্বাচনের পর কয়েক মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়া নিয়ে আপসকামিতা, ২০২৪ সালের পরাজিত শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘাটতি এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট অবস্থান না থাকায় পরিস্থিতির অবনতি হয়েছে।

একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নের প্রক্রিয়ায় একদলীয় সংবিধান সংশোধন কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে এনসিপি। দলটি ওই কমিটি বাতিল এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে।

এনসিপির পর সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ হওয়ার কথা রয়েছে। দলটির আমির শফিকুর রহমান দেশের বাইরে থাকায় এখনো বৈঠকের দিনক্ষণ নির্ধারিত হয়নি। তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দলটির সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে এবং সংলাপে অংশ নেওয়ার বিষয়ে জামায়াতের অবস্থান ইতিবাচক বলে জানা গেছে।

জামায়াতের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংলাপের উদ্যোগের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন দলটির আমির শফিকুর রহমান। অস্ট্রেলিয়া সফর শেষে তার এক দিনের মালয়েশিয়া সফরের কর্মসূচি ছিল, সেখানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা থাকলেও মালয়েশিয়া সফর বাতিল করে বুধবারই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

তবে জামায়াত এককভাবে নয়, ১১ দলীয় রাজনৈতিক জোটের সব দলকে সঙ্গে নিয়ে সংলাপে অংশ নিতে চায়। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনা হলে ১১ দলীয় ঐক্যের শরিকদের নিয়েই তা হওয়া উচিত। পাশাপাশি এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলকেও আলোচনায় যুক্ত করার পক্ষে তারা।

জামায়াতের মতে, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের মতো বিষয়গুলো জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যু। এসব বিষয়ে দলটি সংসদে যেমন অবস্থান তুলে ধরছে, তেমনি রাজপথেও কর্মসূচি পালন করছে। আসন্ন সংলাপে জামায়াতও এসব বিষয় উত্থাপন করতে পারে বলে জানা গেছে।

দেশের সামগ্রিক স্বার্থে দলীয় অবস্থানে ছাড় দেওয়ার এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার ভাষায়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সংলাপের উদ্যোগে সেই দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

ফ্যামিলি কার্ডে ভাতা পাচ্ছেন ৭৪ হাজার পরিবার, তথ্য সংগ্রহ হয়েছে ৫৯ লাখ খানার
রাজনীতি

ফ্যামিলি কার্ডে ভাতা পাচ্ছেন ৭৪ হাজার পরিবার, তথ্য সংগ্রহ হয়েছে ৫৯ লাখ খানার

পরীক্ষামূলক পর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে গত সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২৫৯টি পরিবার ভাতার আওতায় এসেছে। বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে…

রাজনীতি

গ্র্যান্ড র্যালি দিয়ে শুরু হয়ে ১৬ ডিসেম্বরে গড়াবে বিজয় মাসের কর্মসূচি: নয়াপল্টনে সালাহউদ্দিন আহমদ

বিজয় উদযাপনে ডিসেম্বরজুড়ে কর্মসূচির কথা জানিয়েছে বিএনপি। ১৬ ডিসেম্বর গ্র্যান্ড র্যালির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হবে বলে জানিয়েছেন দলের স্থ…

রাজনীতি

নারী সাংবাদিকদের সংগঠনে সহযোগিতায় ইতিবাচক সরকার, সচিবালয়ে মতবিনিময়ে তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়ন ও নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। বৃহস্পতিবা…

রাজনীতি

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরানো হবে: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান

দেশের প্রচলিত আইন ও ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করেই পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ…