ক্যালিফোর্নিয়ায় দেয়ালের ফাঁকে আটকা বিড়াল উদ্ধারে সাহায্য করল গলার এয়ারট্যাগ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দুটি কংক্রিটের দেয়ালের সরু ফাঁকে আটকে পড়া একটি হারিয়ে যাওয়া বিড়ালকে উদ্ধার করেছেন দমকলকর্মীরা। বিড়ালটির গলায় থাকা অ্যাপল এয়ারট্যাগের সাহায্যে তার অবস্থান শনাক্ত করা গিয়েছিল।
রিভারসাইড কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, কমলা-সাদা রঙের বিড়ালটি ইন্ডিয়ান ওয়েলসে ৮ ফুট উঁচু দুটি রিটেইনিং দেয়ালের মাঝে মাত্র ৪ থেকে ৫ ইঞ্চি চওড়া একটি ফাঁকে আটকে ছিল।
বিড়ালটির মালিক গলায় লাগানো এয়ারট্যাগ ব্যবহার করে হারিয়ে যাওয়া বিড়ালটির অবস্থান খুঁজে পান। এরপর দমকলকর্মীরা ওই সরু জায়গা থেকে প্রাণীটিকে মুক্ত করতে সক্ষম হন।
রিভারসাইড কাউন্টি অ্যানিম্যাল সার্ভিসেসের সহায়তায় দমকলকর্মীরা বিশেষ সরঞ্জাম ব্যবহার করে দেয়াল ভেদ করে ভেতরে পৌঁছান এবং নিরাপদে বিড়ালটিকে বের করে আনেন। ফায়ার ডিপার্টমেন্টের পোস্টে বলা হয়েছে, ‘এই লোমশ পরিবারের সদস্যকে নিরাপদে ফিরিয়ে আনতে সবার দুর্দান্ত দলগত কাজ হয়েছে।’
ফায়ার ডিপার্টমেন্টের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, একজন দমকলকর্মী কংক্রিটের দেয়ালে ড্রিল করার পর বিড়ালটিকে টেনে বের করে ওপরে তুলে আনছেন। ছবিতে উদ্ধারের পর একজন দমকলকর্মীকে বিড়ালটিকে ধরে থাকতেও দেখা গেছে।
উদ্ধারের পর বিড়ালটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং চিকিৎসার জন্য জরুরি পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
তবে প্রাণীটি কীভাবে ওই সরু ফাঁকে আটকে গেল, তা স্পষ্ট নয়।
এয়ারট্যাগটি বিড়ালটিকে উদ্ধারে কাজে লাগলেও অ্যাপল সাধারণত পোষা প্রাণী ট্র্যাক করার জন্য এই ডিভাইস ব্যবহারের সুপারিশ করে না। নতুন এয়ারট্যাগ প্রকাশের ঘোষণা দেওয়ার সময় জানুয়ারিতে অ্যাপল তার ওয়েবসাইটে লিখেছিল, ডিভাইসটি ‘একচেটিয়াভাবে বস্তু ট্র্যাক করার জন্য তৈরি, মানুষ বা পোষা প্রাণীর জন্য নয়’।




