পারমাণবিক অস্ত্র ব্যবহার না করায় পুতিনকে ‘সংযমী’ ও ‘রাজনীতির মহাগুরু’ বললেন কুশনার

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সংযমের পরিচয় দিয়েছেন’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের বিশেষ দূত জ্যারেড কুশনার। পুতিনকে তিনি ‘পলিটিক্যাল গ্র্যান্ডমাস্টার’ বা ‘রাজনীতির মহাগুরু’ ও ‘ঐতিহাসিক চরিত্র’ বলেও উল্লেখ করেন।
একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নতুন করে শুরু করতে এবং শান্তি প্রতিষ্ঠা করতে চান বলে দাবি করেছেন কুশনার।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, জার্মানিভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সেল স্প্রিঙ্গারের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিয়াস ডপফনারের ‘এমডি মিটস’ পডকাস্টে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে এসব কথা বলেন কুশনার। তিনি বলেন, তাঁর মূল্যায়ন হলো—পুতিন শুধু শান্তিই চান না, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পরিবর্তনেরও চেষ্টা করছেন। দুই দেশের সম্পর্ক নতুন করে শুরু করার কোনো পথ রয়েছে কি না, সেটিও দেখতে চান তিনি।
কুশনার বলেন, এখন পর্যন্ত পুতিন সংযম দেখিয়েছেন। তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার না করতে সম্মত হয়েছেন, যা বড় বিষয়। এ ধরনের অস্ত্র ব্যবহারের কোনো ইচ্ছা নেই বলেও পুতিন তাঁদের আশ্বস্ত করেছেন।
কুশনার ও যুক্তরাষ্ট্রের আরেক আলোচক স্টিভ উইটকফ কয়েকবার পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। সর্বশেষ চলতি মাসে ক্রেমলিনে তাঁদের বৈঠক হয়। পুতিন সম্পর্কে কুশনার বলেন, আলোচনার সময় তিনি প্রচুর নোট নেন এবং নির্দিষ্টভাবে নিজের বক্তব্য তুলে ধরেন। সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে তাঁর গভীর ধারণা রয়েছে।
ইউক্রেনকে রাশিয়ার কাছে ছাড় দিতে যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করেছে বলে যে অভিযোগ রয়েছে, তা নাকচ করেন কুশনার। তবে ইউক্রেনের অভিযোগ, দেশটির জন্য গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্র সরবরাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বিলম্ব করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদানও ব্যাহত হয়েছে।
ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে সমঝোতার প্রচেষ্টা প্রসঙ্গে কুশনার বলেন, বিষয়টি ন্যায্যতা কিংবা কে সঠিক, কে ভুল, তা নিয়ে নয়। ইউরোপের সীমান্তরেখা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও শান্তির পথ দেখা গেলে সীমান্ত কোথায় নির্ধারণ করা হবে, সে বিষয়ে মানুষ কিছুটা নমনীয় হতে পারে।
চলতি মাসের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের আলোচকেরা ন্যাটোর সদস্যপদ দেওয়ার বিনিময়ে পূর্বাঞ্চলীয় দনবাস থেকে ইউক্রেনের অবশিষ্ট সেনাদের প্রত্যাহারের প্রস্তাব তুলেছিলেন। কুশনার ও উইটকফের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি বলেন, ‘আমেরিকানরা প্রশ্ন তুলেছিল, ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হয়, তাহলে কি দনবাস থেকে সেনা প্রত্যাহার করবে? বিষয়টি এবারই প্রথম উত্থাপন করা হয়েছে।’
২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে মস্কোর কাছে ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিরোধিতা করে আসছে কিয়েভ। জেলেনস্কি বলেছেন, শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনী এবং ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তার নিশ্চয়তাসহ একটি ‘সমন্বিত নিরাপত্তা প্যাকেজ’ পেলে তিনি এ বিষয়ে জনগণের কাছে প্রস্তাব দেবেন।
এ প্রসঙ্গে কুশনার বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া ভবিষ্যতে ইউক্রেন নিরাপদ থাকবে না। তবে ইউক্রেনকে এ ধরনের নিশ্চয়তা দেওয়া যুক্তরাষ্ট্রের স্বার্থে কি না, তা প্রেসিডেন্ট ট্রাম্পকেই নির্ধারণ করতে হবে। এর আগে জেলেনস্কি বলেছিলেন, দনবাস দখলের পর রাশিয়া থেমে থাকবে না, বরং আরও হামলার পরিকল্পনা করবে। দনবাসের দুটি অঞ্চল মিলে ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১০ শতাংশ।
আলোচনা নিয়ে কুশনার বলেন, দ্রুত সমাধানের কোনো পথ থাকলে ভালো হতো। অনেক বিষয়ে দুই পক্ষের মধ্যে ঐকমত্য রয়েছে এবং সবাই দীর্ঘমেয়াদি শান্তি চায়। তাঁর মতে, যুদ্ধ-পরবর্তী সম্পর্কের কাঠামো নির্ধারণ করা গেলে ভূখণ্ড নিয়ে বিরোধের সমাধান অনেক সহজ হবে। কারণ, বর্তমানে শেষ অমীমাংসিত বিষয়টি নিয়ে সমঝোতায় পৌঁছানোর কোনো পথ নেই।
সমঝোতা না হলে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেন কুশনার। তিনি বলেন, ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে। সামান্য ভুল হিসাবের কারণেই সংঘাত ব্যাপক আকার ধারণ করতে পারে। কুশনারের ভাষ্য, যুদ্ধের অবসান ঘটিয়ে ইউক্রেনকে সার্বভৌম, নিরাপদ, সমৃদ্ধ ও স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই চূড়ান্ত লক্ষ্য। দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারবে, যুদ্ধ-পরবর্তী অর্থনীতি পুনর্গঠনের পরিকল্পনা থাকবে, পাশাপাশি থাকবে বিশ্বাসযোগ্য নিরাপত্তার নিশ্চয়তা ও শক্তিশালী প্রতিরোধ সক্ষমতা। তাঁর মতে, এমন পরিস্থিতি ইউক্রেন ও ইউরোপের জন্য হবে বিশাল বিজয়।




