ক্রিমিয়ায় ব্যাপক ব্ল্যাকআউট, রাশিয়ার নতুন বড় হামলার আশঙ্কায় সতর্ক জেলেনস্কি

রাশিয়া-অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে বৃহস্পতিবার ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় (ব্ল্যাকআউট) ঘটেছে। এতে গণপরিবহন ব্যাহত হয়েছে এবং বহু মানুষ তাপ সরবরাহ ছাড়া পড়েছেন বলে খবরে বলা হয়েছে। এ ঘটনায় উপদ্বীপের ওপর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিয়ন্ত্রণ নতুন করে চাপের মুখে পড়েছে।
এই ব্ল্যাকআউটের এক সপ্তাহ আগে ইউক্রেনের হামলায় কের্চ প্রণালি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেতুটি রাশিয়ার সেনাদের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ পথ। একই সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছেন, মস্কো ইউক্রেনে আরেকটি বড় আকারের হামলার প্রস্তুতি নিচ্ছে।
রাশিয়া-নিয়ন্ত্রিত বিদ্যুৎ কর্তৃপক্ষ ব্ল্যাকআউটের জন্য অঞ্চলের বাইরের জ্বালানি স্থাপনায় একটি দুর্ঘটনাকে দায়ী করেছে। এর আগে কৃষ্ণসাগর উপদ্বীপজুড়ে বিস্ফোরণ ও বিমান হামলার সাইরেনের খবর পাওয়া গিয়েছিল।
জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া দেশটির জ্বালানি অবকাঠামো, লজিস্টিক নেটওয়ার্ক ও অপরিহার্য সেবা লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার একটি সমন্বয় বৈঠকের পর তিনি এক্সে লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত রাশিয়ানরা ইতিমধ্যে নতুন একটি ব্যাপক হামলার প্রস্তুতি সম্পন্ন করছে।’
বৃহস্পতিবার রাতের ভিডিও ভাষণে জেলেনস্কি বাসিন্দাদের সতর্ক থাকতে আহ্বান জানিয়ে বলেন, ‘আসন্ন দিনগুলোতে ক্ষেপণাস্ত্র হুমকির সতর্ক সংকেতের দিকে দয়া করে মনোযোগ দিন।’ তিনি আরও বলেন, ‘আর রাশিয়ায় তাদের জানা উচিত, আমাদের যা কিছু, আমরা তা পুনর্নির্মাণ করব এবং প্রতিটি রুশ হামলার প্রতিশোধ নেব।’
ক্রিমিয়ায় রাশিয়া-নিয়ন্ত্রিত বিদ্যুৎ সরবরাহকারী সেভাস্তোপোলেনারগো জানিয়েছে, সেভাস্তোপোলে বিদ্যুৎ নেই। ইউক্রেনের সংবাদমাধ্যম ইউক্রেইনস্কা প্রাভদার খবর অনুযায়ী, সিমফেরোপোল, কের্চ, আলুশতা ও ইয়েভপাতোরিয়ায় বিদ্যুৎ সীমিত করা হয়েছে।
ইয়েভপাতোরিয়ায় ট্রাম সেবা বন্ধ রয়েছে এবং সিমফেরোপোলের কিছু রুটে ট্রলিবাসের বদলে বাস চলছে। কের্চের কিছু অংশে তাপ সরবরাহ নেই বলেও জানা গেছে। বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের খবরের মধ্যে রাশিয়া-স্থাপিত কর্তৃপক্ষ বিমান হামলার সতর্কতা জারি করেছিল।
অক্টোবরের শেষ দিক থেকে ক্রিমিয়ায় ধারাবাহিক বিঘ্নের মধ্যে এই ব্ল্যাকআউট সর্বশেষ ঘটনা। রুশ কর্তৃপক্ষ এসবের জন্য বিদ্যুৎ অবকাঠামোর ক্ষতিকে দায়ী করেছে।
মস্কো ২০১৪ সালে ক্রিমিয়া সংযুক্ত করে এবং তারপর থেকে উপদ্বীপটিকে ইউক্রেনের বিরুদ্ধে অভিযানের সামরিক ও লজিস্টিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে উপদ্বীপটিকে যুক্ত করা কের্চ প্রণালি সেতু রুশ বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ পরিবহন সংযোগ, আর ২০২২ সালে পুতিন ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে সেতুটি ইউক্রেনের লক্ষ্যবস্তু হয়ে আছে। সেতুটি রাশিয়ার সংযুক্তির পর নির্মিত হয়ে ২০১৮ সালে চালু হয় এবং মস্কোর উপদ্বীপ নিয়ন্ত্রণের প্রতীক হিসেবে দেখা হয়।
এদিকে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, রাতভর রুশ হামলায় রাজধানীতে সাতজন আহত হয়েছেন এবং একটি শপিং সেন্টার ও আরও দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
জেলেনস্কি বৃহস্পতিবার অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা সহায়তার আহ্বানও জানিয়েছেন। তিনি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমস (ন্যাসামস)-এর জন্য ইন্টারসেপ্টরকে মূল অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন। রয়টার্স জানিয়েছে, এ সপ্তাহে এটি দ্বিতীয়বারের মতো জেলেনস্কি আরেকটি বড় রুশ হামলার প্রস্তুতির সতর্কবার্তা দিলেন।




