সেনাদের সঙ্গে থ্যাঙ্কসগিভিং ফোনালাপে ইরান নিয়ে কড়া বার্তা ট্রাম্পের, রাশিয়া-চীনের সমর্থনকে গুরুত্ব দিলেন না
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের কাছে ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে। থ্যাঙ্কসগিভিং ছুটি উপলক্ষে মার্কিন সেনা সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি তেহরানের প্রতি রাশিয়া ও চীনের সমর্থনকে গুরুত্ব না দিয়ে উড়িয়ে দেন।
বৃহস্পতিবার ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি’ না থাকলে ইরান ইসরায়েলসহ এই অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাতে পারে। তিনি বলেন, ‘আমাদের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই। কিন্তু আমাদের যেটা প্রয়োজন, সেটা হলো মধ্যপ্রাচ্যে শান্তি প্রয়োজন।’ ওপেক মন্ত্রীদের রোববার বৈঠকে বসে ২০২৭ সালের তেল উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এই অঞ্চলজুড়ে মোতায়েন থাকা মার্কিন সেনা সদস্যদের ফোন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাঁদের ভূমিকার প্রশংসা করেন। এদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটি ও সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটির সেনা সদস্যরাও ছিলেন। ট্রাম্প বলেন, ‘ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র পায় না, তা নিশ্চিত করার মধ্য দিয়ে আপনাদের প্রত্যেকে শুধু আজ আমাদের দেশকেই নয়, ভবিষ্যৎ প্রজন্মের আমেরিকানদেরও রক্ষায় অপরিহার্য ভূমিকা পালন করছেন।’
যুক্তরাষ্ট্র ইরানে আবার হামলা চালাবে কি না—এমন প্রশ্নে প্রেসিডেন্ট বলেন, ‘আমরা যদি কিছু করি, তাহলে অবশ্যই পিকঅ্যাক্স মাউন্টেনে আঘাত হানব।’ ট্রাম্প সাংবাদিকদের আরও বলেন, তিনি গত কয়েক দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখনো ইরানকে আলোচনার সুযোগ দিয়ে রেখেছে। তিনি বলেন, ‘আমরা ভালো আচরণ করার চেষ্টা করছি। আমরা তাদের চুক্তি করার এবং অনেক জীবন বাঁচানোর প্রতিটি সুযোগ দিচ্ছি, কিন্তু তারা সেই সুযোগ নেবে কি না, আমি নিশ্চিত নই।’
রাশিয়া ও চীন ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করছে—এমন খবরের মাঝে ট্রাম্প তার গুরুত্ব খাটো করে দেখেন। এসব প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই দেশ তেহরানকে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার লক্ষ্য নির্ধারণে সহায়তা করেছে। ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট শির সঙ্গে আমার বৈঠকটি ছিল অবিশ্বাস্য একটি বৈঠক। আমার মনে হয়, ইরানের সঙ্গে তাদের সম্পৃক্ততা খুবই সামান্য। তারা জড়িত হতে পারে, কিন্তু আমার কাছে জড়িত হওয়া মানে গুলি চালানো, তাদের ছোটখাটো তথ্য দেওয়া নয়।’ সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমরাও একই কাজ করি। আর জানেন তো, তারা আমাদের ওপর নজরদারি করতে পারে বলা হলে—আমরাও তাদের ওপর নজরদারি করি।’
ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এল, যখন ইরান এই অঞ্চলজুড়ে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা বাড়িয়ে দিয়েছে। শনিবার বাহরাইন একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানি হামলার খবর দেয়, আর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করে, তারা দেশটিতে মার্কিন বিমান প্রতিরক্ষা রাডারগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
কুয়েত বৃহস্পতিবার জানায়, একটি ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ ইরানি ড্রোন হামলায় দুই ইতালীয় কর্মী নিহত ও আরও চারজন আহত হয়েছেন। তবে ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে তেহরান।
মোতায়েন থাকা সেনা সদস্যদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনারা এই মোতায়েন চালিয়ে যাবেন, আর বিজয় আমাদের হাতের নাগালে।’ ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, বিজয় তখনই আসবে, যখন আমি চাইব।’




