‘জাতীয় নিরাপত্তা’র কারণ দেখিয়ে জাতিসংঘের বিশেষ দূত আলবানিজকে ঢুকতে দিল না কোস্টা রিকা
কোস্টা রিকা ‘জাতীয় নিরাপত্তা’ ঝুঁকির কারণ দেখিয়ে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজকে দেশে প্রবেশে বাধা দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, আগের দিন হুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে থামিয়ে আটকে রাখা হয়। শুক্রবার আলবানিজ এই আটকের ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে তীব্র সমালোচনা করেন।
কোস্টা রিকার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক ওমের বাদিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বলেন, আলবানিজকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার’ কারণে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক সতর্কতা জারি থাকায় দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে কোন দেশ সেই সতর্কতা জারি করেছে, তা তিনি নির্দিষ্ট করে বলেননি।
বাদিয়া বলেন, ‘এটা লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে, জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে থাকলে, যেমনটা এই ক্ষেত্রে ঘটেছে, আমাদের পুলিশ কর্তৃপক্ষ আইনি ব্যবস্থার বিধান কঠোরভাবে প্রয়োগ করে।’
আলবানিজকে ২০২২ সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদ বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়। অন্য স্বাধীন বিশেষজ্ঞদের মতো তিনিও জাতিসংঘের পক্ষে কথা বলেন না। তিনি কোস্টা রিকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও মানবাধিকারকর্মের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট গ্রহণের জন্য দেশটিতে যাচ্ছিলেন।
গাজা ও অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের পক্ষে তাঁর অবস্থান এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও অন্যান্য যুদ্ধাপরাধের অভিযোগ তোলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ তার মিত্রদের কড়া বিরোধিতার মুখে পড়েছেন আলবানিজ। ওয়াশিংটনের গাজা নীতির সমালোচনা করার পর যুক্তরাষ্ট্র তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
বিমানবন্দরে আটক থাকা অবস্থায় স্থানীয় সংবাদমাধ্যমকে আলবানিজ বলেন, তাঁর আটক ‘লজ্জাজনক’ ও ‘ভয়াবহ’। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘সাম্রাজ্যের আসল চেহারা দেখা যায় যেদিন আপনি তার স্নায়ুতে আঘাত করেন কিংবা সীমানা অতিক্রম করেন।’
ছাত্র সংবাদমাধ্যম সেমানারিও উনিভেরসিদাদকে আলবানিজ বলেন, তিনি বুঝতে পারছেন তাঁর নাম যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আছে, কিন্তু তাতে কোস্টা রিকা কেন তাঁকে আটক করবে তার ব্যাখ্যা মেলে না। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রে নেই। আমরা কোস্টা রিকায় আছি। কোস্টা রিকা কি সার্বভৌম দেশ নয়?’ তিনি আরও জানান, তাঁর জানা একমাত্র দেশ যেখানে তিনি ঢুকতে পারেন না, তা হলো ইসরায়েল—দেশটি ২০২৪ সালে তাঁকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করেছিল।
কোস্টা রিকার প্রেসিডেন্ট লরা ফের্নান্দেস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক গড়ার দিকে এগিয়েছেন।
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সামাজিক যোগাযোগমাধ্যমে কোস্টা রিকার প্রশংসা করেছেন। তিনি লেখেন, যারা জাতিসংঘের দায়িত্ব ব্যবহার করে ‘জঘন্য প্রচারণা’ ছড়ায়, সন্ত্রাসী সংগঠনগুলোকে বৈধতা দেয় এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিরাম হেয় করে, তাদের পরিণতি ভোগ করা উচিত।




