জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬তম প্রজাপতি মেলা, প্রাণ-প্রকৃতি সংরক্ষণের আহ্বান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ১৬তম প্রজাপতি মেলা। ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’—এই প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার দিনব্যাপী এই মেলায় প্রাণ ও প্রকৃতি সংরক্ষণের আহ্বান জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে মেলাটির আয়োজন করে।
মেলায় সাদা জালের তৈরি একটি ছোট ঘরে বিভিন্ন প্রজাতির জীবন্ত প্রজাপতি রাখা হয়। প্রজাপতি ও প্রকৃতিকে কাছ থেকে বুঝতে ও উপভোগ করতে মেলায় হাজির হন অসংখ্য দর্শনার্থী। আয়োজকদের ভাষ্য, ফুল থেকে মধু আহরণের ছলে প্রজাপতি পরাগায়নের সেতুবন্ধন তৈরি করে, যা প্রকৃতিতে নতুন প্রাণ ও ফসলের সূচনা ঘটায়—এ সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই এই আয়োজন।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘উন্নয়নের নামে গাছপালা কেটে ফেলা বন্ধ করতে হবে এবং প্রাণ-প্রকৃতি সুরক্ষায় আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে পরিবর্তন আনতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি দায়িত্বে থাকা অবস্থায় আর কোনো অপরিকল্পিত গাছ কর্তন করতে দেওয়া হবে না।’
উপাচার্য আরও বলেন, ‘প্রকৃতি সংরক্ষণ করা আমার জীবনের সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা ক্যাম্পাসে এমন প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রজাপতিকে কৃত্রিম নেটের মধ্যে নয়, বরং ফুল ও গাছের সান্নিধ্যে মুক্তভাবে দেখা যাবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা। এ ছাড়া উপস্থিত ছিলেন আইইউসিএনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা হোসাইন, বন অধিদপ্তরের কর্মকর্তারা এবং অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।
মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, ‘প্রজাপতি কীভাবে গাছপালা থেকে মধু সংগ্রহ করছে, কীভাবে ডিম দিচ্ছে—এসব বিষয়ে জানা যাবে। বিশেষ করে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রজাপতির ঘুড়ি ওড়ানো, বিতর্কসহ সারাদিনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটি দিন প্রজাপতি সংরক্ষণে ভূমিকা রাখব ও সহায়তা করব—এই আশা ব্যক্ত করছি।’
সকাল সাড়ে ১০টার দিকে প্রজাপতি বিষয়ক পুরস্কার প্রদান ও ‘লার্ভাল হোস্ট প্লান্টস অব বাটারফ্লাইস ইন বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বইটিতে ৫০টি প্রজাপতির লার্ভা ও পোষক গাছের ছবিসহ প্রজাপতির বায়োলজি ও শনাক্তকারী জিনভিত্তিক তথ্য রয়েছে। এরপর র্যালি ও প্রজাপতির অরিগ্যামি প্রদর্শন করা হয়।
শিশু-কিশোরদের জন্য ছিল প্রজাপতি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। মেলার অন্যতম আকর্ষণ ছিল কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের পাপেট শো ও বায়োস্কোপ। এ ছাড়া মিলনায়তনসংলগ্ন ছবি চত্বরে দিনব্যাপী প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
দুপুর দুইটায় শুরু হয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। পাশাপাশি ছিল প্রজাপতি চেনা প্রতিযোগিতা ও প্রজাপতি বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী। বিকেল সাড়ে তিনটায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শেষ হয়।
এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে গবেষক, আলোকচিত্রী ও গণমাধ্যমকর্মীসহ ১০ জনকে পুরস্কৃত করা হয়েছে। প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য পানিসম্পদ বিশেষজ্ঞ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষক অধ্যাপক ড. আইনুন নিশাতকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। ‘বাটারফ্লাই ইয়াং এনথুয়াসিস্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন বন্যপ্রাণী গবেষক নাবিলা জামান জ্যোতি।
আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করায় যথাক্রমে অরুণাভো ব্রুনো, মাসুক আহাম্মেদ ও ইকবাল এইচ বাবুকে পুরস্কৃত করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণে অবদানের জন্য ‘মিডিয়া অ্যাওয়ার্ড’-এর ব্রডকাস্ট ক্যাটাগরিতে এনটিভির জাবি প্রতিনিধি আকিব সুলতান অর্ণব, প্রিন্ট ক্যাটাগরিতে যৌথভাবে দৈনিক যায়যায়দিনের ওসমান সরদার ও দৈনিক ইত্তেফাকের বেনজির হোসেন এবং ডিজিটাল ক্যাটাগরিতে যৌথভাবে দৈনিক বণিক বার্তার মো. আতাউর রহমান ও দৈনিক নিউ এইজের সাগর হোসাইনকে পুরস্কৃত করা হয়।




